যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শহর শিকাগোর পুলিশ বর্ণবাদমূলক পক্ষপাত দেখায় এবং সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তিপ্রয়োগের ‘পন্থা’ অনুসরণ করে থাকে। মার্কিন বিচার দপ্তরের এক অনুসন্ধানে এ কথা বেরিয়ে এসেছে। শিকাগোর পুলিশ বাহিনীর ওপর এক বছরব্যাপী চালানো অনুসন্ধানের পর গত শুক্রবার প্রকাশিত বিচার দপ্তরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক নজির পাওয়া যায়।
কৃষ্ণাঙ্গ কিশোর লাকুয়ান ম্যাকডোনাল্ডকে শ্বেতাঙ্গ এক পুলিশ সদস্যের গুলি ছোড়ার ভিডিও প্রকাশের জের ধরে ২০১৫ সালে বিচার দপ্তর ওই তদন্ত শুরু করে। ১৩ মাসের অনুসন্ধানের পর প্রতিবেদনে বেরিয়ে আসে, পুলিশ বাহিনীর সঠিক প্রশিক্ষণের অভাব মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ। এতে আরও বলা হয়, শিকাগো শহরে পর্যাপ্ত কমিউনিটি পুলিশ নেই। সেখানকার পুলিশ কর্মীদের যে সহায়তা দরকার, তা তাঁরা পান না।
অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে শিকাগোর পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কার করা হবে। এ জন্য শিকাগো শহর বিচার দপ্তরের সঙ্গে মিলে কাজ করবে।
শিকাগো যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক উত্থানস্থল হিসেবে পরিচিত। দুই মেয়াদে ক্ষমতায় থাকার সময় মার্কিন সমাজে বর্ণগত বিভেদ দূর করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছিল ওবামার অন্যতম অঙ্গীকার।
আদালতের নির্দেশে প্রকাশ করা ভিডিওটিতে দেখা যায়, কৃষ্ণাঙ্গ কিশোর ম্যাকডোনাল্ডকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জ্যাসন ভ্যান ডাইক ১৬ বার গুলি করেন। এতে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ পুলিশ দপ্তর শিকাগো পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ভ্যান ডাইক এখন বিচারের মুখোমুখি।
দেশজুড়ে পুলিশের কথিত বর্ণবাদী আচরণের প্রেক্ষাপটে এ নিয়ে ওবামা প্রশাসন নাগরিক অধিকারের দৃষ্টিকোণ থেকে বেশ কিছু তদন্তকাজ চালিয়েছে। তবে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এ কাজ অব্যাহত রাখবেন কি না তা নিশ্চিত নয়। কেননা ট্রাম্প নির্বাচনী প্রচারণায় আক্রমণাত্মক পুলিশ বাহিনীর পক্ষেই কথা বলে এসেছেন। তাঁর অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পাওয়া জেফ সেশনস সিনেট শুনানিতে বলেন, এ ধরনের তদন্ত পুলিশ কর্মকর্তাদের সম্মান নষ্ট করতে পারে।