শিকাগোয় সহিংসতায় ১০১ জন গুলিবিদ্ধ
স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে যুক্তরাষ্ট্রর শিকাগো অঙ্গরাজ্যে ১০১ জন গুলিবিদ্ধ হয়েছেন। অঙ্গরাজ্যটির স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
শিকাগো ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিনের ছুটির মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে মঙ্গলবার। এ সময়ে হওয়া মোট গুলিবর্ষণের ঘটনার প্রায় অর্ধেকই হয় ওই দিন স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত, মাত্র ১২ ঘণ্টার মধ্যে। চার দিন ধরে হওয়া এ সহিংসতায় অঙ্গরাজ্যটিতে শতাধিক ব্যক্তি আহত হন। ১৩ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ কেউ এর থেকে রেহাই পায়নি। সবচেয়ে বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে শিকাগোর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১ হাজারেরও বেশি বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করে শিকাগো কর্তৃপক্ষ। কিন্তু তারপরও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা রোধ করা যায়নি। বরং ২০১৬ সালের তুলনায় এ বছর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বেশি ঘটেছে। গত বছর স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে অঙ্গরাজ্যটিতে তিন দিন ধরে চলা গুলিবর্ষণে ৬৬ জন গুলিবিদ্ধ হয়েছিল।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শিকাগোয় মোট ১ হাজার ৮০০ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে ট্রিবিউনের ওই প্রতিবেদনে জানানো হয়েছে। শিকাগো পুলিশের তথ্যমতে, স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এ বছর গুলিবর্ষণে আগের বছরের চেয়ে বেশি মানুষ আহত হলেও মোট হিসাবে এ পরিমাণ ১৪ শতাংশ কমেছে। গত বছর একই সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে মোট ২ হাজার ৩৫ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিল।