শিকাগো বৈশাখী মেলায় প্রথম আলো

বৈশাখের সাজে সেজেছিলেন যুক্তরাষ্ট্রের শিকাগো নগরের প্রবাসী বাংলাদেশিরা। গত শনিবার প্রবাসীরা নববর্ষ উদ্যাপন করেন। নগরের প্রিস্কো কমিউনিটি সেন্টারে আয়োজিত বৈশাখী মেলায় বসেছিল প্রথম আলো উত্তর আমেরিকার স্টল। আড্ডা, গান ও দেশজ খাবারে জমে ওঠে উৎসব।
প্রবাসীরা বলেছেন, এই একটি দিনে প্রবাসে থেকেও বাংলা আর বাংলাদেশের সংস্কৃতিকে বড় বেশি অনুভব করেন তাঁরা।

দূরদেশে থেকেও প্রথম আলো পত্রিকার উত্তর আমেরিকা সংস্করণ দেখে বৈশাখী মেলায় আসা প্রবাসীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারা প্রবাসেও বিস্তৃতি লাভ করুক—এমন প্রত্যাশা করেন। প্রবাসীরা জানান, প্রতিদিন দেশের খবর নিতে, এমনকি বিশ্বের খবর নিতে তাঁরা প্রথম আলো একবার অনলাইনে দেখে নেন। নানা বৈরী বাস্তবতা মোকাবিলা করে উত্তর আমেরিকায় প্রথম আলোর ছাপা সংস্করণ নিয়ে আসার বিষয়কে এক দুঃসাহসী অভিযাত্রা বলে উল্লেখ করেন।
প্রথম আলো উত্তর আমেরিকার ছাপা সংস্করণ ঘরে বসে ডাকযোগে পাওয়া এবং এর সঙ্গে জড়িত হওয়ার বিষয়ে প্রবাসীরা খোঁজখবর নেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনগুলো তাদের বিজ্ঞাপন নিয়েও প্রথম আলো স্টলে এসে কথা বলে।

বৈশাখী মেলায় শিকাগো নগরী এবং আশপাশে বসবাসরত প্রবাসীদের সপরিবারে উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে মেলায় আসা প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন নর্দান লাইটস মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ইকবাল আনোয়ার। মেলায় বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আলী আহমেদ, আবদুল মান্নান, রন মতিন, রাহাত বারি, মাহমুদুল কাহির, মীর জাকারিয়া, আবু ইকবাল কবির, রেজওয়ান ইসলাম, তারিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রিথম ফটোগ্রাফির শান্তনু এবং তানিয়া মেলায় আসা প্রবাসীদের ছবি তোলেন। বাংলা জনপ্রিয় গানের সঙ্গে সান্তনু ও লুতফার যৌথ নৃত্য প্রবাসীরা উপভোগ করেছেন। মৌটুসীর একক নৃত্যের প্রশংসা করেছেন দর্শকেরা। মেলা থেকে আয়ের অর্থ অনগ্রসর শিশুদের কল্যাণ তহবিলে দান করার ঘোষণা দেওয়া হয়।

মেলার অন্যতম সংগঠক ছিলেন মনসুর আলম ও অপূর্ব ইসলাম। নাচ, গান ও কবিতায় জমজমাট সাংস্কৃতিক পর্বটি পরিচালনায় ছিলেন ফৌজিয়া জামান ও অপূর্ব ইসলাম।