শিক্ষাপ্রতিষ্ঠান চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে প্রাণের টিকে থাকা কিছু সাধারণ নিয়মের ওপর নির্ভর করে। শুধু মানুষ নয়, যেকোনো প্রাণের ক্ষেত্রেই এই নিয়ম খাটে। আর এই নিয়মে প্রাণকে টিকিয়ে রাখার জন্য সবার আগে যেটা জরুরি, তা হলো খাদ্যের নিশ্চয়তা। এই খাদ্যের নিশ্চয়তা পেতেই জগতের চাকাটি ঘোরে। এর ওপরই দাঁড়িয়ে থাকে অন্য সব নিয়ম। খাদ্যের প্রাথমিক চাহিদাটি পূরণ হওয়ার পরেই যে চাহিদাটি হাজির হয়, তা হলো বাসস্থান। এমনকি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী ও ভীতি জাগানিয়া প্রাণীটিরও চাই একটি নিরাপদ ডেরা। সে হিসেবে মানুষের মতো দুর্বল প্রাণীর তো এ চাহিদা আরও বেশি। বস্ত্রের চাহিদাটি মানুষের জন্য বাড়তি নিঃসন্দেহে। এ ক্ষেত্রে শিক্ষা বা চিকিৎসার বিষয়টি আসে অনেক পরে। এ দুইই সভ্যতার চিহ্নবাহী।
বলা হয়, খোঁড়া প্রাণের বেঁচে থাকার ও সুস্থ হয়ে ওঠার নিশ্চয়তার আরেক নামই সভ্যতা। কারণ, আদিম সমাজে যেকোনো প্রাণীর জন্য তার পা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করত। আপাত অর্থে অকেজো পা মূলত শিকার ধরতে ও শিকারির হাত থেকে বাঁচতে কাজে লাগত। তাই কোনো প্রাণী পায়ে আঘাত পাওয়া মানে, এ দুইই তার জন্য অনিশ্চিত হয়ে যাওয়া। আর এই অনিশ্চয়তা সেবা ও সহমর্মিতা ছাড়া, জ্ঞানের চোখটি খোলা ছাড়া কাটানো সম্ভব নয়। আর এ দুইয়েরই জন্ম তখনই হয়, যখন একটি সমাজ শুধু মৌল চাহিদাগুলো পূরণের পরও তাকাতে পারে সামনে। যখন জীবন বাঁচানোটা আর আয়াশসাধ্য নয়, তখনই শুধু এই জ্ঞানের স্পর্শটি নেওয়া সম্ভব। সম্ভব সেবা ও সহমর্মিতার মতো গুণ আয়ত্ত করা।
বিশ্ব আজ করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত। আক্রান্ত বললেও ভুল বলা হবে। বলা যায় পর্যুদস্ত। সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চলের তালিকায় রয়েছে নিউইয়র্ক। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের দেশ আমেরিকায় ভাইরাসটির সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এ ক্ষেত্রে যাচাই-বাছাই না করেই কোনো সঠিক পরিকল্পনা ছাড়া অর্থনীতি চালুর একটি বড় ভূমিকা রয়েছে। কিছু কিছু অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করাকেও নতুন করে সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে। এ অবস্থায় আগামী অক্টোবরে নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা উঠেছে। গভর্নর অ্যান্ড্রু কুমো অবশ্য সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু না করার কথা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, চালুর পর সংক্রমণ হার ৯ শতাংশ হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল-কলেজ বন্ধ করে দিতে হবে। ঠিক কী প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, তার একটি পরিকল্পনা করার কাজ চলছে এখন।
অ্যান্ড্রু কুমো সঠিক নির্দেশনাই দিয়েছেন বলতে হবে। কারণ, এ তো সত্য যে, প্রাণ বাঁচানোটাই অগ্রাধিকারের বিষয়। এই প্রাণ বেঁচে থাকলেই কেবল তাকে সুন্দর ও উজ্জ্বল করা যেতে পারে। তাই সুন্দর ও প্রজ্ঞাবান জীবনের খোঁজে নেমে প্রাণ হারানোটা বুদ্ধিমানের কাজ নয়। আর যদি জগতের মৌল নিয়মের প্রশ্ন আসে, তবে করোনাভাইরাস থেকে বাঁচার ও তার বিরুদ্ধে লড়াইয়ের নিশ্চিত কোনো অস্ত্র তূণে যুক্ত না হওয়া পর্যন্ত স্কুলগুলো অন্তত না খোলাই উচিত। খুললেও এমনভাবে যাতে শিশুদের ওপর ঝুঁকি প্রায় শূন্যের কোটায় থাকে। কারণ, প্রজাতি টেকানোর প্রশ্নে বরাবরই শিশুদের সর্বোচ্চ নিরাপদ পরিবেশে রাখা হয়েছে। এটাই জগতের নিয়ম। তাই এই সময়ে এসে এর কোনো ব্যত্যয় না ঘটিয়ে আগের মতোই কঠোরভাবে সতর্কতা মেনে চলা দরকার। না হলে, এত দিন সন্তানদের সুরক্ষিত রাখতে এত কিছু যে করা হলো, তা একটুকুতেই নিরর্থক হয়ে যেতে পারে।