শায়লার প্রথা ভাঙার স্বপ্ন

নিউইয়র্কে যারা বাংলাদেশি কমিউনিটিতে প্রজ্ঞায়, শৈল্পশৈলীতে নিজেকে জোরালোভাবে উপস্থাপন করেন, তাদের শুরুর গল্পটা কিন্তু সহজ ছিল না। এ রকমই একজন শায়লা আজিম। নিজের যোগ্যতা ও দক্ষতায় তিনি নিজেকে ভালো সংগঠক হিসেবে গড়ে তোলেন।
নিউইয়র্কের বাঙালি পরিমণ্ডলের একজন প্রাজ্ঞব্যক্তিত্ব। পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী, নেশায় বিউটি স্কুলের প্রতিষ্ঠাতা, টিভি উপস্থাপিকা, ফ্যাশন ডিজাইনার ও সংগঠক।
যেকোনো মানুষের জীবনে তাঁর কর্মের স্বীকৃতি খুব জরুরি একটি বিষয়। এই স্বীকৃতি মানুষকে মোটিভেট করে। সফল উদ্যোক্তা বা সংগঠক হিসেবে নিউ আমেরিকান ফোরাম, নিউ ডেমোক্র্যাট ক্লাব, নিউ আমেরিকান উইমেন্স ফোরাম সম্প্রতি তাঁকে পুরস্কার দিয়েছে।
স্বপ্ন সবাই দেখে, তবে কেউ কেউ স্বপ্ন দেখায়। শায়লা আজীম একজন সত্যিকারের স্বপ্ন দেখানো মানুষ। তিনি বিয়ের পর ইমিগ্রান্ট হয়ে ১৯৮৯ সালে নিউইয়র্ক আসেন। বড় ছেলে কোলে নিয়ে নতুন দেশে আগমন। দেশে ছেলের জন্মের কিছুদিন পর জানতে পারেন, ছেলে তার স্পেশাল নিড চাইল্ড। প্রথম সন্তানের এই দুঃখজনক খবরটা জানার পর ভেতরে-ভেতরে ভেঙে পড়েন। দেশে অটিজম শব্দটি তখনো প্রচলিত ছিল না। তবে এ দেশে আসার পর মনের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন। পড়ালেখা শুরু করলেন অটিজম নিয়ে। ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করেন ছেলের চিকিৎসা। নিউইয়র্ক এসে প্রথম সাত/আট বছর বাচ্চাদের পেছনে সময় ব্যয় করেন। পরে তার আরও দুটো সন্তান হয়। একটি ছেলে আর একটি মেয়ে।
আমেরিকায় প্রথম আসার পর পরিবেশ, আবহাওয়া ও ভাষাগত যে সমস্যা হয়, তার জন্য এখানে এসে সবাই একটু কুঁকড়ে থাকে। ভাষা হলো যোগাযোগের মাধ্যম। নিজেকে প্রকাশের মাধ্যম। বাংলা আমাদের মাতৃভাষা। ইংরেজি দ্বিতীয় ভাষা হলেও বলতে আমাদের অনেক অসুবিধা হয়। ধাতস্থ হতে কিছুটা সময় লাগে। কারণ বাংলায় কথা বলে আমরা অভ্যস্ত। যতই দেশের ডিগ্রি থাকুক না কেন। আর নিউইয়র্ক হলো মাল্টিকালচারাল সিটি। হরেক রকম বাচনভঙ্গির ইংলিশ এখানে বলা হয়। স্ট্রিট ল্যাঙ্গুয়েজ, ব্রুকলিন ল্যাঙ্গুয়েজ, সিটি ল্যাঙ্গুয়েজ—আরও কত কী!
শায়লা আজিম খুলনার মেয়ে। খুলনা গভ. গার্লস স্কুল থেকে ম্যাট্রিক। খুলনা গভ. গার্লস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন।
বাংলাদেশ টেলিভিশনে কাজ করার সময় জেরিনা আজগরের বিউটি পারলারে গিয়ে অনুপ্রাণিত হন এবং ভারতে গিয়ে বিউটিফিকেশন কোর্স করে এসে বিউটি স্কুল চালু করেন। মে ফেয়ার নামে বিউটি স্কুল চালু করেন বেইলি রোডে। যদিও পরিবার থেকে, মা-বাবা থেকে বাধা এসেছিল। বাবা–মা চাচ্ছিলেন না এ পেশায় মেয়ে জড়াক। পরে বড় বোনের সহায়তায় তিনি সেটি চালিয়ে যান। পাশাপাশি বিউটি পারলারও চালু করেন। সে সময় কয়েকটা চায়নিজ বিউটি পারলার ছাড়া আর কোনো পারলার ছিল না।
প্রথম থেকেই ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন শায়লা। মিডিয়ার নজর কাড়েন। পরে আমেরিকায় চলে আসলেও প্রিয়দর্শিনী নামে পারলারটি চালু ছিল। ১৯৮৯ সালে নিউইয়র্কে আসেন। প্রথম সাত/আট বছর বাচ্চাদের পেছনে সময় ব্যয় করেন। যেহেতু বড় ছেলেটি স্পেশাল চাইল্ড, তাই বাচ্চার দিকেই সব মনোযোগ দিলেন। নিউইয়র্কে স্পেশাল চাইল্ডদের জন্য সুযোগ-সুবিধা অনেক। তিনিও নিজেকে শক্ত করে তুললেন। তবে ধীরে ধীরে নিজেকে ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তৈরি করতে লাগলেন। বিউটি পারলারের সার্টিফিকেট নিয়ে পারলার দিলেন সঙ্গে বুটিকের ব্যবসা। এ দেশে লাইসেন্স ছাড়া কোনো কাজই শুরু করা যায় না।
