শিক্ষাই জাতির মেরুদণ্ড
তখন আমি কোন ক্লাসে পড়ি সঠিক মনে নেই। সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ি। বার্ষিক পরীক্ষার জন্য গলা ফাটিয়ে মুখস্থ করেই যাচ্ছিলাম, ‘গরু একটি গৃহ পালিত পশু। গরুর চারটি পা, দুটি চোখ, একটা লেজ রয়েছে।’ গরুর রচনা মুখস্থ করতে করতে হারিকেনের সলতে পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তবুও আমার গরুর রচনা মুখস্থ হয়নি। লাইনগুলো নোট বই থেকে অনেকক্ষণ ধরে পড়ছিলাম দেখে আমার বড় ভাই কাছে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তুই এতক্ষণ ধরে যা মুখস্থ করেছিস এবার আমাকে বল। ঘুম জড়ানো চোখে ভাইয়াকে গরুর রচনা মুখস্থ শুনালাম। ভাইয়া হেসে বললেন অনেক পড়েছিস গরুর রচনা এবার ঘুমাতে যা। সারা দিন চোখের সামনে গরু দেখিস এটা আবার এতসময় ধরে পড়ার কি আছে বোকা? মুখস্থ নয়; যা পড়বি বুঝে পড়বি। এখনো কথাটা মনে পড়লে আমার হাসি পায়। বিষয়টা ভেবে অবাকও হই আমার মতো এমন একজন ছাত্র কেমন করে শ্রেণি কক্ষে প্রথম তিনজনের মধ্যে থাকতাম! না জানি শ্রেণি কক্ষের অন্যদের কি অবস্থা ছিল!
বি.এড পাস সেঁজুতি আপার সঙ্গে ঘরে বাইরে যেখানেই দেখা হোক উনি ইনিয়ে-বিনিয়ে যেভাবেই হোক তার বি.এড কলেজের গল্প আমাদের বলবেনই। কোনো ঘরোয়া অনুষ্ঠানে গান, কবিতা, রাজনীতি যে বিষয় নিয়েই কথা হোক ঘুরেফিরে তার বি.এড কলেজের কথা আমাদের শুনিয়েই ছাড়তেন। তিনি দেশে শিক্ষকতা করতেন। গর্ব সহকারে আমাদের তাঁর গল্প বলতেন। উপায়ন্তর না পেয়ে আমরাও মনোযোগের সঙ্গে শুনতাম সেটি।
আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তার পছন্দের রেস্তোরাঁ আই হপে সবাই মিলে সকালের নাশতা করতে গিয়েছি। ওয়েটার এসে আমাদের সবার খাবারের পছন্দের তালিকা নিয়ে যায়। কিছু সময় পর টেবিলে খাবার দিয়ে যায়। আমরা আনন্দের সঙ্গে খাবার খেয়ে বিল পরিশোধ করে বেরিয়ে আসার সময় দেখলাম সেঁজুতি আপা টেবিল পরিষ্কার করতে এসেছেন। আমাদের দেখে উনি হকচকিয়ে যান। পরে স্বাভাবিকভাবে কুশলাদি বিনিময় করে আমরা চলে আসি।
পরেরবার সেঁজুতি আপার সঙ্গে দেখা হওয়ার পর জিজ্ঞেস করি দেশ থেকে এত পড়াশোনা করে এসে এখানে টেবিল, প্লেট পরিষ্কার করার মতো কষ্টের কাজ করেন কেন? আপনার দেশের সার্টিফিকেটগুলো দিয়েতো এখানে ভালো চাকরি করতে পারেন! বিষয়টি জানেন কি! উত্তরে কিছুটা নিচু স্বরে জবাব দিলেন, জানি। তবে ইংরেজি বলা এবং বুঝতে কিছুটা দুর্বল বলে এখনো ভালো চাকরিতে যোগ দিতে পারছি না। ইচ্ছে আছে সামনে ই.এস.এল ক্লাস করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে ভালো কাজ করব।
