শিক্ষা ব্যবস্থায় কঠিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। সম্মিলিত নির্দেশাবলির সঙ্গে নতুন বছরে স্কুলগুলোতে আবার ক্লাস শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইন-পারসন ও রিমোট—দুটির সংমিশ্রণ এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে শিক্ষাদান ও গ্রহণে অনিশ্চিত সময়ের মুখোমুখি হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকেরা।

করোনায় ১ লাখ ৮০ হাজারের বেশি মৃত্যুর পর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসকেরা দেশব্যাপী দূরবর্তী শিক্ষায় জোর দিয়েছেন। মহামারি চলাকালে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের শিক্ষিত করার এটিই সর্বোত্তম উপায় বলে মনে করা হলেও এই পরিবর্তনে আলোচনা ও মতানৈক্য রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার চালু করা না হলে ৫.৬ মিলিয়ন অভিভাবককে সন্তানদের দেখাশানায় বাসায় থাকতে হচ্ছে, ফলে তাঁরা কাজে ফিরতে পারবেন না। ৮ সেপ্টেম্বর থেকে স্কুলের ভবনে ফিরে যাওয়ার পর দুই সপ্তাহের ব্যবধানে শিক্ষক ও স্কুল কর্মচারীদের মধ্যে ৫৫ জনের বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আতঙ্কিত শিক্ষক ইউনিয়ন ও নির্বাচিত কর্মকর্তাদের চাপে মেয়র বিল ডি ব্লাজিও নিউইয়র্ক নগরের স্কুলগুলোতে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির তারিখ পরিবর্তন করেছেন।

২১ সেপ্টেম্বর থেকে থ্রি-কে, প্রি-কে ও ডিস্ট্রিক্ট সেভেন্টি ফাইভের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা স্কুল ভবনে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে। এলিমেন্টারি বা কিন্ডারগার্টেন পর্যায় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ২৯ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে শিক্ষাগ্রহণ শুরু করবে। মধ্য ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে।

বর্তমান অস্থিতিশীল পরিবর্তন ও পরিস্থিতি নিয়ে কথা হয় পিএস-সেভেন্টি ফাইভের শিক্ষক ভিক্টোরিয়া গার্টসের সঙ্গে। তিনি বলেন, ‘কোভিড-১৯–এর এই সময় শিক্ষকদের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করেছে। বাবা–মায়েরা সন্তানদের স্কুলে পাঠাতে তৎপর হচ্ছেন, কারণ তাদেরও কাজে ফিরতে হবে। এতে আমাদের সবার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আর কম্পিউটারে পড়াশোনাও খুব কঠিন শিক্ষার্থীদের জন্য। ব্যক্তিগত সংযোগ ছাড়া পর্দার মাধ্যমে আমরা তাদের কতটুকু সাহায্য করতে পারব, তা একটি প্রশ্ন। সামগ্রিকভাবে, এই পরিস্থিতি খুব দুঃখজনক।’

একই স্কুলের ইএনএলের শিক্ষক লুইস ড্যারিও অর্টিজ বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে স্কুল ভবন বন্ধ হওয়ার পর শিক্ষা ক্ষেত্রে দ্রুত একটা পরিবর্তন এসেছে, যা আগে কখনো আমরা মোকাবিলা করিনি। নতুন শিক্ষাপদ্ধতি, অস্থিতিশীল পরিবর্তন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। তবে নতুন এই শিক্ষাপদ্ধতিতে আমরা শিক্ষকেরা সম্মিলিতভাবে কাজ করছি। আমি বিশ্বাস করি ভবিষ্যৎ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।’

স্কুল সাইকোলজিস্ট ও কাউন্সেলর মিশ্যাল আর ব্রিটো মনে করেন, শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতি খুব প্রয়োজন। তবে এই মুহূর্তে স্কুল ভবনে ফিরে যাওয়া বিপজ্জনক হতে পারে। স্কুলের নৃত্যশিক্ষক কোলিন্স বলেন, ‘আমি খুবই হতাশ। সবকিছুই অপরিকল্পিত। আমি শিক্ষার্থীদের জন্য বিচলিত। আশা করি, শিগগিরই সব আগের মতো হবে এবং আমরা শিশুদের কাছে থেকে উন্নত শিক্ষাদানে সক্ষম হব।’