যুক্তরাষ্ট্রে প্রথম ইন্টেরিয়র ডেকোরেশনের ওপর সার্টিফিকেট নিয়ে ২০০১ সালে মেসিজে চাকরি নেন। ২০০১-২০০৩ সালে এ দেশের প্রায় পাঁচ শ বাড়ি তার নিজের ইন্টেরিয়র ডিজাইনে সাজানো। এই কাজ করতে করতেই পরে তার মধ্যে ভাবনা আসে, শুধু বাড়ি সাজানো কেন? বাড়ি বিক্রি কেন নয়। তখন তিনি রিয়েল এস্টেট এজেন্টের লাইসেন্স নিতে উঠে–পড়ে লাগলেন। রিয়েল এস্টেট এজেন্টের লাইসেন্স নেওয়ার পরীক্ষায় দুইবার অকৃতকার্য হন। তবুও দমে যাননি। তৃতীয়বার ঠিকই পাস করেন, ২০১৪ সালে রিয়েল এস্টেট লাইসেন্স পেয়েছেন। ছোট ছেলে যখন বলছিল যে, বাদ দাও মা, এটা তোমার জন্য নয়। তখন তার ভেতর জেদ চেপে যায়। অবশেষে তিনি লাইসেন্স পেয়েছেন। রিম্যাক্স নামক একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে কাজ করছেন এবং রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন।
অটিজম নিয়ে বাংলাদেশে তাঁর বন্ধুদের পরিচালিত তিনটি স্কুলের সঙ্গে জড়িত শায়লা। অটিজম একটি রোগ। জিনের আসর বা পাগলামি না। একটি নির্দিষ্ট উপায়ে নিয়মতান্ত্রিকভাবে এর চিকিৎসা চললে ভালো ফলাফল আসতে পারে। অটিজম নিয়ে বাংলাদেশে আরও কাজ করতে আগ্রহী।
বুটিক শপ চালু করেন ২০১০ সালে। প্রথমে বন্ধুদের নিয়ে ঘর থেকে শুরু করেন। ‘বিওন বিউটি’ নামে পারলার শুরু করলেন। ‘দুলহান এক্সপোর’ মতো বাংলাদেশি একটি বিবাহ-এক্সপোর স্বপ্ন দেখা শুরু করলেন। এরপর বড় আকারে বিয়ের আয়োজনের সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে এমন একটি এক্সপোর দিকে মনোযোগ দিলেন। পাশাপাশি বুটিক চালাতেন। চার বছর পর নানা প্রতিকূলতার কারণে বুটিকটি বন্ধ হয়ে যায়। তবে এক্সপোর স্বপ্ন শায়লা এখনো দেখেন। যেখানে ঢুকলেই বিয়ের সব সরঞ্জাম হাতের নাগালে পেয়ে যাবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। গুলশান ক্লাবে প্রায় ৫০টি অনলাইন ভিত্তিক শপিং কোম্পানিকে একত্রিত করে দুই দিনব্যাপী মেলার স্পনসর করেন শায়লা।
১২ বছর আগে স্বামী মারা যান। তারপর তিন সন্তানসহ সংগ্রাম করে পৌঁছেছেন আজকের এই পর্যায়ে। মেসিসের ফার্নিচার সেকশনে কাজ করতে করতেই স্বপ্ন বোনেন রিয়েল এস্টেট ব্যবসার।
তথ্য সংগ্রহের জন্য প্রথম আলোর পক্ষ থেকে যখন শায়লার কাছে টেক্সট করা হয়, তখন তার বড় স্পেশাল চাইল্ড বাচ্চাটিকে নিয়ে তিনি স্টনিব্রুক হাসপাতালের জরুরি বিভাগে যাচ্ছিলেন। বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। তার মধ্যে ছেলের ঠান্ডা লেগে জ্বর। নিজে ড্রাইভ করে নিয়ে গেলেন। রাত জেগে হাসপাতালে থাকলেন। সকালে অ্যান্টিবায়োটিকসহ ছাড়পত্র দিলে বাসায় ফিরলেন। স্বামীর মৃত্যুর পর একাকী একজন সিঙ্গেল মাদার একটি স্পেশাল চাইল্ডসহ আরও দুটি সন্তান মানুষ করেছেন। স্বপ্ন দেখছেন বাংলাদেশে একটি বিবাহ-এক্সপো করবেন, যেন এক জায়গায় বিয়ের সব কিছু মানুষ কেনাকাটা করতে পারবে।
প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের মেয়েরা যে বর্তমানে আশির দশকের তুলনায় অনেক এগিয়ে গেছে, সে জন্য শায়লা আজিম গর্বিত। স্বপ্ন সেটাই, যা অহর্নিশি মানুষকে ঘুমাতে দেয় না। সে রকমই এক স্বপ্ন বুকে নিয়ে শায়লা এগিয়ে চলেছেন। এখন রিয়েল এস্টেট এজেন্ট, তবে অদূর ভবিষ্যতে তিনি রিয়েল এস্টেট ব্যবসা করতে আগ্রহী। প্রচণ্ড ধৈর্য ও পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া তার মূল মন্ত্র।