শিকাগোতে হামলাকারী নারীর ছদ্মবেশে পালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলাকারী বন্দুকধারী রবার্ট ই ক্রিমো থ্রি
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের শিকাগো শহর ৪ জুলাই স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় গুলি চালানোর অভিযোগে রবার্ট ক্রিমো (২১) নামের এক তরুণের বিরুদ্ধে সাতটি খুনের অভিযোগ আনা হয়েছে। লেক কাউন্টি স্টেট অ্যাটর্নি এরিক রিনেহার্ট বলেন, হত্যাকাণ্ড ঘটানোর অপরাধে ক্রিমোকে শাস্তি দেওয়া হবে। হামলার পর নারীর ছদ্মবেশে ক্রিমো পালিয়ে যান। খবর বিবিসির

গত সোমবার হাইল্যান্ড পার্কে ওই হামলা হয় বলে জানান কর্মকর্তারা। এতে ৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। রিনেহার্ট আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আরও কয়েক ডজন অভিযোগ আনা হবে।

গতকাল মঙ্গলবার ক্রিমোর বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে রিনেহার্ট বলেন, ‘ক্রিমোর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে এটিই প্রথম। আমি জোর দিয়ে বলছি, তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে।’

ক্রিমোর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি ভিড় লক্ষ্য করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বন্দুক থেকে ৭০টি গুলি করেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে পালাতে তিনি নারীর ছদ্মবেশ নেন। গত সোমবার আট ঘণ্টার তল্লাশি শেষ ক্রিমোকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে হামলায় ব্যবহৃত একই রকম আরেকটি বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বাড়িতে আরও তিনটি বন্দুক পাওয়া যায়।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে এর আগে দুবার তিনি আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েন। তবুও গত এক বছরে তিনি পাঁচটি বন্দুক কিনতে সক্ষম হয়েছেন। ২০১৯ সালের এপ্রিলে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁর বাড়িতে পুলিশ ডাকা হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে পরিবারের একজন সদস্য পুলিশকে ফোন করেছিলেন, ক্রিমো সবাইকে হত্যার হুমকি দিয়েছেন। পুলিশ ওই সময় তাঁর বাড়ি থেকে ১৬টি ছুরি, একটি চাকু ও একটি তলোয়ার উদ্ধার করে। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি বা কোনো পদক্ষেপ নেয়নি।

ইলিনয় রাজ্য পুলিশ জানায়. ক্রিমোর বাবা ২০১৯ সালের ডিসেম্বরে ক্রিমোকে আগ্নেয়াস্ত্র কিনে দেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। তবে তাঁর চাচা শিকাগো সানকে দেওয়া এক বিবৃতিতে তা অস্বীকার করেন।