সেঁজুতি আপার কথা শুনে আমার ইন্ডিয়ান বন্ধু তমালের কথা মনে পড়ে যায়। এক কাপ কফি আর ব্রেড খেয়ে কত দিন তমালকে দেখেছি পুরো দিন পার করে দিতে। ক্লাস শেষে রাতে চাইনিজ রেস্তোরাঁয় কাজ করত। তমালকে এত কাজ করতে দেখে একদিন বলেছিলাম, পড়াশোনা কিছুদিন বন্ধ রেখে পুরোদস্তুর কাজ কর। হাতে কিছু টাকা-পয়সা জমিয়ে পুনরায় পড়াশোনা শুরু কর। উত্তরে তমাল বলেছিল, পড়াশোনা একবার বন্ধ করলে পরে আবার শুরু করা হয় না। টাকা-পয়সা সারা জীবন আয় করতে পারব কিন্তু নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ না করলে তা আর হবে না হয়তো। আগে পড়াশোনা শেষ করব তারপর চাকরি করব। শুধু তমাল নয়, আমার জানামতে আরও অনেক ইন্ডিয়ানকে দেখেছি কষ্ট করে আগে পড়াশোনা শেষ করে তারপর ডলারের পেছনে দৌড়ায়। এতে করে অবশ্য ইন্ডিয়ানরা এগিয়েও আছে এ দেশে, যে প্রবণতা বাঙালিদের মধ্যে কম দেখি।
বাংলাদেশে শিক্ষকতা করে এসেও নিউইয়র্ক শহরে ইংরেজি ভাষায় দুর্বলতার সমস্যাটা শুধু সেঁজুতি আপার একার নয়। এই সমস্যা আমাদের অনেকেরই আছে। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল। খুব মনে পড়ে আমাদের ইংরেজি শিক্ষক মফিজ স্যারের কথা। যিনি শহর থেকে আমাদের গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেছিলেন। আমার এক সহপাঠিনী দেরি করে ক্লাসে এসে ‘মে আই কাম ইন স্যার’ এর পরিবর্তে ‘মে আই কামিং’ স্যার বলাতে স্যার তাকে বাক্যটি ব্লাকবোর্ডে লিখতে বলেছিলেন। সে মুখে যা বলেছিল ব্লাকবোর্ডে তাই লিখেছিল। সেদিন স্যার ভুলের জন্য ওকে শাস্তি না দিয়ে দুঃখ করে বলেছিলেন, আমাদের দেশে গ্রামের ছেলেমেয়েগুলো অবহেলিত রয়ে গেছে। গ্রামে বেশির ভাগ মেধাবী ডাক্তার, শিক্ষকেরা আসতে চান না। শিক্ষক যদি জ্ঞান, মেধা, প্রজ্ঞায় স্বয়ংসম্পূর্ণ না হোন তাহলে ছাত্র-ছাত্রীরা শিখবে কোথা থেকে? মুখস্থ বিদ্যার জোরে গ্রামের অধিকাংশ ছেলে-মেয়ে পরীক্ষায় পাস করে যেত। হাতে, কলমে শিক্ষার প্রচলন ছিল না বললেই চলে। ফলে স্কুল, কলেজের আঙিনা থেকে বের হয়ে বাইরের পৃথিবীতে পা রাখার পরে সে শিক্ষা আর কোনো উপকারে আসত না। দুঃখজনকভাবে গ্রাম এমনকি মফস্বলের অধিকাংশ শিক্ষকই শিক্ষাদানের জন্য যথার্থ প্রশিক্ষণপ্রাপ্ত নয়। ফলে ছাত্র-ছাত্রীরা আর শিখবে কার কাছ থেকে?
