নিউইয়র্ক নগরের শিক্ষক, প্রশিক্ষক ও অন্য কর্মীদের ডিওই ইমেইলে গত মাসের শেষের দিকে গেছে ইউএফটির প্রেসিডেন্ট মাইকেল ম্যালগ্রোর জরুরি ইমেইলটি। এতে ম্যালগ্রো সবাইকে ২১ জুলাই বেলা সোয়া ৩টায় ‘টেলিফোন টাউন হল মিটিং’–এ সবাইকে উপস্থিত হতে আবেদন জানিয়েছেন। এই আয়োজনের উদ্দেশ্য ছিল, বর্তমান মহামারিতে শিক্ষার পরিস্থিতি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে শিক্ষক, প্রশিক্ষক ও ডিওইর অন্য কর্মীদের সামনে তুলে ধরা এবং সামনের করণীয় সম্পর্কে অবগত রাখা।
টাউন হল সভায় আসছে সেপ্টেম্বরে স্কুলগুলো খোলা হবে কিনা, হলেও সেটা হিরোজ-অ্যাক্টের মাধ্যমে হবে কিনা, তা নিয়ে কথা বলেন মাইকেল ম্যালগ্রোসহ অন্য কর্মকর্তারা। শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলো সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থী, কর্মী বা শিক্ষার্থীদের জন্য ফিরে যাওয়া নিরাপদ নয় বলে জানান তিনি। টাউন হল সভায় আরও বলা হয়, বর্তমান কোভিড-১৯–এ অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষা থেকে একটি নির্দিষ্ট বাজেট কাট করা হয়েছে। সে কারণে কর্মী ও শিক্ষার্থীদের লে-অফ করাসহ অন্যান্য ক্ষেত্রে এর ওপর প্রভাব পড়তে পারে। এ সময়ে নতুন কোন শিক্ষক নিয়োগ করা হবে না। প্রতিটি শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত নতুন নার্স নিয়োগ করা হবে।
ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নির্দিষ্ট করা হবে বলে জানানো হয় মিটিংয়ে। প্রতি ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৯ থেকে ১২ জনের উপস্থিতি নির্ধারিত থাকবে। সপ্তাহে ৩ দিন ক্লাস নেওয়া হবে গ্রুপ হিসেবে। রিমোট লার্নিং থাকবে। এখানে শিক্ষার্থীদের গ্রুপ বদল করা হবে পালাক্রমে। যেসব শিক্ষক শারীরিকভাবে ঝুঁকিতে আছেন, এই করোনাকালে তাদের জন্য রিমোট লার্নিংয়ের ব্যবস্থাও রাখা হবে। সে জন্য ইতিমধ্যেই ডিওই কর্মীদের একটি ফরমও পাঠানো হয়েছে। ফরমটি পূরণ করে ৩১ জুলাইয়ের আগে পাঠাতে হবে। ম্যালগ্রো বলেন, ‘অসুস্থতাজনিত কারণে রিমোট লার্নিংয়ের আবেদন বাতিল করার কোনো কারণ নেই। ডাক্তারি তথ্য থাকলে অবশ্যই এটি অনুমোদন করা হবে।’ এ বিষয়ে আগস্টের শেষ সপ্তাহে ইমেইল পাঠানো হবে।
ম্যালগ্রো বলেন, আপাতত ৬০ ভাগ ধারণা করা, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। কারণ ডিওইর পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোন পরিকল্পনা নেওয়া হয়নি। সেই সঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই ৩ শতাংশ অর্থাৎ ৩০০০ শিক্ষক শারীরিক ঝুঁকির কারণে কাজে ফিরতে পারবেন না বলে রিমোট লার্নিং আবেদনটি জমা করেছেন।
ইউএফটির প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তত দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাব না, যত দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের জন্য নিরাপদ মনে না হয়। আমরা জানি, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের যত্ন নেওয়া খুব দরকার। কিন্তু এটি আমাদের দায়িত্ব নয়। আমরা চাইল্ড কেয়ার নই, আমরা শিক্ষক।’