শিক্ষা শেষে বিদেশিদের চাকরির সুযোগ বন্ধ হচ্ছে
শিক্ষা শেষে আমেরিকায় চাকরি জোগাড় করে ২ বছর বা ২ বছর বাড়তি থাকার সুযোগ সংকুচিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে গত এপ্রিলে এ সংক্রান্ত একটি পরিবর্তন এসেছে, যা সম্প্রতি আমেরিকার অভিবাসন দপ্তর ইউএসসিআইএস-এর ওয়েব সাইটে যোগ করা হয়েছে। ফোর্বস ম্যাগাজিন বলছে, এর মাধ্যমে আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের চাকরি খোঁজার পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে।
আমেরিকায় শিক্ষার্থী ভিসা নিয়ে যেসব বিদেশি আসেন, তারা পড়াশোনা শেষে প্রথমে কোন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন। চাকরি পেলে প্রথমে গ্রিনকার্ড এবং পরে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়। এখন এই রেওয়াজ ভেঙে ফেলতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে, শিক্ষার্থী ভিসায় আসা বিদেশিরা পড়াশোনা শেষে তৃতীয় কোন প্রতিষ্ঠানে যেন তারা কাজ না করতে পারেন, সেই বিধান চালু করেছেন তিনি। এরই মধ্যে আমেরিকার অভিবাসন ও কাস্টসম দপ্তরের সেই পরিবর্তন ইউএসসিআইএস-এ লিপিবদ্ধ করাও হয়ে গেছে। গত এপ্রিলে এই সিদ্ধান্ত হলেও সম্প্রতি তা দৃশ্যমান হয়েছে। নতুন বিধান প্রবর্তনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন এই বার্তা পরিষ্কার করে দিল যে, বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিশ্চিত নিজেদের দেশে ফিরে যেতে হবে।
অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং বা ওপিটি নামে পরিচিত এই বিধান দেওয়া হয় মূলত শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষে এক বছর চাকরি করতে পারেন। তবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই চার বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য প্রাথমিকভাবে আমেরিকায় ১২ মাস অথবা ২৪ মাস বাড়তি বসবাসের বৈধতা দেওয়া হতো। সেই বিধানে পরিবর্তন এনে এমনভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে এই সুযোগ রুদ্ধ হয়ে যায়। তবে ওপিটি সুবিধা নতুন নিয়মেও বহাল রাখা হয়েছে। এতে বলা হয়েছে, সব বিদেশি শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে আমেরিকায় ১ বছর বাড়তি অবস্থান ও চাকরি করতে পারবেন।
বাড়তি দুই বছর বা তিন বছর অবস্থানের বিধানে পরিবর্তন আনার কারণে চার বিভাগের শিক্ষার্থীদের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ঝামেলা বাড়ল। এখন থেকে তাঁদের আমেরিকায় বাড়তি অবস্থানের জন্য অবশ্যই একটি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে লিখিত চাকরির অফার থাকতে হবে। যে প্রতিষ্ঠান নিয়োগের অফার দেবে, তাদের অবশ্যই ই-ভেরিভাই নামক পদ্ধতির মাধ্যমে এগোতে হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানকে যুক্তি সহকারে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে, যে যোগ্যতায় তারা শিক্ষার্থীকে চাকরি দিতে চায়, সেই যোগ্যতার মানুষ বর্তমান কর্মবাজারে পাওয়া যাচ্ছে না। এরপর, ওই শিক্ষার্থীর কাজ-কর্ম এবং নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে ইউএসসিআইএস-এ। এমনকি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে বা করছে সেই প্রতিষ্ঠান থেকে চাকরিদাতাকে নির্দিষ্ট ওই শিক্ষার্থীকে বাড়তি সময় কাজে নিয়োজিত রাখার জন্য অনুমতিও নিতে হবে।
ওয়াশিংটনের কর্মসংস্থানভিত্তিক অভিবাসন আইনজীবী অ্যান্ড্রু গ্রিনফিল্ড ফোর্বস ম্যাগাজিনকে বলেন, নতুন বিধানের ফলে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নির্দিষ্ট শিক্ষার্থীকে কর্মবাজারে টিকে থাকার ব্যাপারে অনুমতি দিতে অনীহা প্রকাশ করতে পারে। অন্যদিকে, এই নীতি পরিবর্তনের ব্যাপারে শিক্ষার্থী, প্রতিষ্ঠান, অভিবাসন পুলিশ আইস—কারও কাছেই এই আইন প্রয়োগের ধরন ব্যাখ্যা করা হয়নি। ফলে পুরো বিষয়টিতে এক ধরনের জটিলতা ও অস্পষ্টতা রয়ে গেছে।
আমেরিকায় প্রতি বছর যে লাখ লাখ বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে আসেন, তাঁদের পড়াশোনা শেষে এই দেশে অবস্থান বা কাজ খোঁজা নিয়ে মূলত চলতি বছরের মে মাস থেকেই নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিয়াটলের একটি অনলাইন ম্যাগাজিন সিয়াটল গ্লোবালিস্ট তাদের এক প্রতিবেদনে বলেছে, শিক্ষাজীবন শেষে যে কাজের ভিসা পাওয়ার সুযোগ আছে, সেই এইচওয়ানবি-বি ভিসা পাওয়াটাও এখন অনেক নিয়মনীতির মধ্যে আটকে যাচ্ছে।
কারণ, যুক্তরাষ্ট্রে প্রতিবছর এইচওয়ান-বি ভিসা ইস্যু করার ক্ষেত্রে নির্দিষ্ট একটি সংখ্যা ঠিক করা হয়। চলতি বছরের ৩-৭ মে পর্যন্ত যখন এইচওয়ান-বি ভিসার আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়, তখন মোট ৮৫ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে সিঙ্গাপুর এবং চিলি, যাদের সঙ্গে এ সংক্রান্ত ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে তাদের জন্য ৬ হাজার ৮০০ ভিসা অনুমোদনের জন্য কোটা নির্ধারিত আছে। বাকিগুলো বিভিন্ন দেশকে ভাগ করে দেওয়া হয়েছে। এ সময় যে লটারি হয়েছে, তাতে ২ লাখ ৩৬ হাজার আবেদন পড়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে, হাজার হাজার ডলার খরচ করে আমেরিকায় পড়াশোনার পরও এ দেশে থাকা বা কাজ জোগাড় করে থাকাটা বিদেশি ছাত্রদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
অবশ্য অন্য কয়েকটি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৬ সাল থেকেই মূলত বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা শেষে চাকরির বিষয়ে কড়াকড়ি আরোপের আলাপ শুরু হয়। ট্রাম্পের এসব নিত্যনতুন বিধিবিধান শুধু ওই সব শিক্ষার্থীর জীবনকেই কঠিন করে তুলছে না, বরং যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজ বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল এবং বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে চলে—তাদের জন্যও নতুন বিপদ ডেকে আনছে।