সেঁজুতি আপা যতই উচ্চতর শিক্ষার গল্প করুক না কেন, তার ইংরেজি ভাষা না জানাটাও স্বাভাবিক। দেশ থেকে বি.এ, এম.এ পাস করে এসে যখন কেউ কন এডিসন (con edison) বিলকে বলে কন্ডিশন বিল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টকে(Appointment) বলে অ্যাপার্টমেন্ট তখন আমি মোটেও অবাক হই না। তবে দেশের শিক্ষা ব্যবস্থার কথা মনে পড়ে দুঃখ পাই। আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যে আমিও পড়ে এসেছিলাম। রাতভর গরুর রচনা মুখস্থ করেছিলাম। তাই বিষয়টা আমি জানি।
কয়েক মাস আগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া আমার বড় ছেলের স্কুল থেকে সাহায্যকারী হিসেবে তাদের সঙ্গে ব্রডওয়ে থিয়েটারে মঞ্চ নাটক দেখতে গিয়েছিলাম। সেখানে ছাত্রদের সঙ্গে শিক্ষকের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে যারপরনাই মুগ্ধ হয়েছিলাম। পথে কীভাবে সারিবদ্ধভাবে হাঁটতে হবে? কীভাবে অন্যের সঙ্গে কথা বলতে হবে? কীভাবে ট্রেনে উঠতে হবে? সবকিছু শিক্ষক ছাত্রদের হাতে হাত রেখে শিখিয়ে দিচ্ছিলেন। অথচ, ছোটবেলায় শ্রেণি কক্ষে কিছু ভুল হলে আমাদের শিক্ষকেরা সবার সামনে লজ্জা দিতেন। শাস্তি দিতেন। কতভাবে যে ছোটবেলায় শিক্ষক শাস্তি দিয়েছেন ভাবলে এখনো গা শিউরে উঠে। শিক্ষকের কাজ শাস্তি দেওয়া নয়, শিক্ষকের কাজ শেখানো ও বোঝানো। একদিন স্কুলে যাইনি বলে শিক্ষকের ভয়ে নিজের হাত নিজে কেটেছিলাম। হাত কেটেছে বলে স্কুলে আসতে পারিনি, শিক্ষককে স্কুলে গিয়ে এই মিথ্যা কথাটা বলেছিলাম। এ দেশে দেখি ছোট ছোট বাচ্চারা ভোরে বাবা, মায়ের আগে ঘুম থেকে উঠে তৈরি হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। একদিন আমার ছোট ছেলেকে বলেছি আজ অনেক বৃষ্টি স্কুলে যেতে হবে না। বাসায় ঘুমাও। আমার ছয় বছরের ছেলে তখন কাঁদো কাঁদো স্বরে বলেছিল, আমি স্কুলে যাব আম্মু। আমি আমার শিক্ষককে খুব মিস করব সারা দিন স্কুলে না গেলে। বড় বড় চোখে আমি ছেলের মুখের দিকে তাকিয়ে রই আর ভাবতে থাকি ছোটবেলায় শিক্ষকের ভয়ে কত দিন যে স্কুল কামাই করেছি তার ইয়ত্তা নেই ।
মনে আছে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আমার উচ্চারণের ভুল নিয়ে স্বয়ং শিক্ষক আমাকে নিয়ে হাসাহাসি করেছেন। ছাত্র-ছাত্রীর ভুল দেখলে শিক্ষক তা শুধরে দেবেন। কিন্তু তা না করে উল্টো লজ্জা দিয়েছেন।
ছেলেকে নিয়ে থিয়েটার থেকে বেরিয়ে দেখলাম বাড়ি ফেরার জন্য শিক্ষক সব ছাত্রদের কত যত্ন করে সাবওয়ের মানচিত্র বুঝিয়ে দিচ্ছিলেন। নাটক দেখা শেষে সব অভিনেতা, অভিনেত্রীকে ছাত্র-ছাত্রীদের সামনে হাঁটু গেড়ে বসে তাদের বাচ্চাসুলভ মনের সব প্রশ্নের উত্তর ধৈর্যসহকারে দেওয়ার দৃশ্য দেখে আমার মনে পড়ে যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড! আজকের এই বাচ্চাগুলোই আগামী দিনের দেশ ও পৃথিবীকে গড়ে তুলবে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাইতো উত্তর গোলার্ধের এই দেশ আমেরিকা বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।