শিক্ষাঋণমুক্ত হওয়া যাবে যেভাবে
স্টুডেন্ট লোন বা শিক্ষাঋণ আমেরিকার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া শুরুর আগে থেকে শুরু; চলে চাকরি জীবনের একটা দীর্ঘ অংশ অবধি, সাধারণ আমেরিকানদের জীবনে শিক্ষাঋণের ইস্যুটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। হোক সেটা স্থানীয়ভাবে জন্মগ্রহণ করে অথবা নতুন অভিবাসী হয়ে বাইরে থেকে আসা ছাত্রছাত্রীর ক্ষেত্রে। একই অবস্থা আমেরিকার কলেজ পড়ুয়া সব ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায়।
সম্প্রতি নিউইয়র্কের এক আইনজীবী ছাত্র ঋণমুক্ত হয়েছে। একটা বিশেষ ব্যবস্থায় এই ঋণমুক্তি। দীর্ঘদিনের চলে আসা ছাত্রঋণ। চক্রহারে বাড়ছিল এ ঋণ। গত সপ্তাহে ব্যাংক্রাপসি কোর্ট বা দেউলিয়া আদালতে প্রমাণ করতে সক্ষম হন, তাঁর ঋণের বোঝা এত বিশাল যে, কখনোই তাঁর পক্ষে সেটা পরিশোধ করা সম্ভব হবে না।
কেভিন রোজেনবার্গ ১৯৯৩-১৯৯৬ শিক্ষাবর্ষে প্রথম ছাত্রঋণ নেন। পাঁচ বছর আমেরিকার নেভিতে চাকরি শেষে ২০০১-২০০৪ বর্ষে আইন পড়তে আবারও ঋণ নিয়ে কলেজে ভর্তি হন।
পাঠ শেষে কেভিন ১ লাখ ১৬ হাজার ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে কলেজ থেকে বের হন, যা কয়েক বছরে চক্র বৃদ্ধিহারে বেড়ে গত নভেম্বরে ২ লাখ ২১ হাজারের বেশি হয়।
ব্যাংক্রাপসি আবেদনে কেভিন উল্লেখ করেন, তাঁর ঋণের পরিমাণের অনুপাতে আয় এতই কম যে, ঋণ পরিশোধে মাসিক ন্যূনতম কিস্তি আদায় করতে গিয়ে প্রতি মাসে পনেরো শ ডলারের ঘাটতি থাকে তার। ছাত্রঋণে অসামঞ্জস্য, ঋণের অর্থ পরিশোধে গ্রহীতার অক্ষমতা ইত্যাদি বিষয়ের ওপর ব্যাংক্রাপসির আবেদন করতে পারেন ছাত্রঋণ গ্রহীতারা।
ম্যানহাটনের চিফ ব্যাংক্রাপসি জাজ সিসেলীয়া মরিস তাঁর ১২ পৃষ্ঠার মতামতে বলেন. আদালত তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এ তিনটি বিষয় সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠা করা গেলে, এ দেশের ব্যাংক্রাপসি আইনে সম্পূর্ণরূপে ছাত্রঋণ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কেভিন রোজেনবার্গ তাঁর ব্যাংকক্রাপসি আবেদনে বিষয়টি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে—ঋণের কিস্তি পরিশোধের কারণে জীবনমানের ন্যূনতম মানদণ্ড বজায় রাখা অসম্ভব হয়ে পড়া। এ রকম অবস্থা ঋণের মেয়াদের অধিকাংশ সময় চলতে থাকা এবং এটি প্রমাণ করা যে, ছাত্রঋণ গ্রহীতার ঋণ পরিশোধের প্রকৃত সদিচ্ছা আছে।
মরিস তাঁর শুরুর বক্তব্যে বলেন, আদালত এতকাল ব্যাংক্রাপসি আইনে ছাত্রঋণ থেকে মুক্ত হতে যে মানদণ্ড অনুসরণ করে আসছিল, তার মধ্যে ভুল ছিল। আদালত ছাত্রঋণ মওকুফের ক্ষেত্রে সে ভুলের পুনরাবৃত্তি ঘটাবে না।
রোজেনবার্গকে ছাত্রঋণ দাতা প্রতিষ্ঠান এডুকেশনাল ক্রেডিট ম্যানেজমেন্ট করপোরেশন (ইসিএমসি) ব্যাংক্রাপসি মামলার বিবাদী পক্ষ। এ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বলেন, ‘আমরা মামলাটি পুনর্মূল্যায়ন করছি, শিগগিরই এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
অবশ্য মামলা চলাকালে গত বছরের অক্টোবরে ইসিএমসি যুক্তি দেখিয়েছিল, রোজেনবার্গ কোনোভাবেই ঋণ মওকুফের মানদণ্ডে উন্নীত হননি। বিতর্কের একপর্যায়ে বিবাদীরা এও উল্লেখ করেন, রোজেনবার্গ ঋণ নিয়ে আইন অধ্যয়ন করেন। কিন্তু ইচ্ছা করে আইনপেশায় না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তারা বলছে, তিনি যে শিক্ষাগ্রহণ করতে শিক্ষাঋণ নিলেন, সে শিক্ষার অসদ্ব্যবহার করে ঋণ মওকুফের কাজে লাগাচ্ছেন!