শিক্ষা-স্বাস্থ্য-পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে দিলীপ নাথের প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ নাথ

ডিস্ট্রিক্ট ২৪ এর বিশেষ নির্বাচনে অধিকাংশ বাংলাদেশি কাউন্সিলম্যান হিসেবে দিলীপ নাথকে দেখতে চান। আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুলসংখ্যক বাংলাদেশি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অনেকেই তাঁর পক্ষে গণসংযোগ শুরু করে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ২৪ এলাকার বিভিন্ন স্থানে দিলীপ নাথের পোস্টার, লিফলেট ও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রচারপত্র বিতরণ চলছে।

ডিস্ট্রিক্ট ২৪ থেকে চারজন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—সোমা সাইদ, মুজিবুর রহমান, মৌমিতা ও দিলীপ নাথ।

দিলীপ নাথ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিক ও সমাজসেবক শরাফ সরকার বলেন, দিলীপ অত্যন্ত শিক্ষিত, পরিশ্রমী এবং আদর্শবান মানুষ। তাঁর প্রতি বাংলাদেশিদের যথেষ্ট বিশ্বাস ও সমর্থন রয়েছে।

অপর সমাজসেবক মো. জহির বলেন, এখানে বাংলাদেশি একাধিক প্রার্থী থাকলেও আমরা দিলীপকে সমর্থন দেব। কারণ দিলীপ অত্যন্ত মেধাবী। তাঁর কারণেই পিএস ১৩১ স্কুলটি স্পেশাল স্কুলের মর্যাদা পেয়েছে।

আফরোজা বেগম নামের একজন ভোটার বলেন, দিলীপ তিনবার কমিউনিটি শিক্ষা কাউন্সিলের মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হলে জ্যামাইকা মুসলিম সিনিয়র সেন্টারের পূর্ণাঙ্গ রূপ দেবেন। এ ছাড়া স্বাস্থ্য খাতকে আরও উন্নত করবেন। তাই আমরা তাঁকেই ভোট দেব।

ডেমোক্রেটিক দলের সমর্থক দিলীপ নাথ ১৬ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সাবেক কাউন্সিলম্যান ররি ল্যাঙ্কম্যান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই আসনে বিজয়ী প্রার্থী আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০০৫ সালে প্রথম নির্বাচনে দিলীপ নাথ জেমস গেনারোর কাছে হেরেছিলেন। দুজন আবার মুখোমুখি হচ্ছেন এবার। আসনটি পেতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন—এই তিনটি মূল বিষয়কে প্রাধান্য দিয়েছেন দিলীপ।

ডিস্ট্রিক্ট ২৬ কমিউনিটি এডুকেশন কাউন্সিলের সদস্য ও পিটিএর সাবেক সভাপতি দিলীপ বলেন, দিনের শেষে শিশুদের শিক্ষিত করা আমার প্রথম অগ্রাধিকার। ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের চ্যান্সেলর রিচার্ড কারেনজা ধারাবাহিকভাবে সঠিক নেতৃত্ব দিতে পারেননি বলে সমালোচনা করে দিলীপ বলেন, ‘চ্যান্সেলর ১ দশমিক ১ মিলিয়ন শিশুকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।’ তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে একের পর এক পরিবর্তন বাবা-মায়ের জন্য অতিরিক্ত উদ্বেগ তৈরি করছে। ভয়ানক এই সময়ে নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের সফল করতে প্রয়োজনীয় সব প্রযুক্তি দিয়ে শিক্ষার্থীদের সজ্জিত করা উচিত।

দিলীপ নাথ পুরো নগরের বিশেষ করে কুইন্সে আরও বেশি বিশেষায়িত উচ্চবিদ্যালয় গড়ে তুলতে কাজ করতে চান। তিনি মনে করেন, বরোগুলোতে অতিরিক্ত বিশেষায়িত স্কুল তৈরি করলে পুরো নগরের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি হবে।

কুইন্সে পরিবহন যানজট নিয়ে এই বাংলাদেশি মার্কিন বলেন, কুইন্সে বাস ও পাতাল রেল সীমিত। তাই যাত্রীদের গাড়ির ওপর বেশি নির্ভর করতে হয় যা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে, এতে দূষণও বাড়ছে। এর সমাধানে তিনি সব পাবলিক পরিবহন বিনা মূল্যে করতে চান। যানজট এড়াতে কুইন্সের বেশ কিছু অংশে বাড়তি রুটের প্রয়োজন। সুরক্ষিত বাইক লেনগুলো প্রসারিত করাও দরকার বলে তিনি মনে করেন। দিলীপ নাথ পুরো ক্যারিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় করেছেন। তিনি বলেন, ‘মহামারি সময় ছাড়াও আমরা স্বাস্থ্যসেবায় যথেষ্ট পরিমাণে সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার করছি না।’

বিলম্বিত চিকিৎসা সেবার কারণে কিংবা চিকিৎসাহীন কোভিড-১৯ রোগীদের ভাইরাসের পাশাপাশি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লোকজন যেন‌ সঠিক সময়ে দ্রুত চিকিৎসা সেবা পান, সে ক্ষেত্রে তিনি টেলিহেলথ ক্লিনিকের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন।

হাসপাতাল ও নার্সিংহোমের বাইরের পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রবীণদের প্রযুক্তি সরবরাহের পাশাপাশি অবসর নেওয়ার পর প্রত্যেকের জন্য এস্টেট প্ল্যানিং পরিষেবায় অ্যাকসেস দেবেন জানিয়ে দিলীপ বলেন, ‘আমাদের নেতৃত্বের খুব দরকার। আমাদের এমন এক নেতাকে দরকার যিনি বিষয়গুলোকে সামনে এগিয়ে নেবেন।’

দিলীপ নাথের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে। তিনি এমবিএ করার পর পিএইচডি করেছেন। প্রথমে এ দেশে এসে কষ্টের কাজ করলেও ২৫ বছর ধরে পাবলিক সেক্টরে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।