বর্তমান শিক্ষণ পদ্ধতিতে সন্তানদের প্রভাব ও পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কথা বলেন কয়েকজন অভিভাবক। অনলাইন অ্যাকটিভিস্ট মাসুম আহমেদ বলেন, তাঁর মেয়ে চতুর্থ শ্রেণিতে ও ছেলে কিন্ডারগার্টেনে পড়ে। তিনি মনে করেন, মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দী থেকে বাচ্চাদের মানসিক সমস্যাও দেখা দিতে পারে। তাই অনলাইনে ক্লাস শুরুর কারণে ঘরবন্দী থেকেও বাচ্চারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে পারছে। তিনি বলেন, ‘অনলাইন ক্লাসের অসুবিধা কিছু আছে। প্রথমত ক্লাসের শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি শিক্ষণ প্রক্রিয়ার অনেক মনস্তাত্ত্বিক সুবিধা ও সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অনেক বিষয়ে পড়াশোনায় ঘাটতি থেকে যাচ্ছে। তা ছাড়া ডিভাইসের স্ক্রিনের সামনে দীর্ঘ সময় বসে থাকায় বাচ্চাদের চোখের সমস্যা, মাথাব্যথা এবং ঘাড়ে–পিঠের মেরুদণ্ডে ব্যথা হতে পারে। ক্লাস বা পড়ার অজুহাতে বাচ্চারা ইলেকট্রনিকস ডিভাইসের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে। যেটা একটা বাচ্চার জন্য বা বাবা–মায়ের জন্য খুব একটা সুখকর নয়।’

প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক মুহাম্মদ মনজুরুল হকের ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তিনি ছেলেকে ব্রেন্ডেড লার্নিংয়ে দিলেও তার স্কুল থেকে এখন দূরবর্তী লার্নিংয়ে যুক্ত করা হয়েছে। তিনি মনে করেন, শিশুদের স্কুলে শারীরিক উপস্থিতি দরকার। তবে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, দূরবর্তী শিক্ষণ পদ্ধতিতে অনেক শিশু পড়াশোনায় ফাঁকি দিয়ে ডিভাইসে গেমস খেলার সুযোগ পাচ্ছে। দীর্ঘ সময় কম্পিউটারে বসে থাকাও শিশুর জন্য স্বাস্থ্যকর নয়।’

লেখক স্বপ্ন কুমারের মেয়ে মাহা একাদশ শ্রেণিতে ও ছেলে দোহা সপ্তম শ্রেণিতে পড়ে। তিনি বলেন, ‘আমার ছেলে-মেয়েকে আমি দূরবর্তী শিক্ষণ পদ্ধতিতে রেখেছি। কারণ, এই মুহূর্তে তাদের জীবনের নিরাপত্তা আগে। পড়াশোনায় সামান্য হেরফের হলে সমস্যা নেই। তবে একটি বিষয় লক্ষণীয়, আমাদের অনেক শিশুই এখন মাল্টিটেক্সটিংয়ে অভ্যস্ত হয়ে পড়ছে। অনলাইনে পড়াশোনার পাশাপাশি তারা অন্যান্য ডিভাইসও ব্যবহার করছে নিজেদের খুশি মতো, যা পড়াশোনার ক্ষতি করতে পারে।’

নতুন শিক্ষণ পদ্ধতি, অস্থিতিশীল পরিবর্তন, অনিরাপত্তা, শিক্ষকদের ওপর নির্দেশনা এবং ভবিষ্যৎ নিয়ে শিক্ষক, মনোবিজ্ঞানী ও অভিভাবকদের সঙ্গে আলাপের পর এখানে একটা বিষয় লক্ষণীয়, বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেক শিক্ষক ও অভিভাবক। অনেক অভিভাবকই নিজ সন্তানের নিরাপত্তায় দূরবর্তী শিক্ষণ পদ্ধতি বেছে নিলেও তাতে সন্তুষ্ট নন কেউ কেউ। নিরাপত্তার তাগিদে অনেক শিক্ষক ও শিক্ষার্থী ব্রেন্ডেড লার্নিং থেকে অব্যাহতি নিয়ে দূরবর্তী শিক্ষণ পদ্ধতিতে যুক্ত হচ্ছেন। অনেক শিক্ষক প্রযুক্তির ব্যবহারে অদক্ষ বলে অবসর নিয়েছেন। অভিভাবকেরা নিজেদের সন্তানদের পাঠাতে রাজি হয়েও এখন আতঙ্কে দিনযাপন করছেন।