শিক্ষাজীবনে সফল হতে করণীয়
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম প্রজন্মের অভিবাসী শিক্ষার্থীরা অভিবাসী ব্যাকগ্রাউন্ড ছাড়া শিক্ষার্থীদের তুলনায় কম সাফল্য লাভ করে থাকে। বিষয়টি সবারই কম-বেশি জানা। কিন্তু দ্বিতীয় প্রজন্মের অভিবাসী শিক্ষার্থীদেরও আমেরিকায় শিক্ষা ক্ষেত্রে সাফল্য পেতে প্রচুর সংগ্রাম করতে হয়। কী কারণে শিক্ষা ক্ষেত্রে অর্জনের এ ব্যবধান? অভিবাসী শিক্ষার্থীরা নিজেদের অভিবাসী পরিচয়ের কারণেই শিক্ষায় পিছিয়ে থাকে বলে অনেকে ধারণা করলেও বিষয়টি সত্য নয়।
গবেষণায় দেখা গেছে, অভিবাসী শিক্ষার্থীরা সাধারণত কোনো একটি অঞ্চলের দরিদ্র এলাকাগুলোয় বাস করে। বাড়িতে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় কথা বলে। আর স্থানীয় শিক্ষার্থীদের চেয়ে দেরিতে তারা স্কুল-কলেজে ভর্তি হয়। এ বিষয়গুলোই তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মূলত দারিদ্র্য, ভাষার প্রতিবন্ধকতা ও নিম্নস্তরের বিদ্যালয়ে ভর্তির কারণেই অভিবাসী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। এ ছাড়া অভিবাসী শিক্ষার্থীদের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের মনোভাবও এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। অভিবাসী শিক্ষার্থীরা অজ্ঞানতাবশত শিক্ষাপ্রতিষ্ঠানের সব সুযোগ-সুবিধা সঠিকভাবে নিতে পারে না বা প্রবাসের নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাহলে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে সফল হওয়ার উপায় কী?
শিক্ষাজীবনে সাফল্য পেতে হলে—
এক. শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্বেচ্ছাকৃত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এতে শিক্ষকসহ নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় হবে; বাড়বে যোগাযোগ দক্ষতা। কলেজে সাফল্য পেতে ক্যাম্পাসের সবার পূর্ণ সমর্থন থাকা জরুরি। এ জন্য ক্যাম্পাসে সময় কাটাতে হবে। তাই যতটা সম্ভব ক্যাম্পাসে সময় ব্যয় করুন। ক্লাস শেষ হলেই বাড়ি চলে গেলে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে জানার জন্য যত সময় ব্যয় করবেন, ততই আপনি সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। কলেজের অন্যান্য প্রোগ্রাম ও ক্যাম্পাস রিসোর্সগুলোর সদ্ব্যবহার করুন, ক্লাব ও বিভিন্ন সংস্থাগুলোর সঙ্গে জড়িত থাকুন, ক্যাম্পাস ইভেন্টগুলোয় যোগ দিন। সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। সবার সঙ্গে কথা বলুন। কলেজে যত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন, শিক্ষা ক্ষেত্রে তত বেশি সফল হবেন।
দুই. নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করুন। শ্রেণিকক্ষে আলাপ-আলোচনায় অংশ নিন; ভাষার প্রতিবন্ধকতার কারণে লজ্জাবোধ করে। শ্রেণিকক্ষে সক্রিয়তা গ্রেডের ওপর প্রভাব ফেলে। শুধু বই পড়ে সবকিছু উতরে যাওয়া যাবে না। শিক্ষকেরা সব সময় বই অনুসরণ করেন না। পরীক্ষায়ও বইয়ের চেয়ে শ্রেণিকক্ষের আলোচনা ও শিক্ষকের দেওয়া বক্তৃতা বেশি গুরুত্ব পায়। শ্রেণিকক্ষে অনেক সময় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তাই শ্রেণিকক্ষে মনোযোগী থাকুন।
তিন. কিছু না জানলে বা না বুঝলে সাহায্য চাইতে কুণ্ঠিত হবেন না। মাথায় প্রশ্ন আসার সঙ্গে সঙ্গেই তা উত্থাপন করুন। এমনকি ক্লাসে সমস্যা না হলেও টিউটরিং কেন্দ্রের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা উচিত। টিউটরিং কেন্দ্রগুলো শুধু শ্রেণিকক্ষের পাঠ পর্যালোচনাতেই সহায়তা করে না। তারা দক্ষতা বিকাশেও নানা ধরনের সাহায্য করে। ক্লাসে কোনো কিছু পুরোপুরি বুঝতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন।
চার. ক্লাসের বাইরে শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করুন। শিক্ষার্থীদের জন্য তাঁদের নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকে। সেমিস্টারের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট সব শিক্ষকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা উচিত। শিক্ষকের সঙ্গে নিজে থেকে পরিচয় হলে এবং নিয়মিত যোগাযোগ রাখলে তিনি আপনার ‘সিরিয়াসনেস’ সম্পর্কে অবগত থাকবেন, যা শিক্ষাজীবনের জন্য জরুরি।
পাঁচ. শ্রেণিকক্ষে নিজের সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি করুন। শ্রেণিকক্ষে সক্রিয়তাই আপনাকে অনেকটা এগিয়ে দেবে।
ছয়. নির্ধারিত কাজ সময়মতো জমা দিন। শিক্ষকেরা এ ক্ষেত্রে বিলম্ব একেবারে অপছন্দ করেন। প্রয়োজনে সেলফোনের ক্যালেন্ডারটি ব্যবহার করুন।এতে করে ক্লাস অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দেওয়া সহজ হবে।
সাত. দুর্দান্ত শিক্ষার্থীরা দুর্দান্ত নোট নেয়। শিক্ষক বোর্ডে যা কিছু লেখেন, তার সবকিছুই গুরুত্বপূর্ণ। প্রতি রাতেই শ্রেণিকক্ষে নেওয়া নোটগুলো পর্যালোচনা করুন। নোট পড়ে প্রশ্ন থাকলে পরদিন শিক্ষককে সে প্রশ্ন করুন।
আট. নিজেকে চ্যালেঞ্জ করুন। সফল হওয়া সহজ নয়; তাই বলে পিছু হাঁটবেন না। সহজ পথ খুঁজতে গিয়ে হয়রান হবেন না। সাফল্যের কোনো শর্টকাট নেই। এগিয়ে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকুন। জানেন না বলে হীনম্মন্যতায় ভুগবেন না। কারণ, জানার জন্যই আপনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। কলেজে নতুন সব অভিজ্ঞতা গ্রহণের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন।