শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহে ম্যারাথনে প্রবাসী বাংলাদেশিরা

ফিলাডেলফিয়া শহরের প্রাণকেন্দ্রে ১৮ এবং ১৯ নভেম্বর হয়ে গেল আমেরিকার অন্যতম প্রধান ম্যারাথন ইভেন্ট ‘ফিলাডেলফিয়া ম্যারাথন ২০১৭ ’। বেঙ্গল রানার্স ক্লাবের (বিআরসি) ১২ জন সদস্য এই ইভেন্টের হাফ ম্যারাথন এবং ৮ কিলোমিটার দৌড় পর্বে অংশগ্রহণ করেন।
আমেরিকার মাটিতে ম্যারাথনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাংলাদেশের দরিদ্র শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহও অংশগ্রহণকারীদের লক্ষ্য ছিল।
সাউথজার্সিভিত্তিক বাংলাদেশিদের এই সংগঠনটি পাঁচ বছর ধরে নিয়মিত এই ইভেন্টে অংশ নিয়ে আসছে।
উল্লেখ্য, ফিলাডেলফিয়া সিটি দীর্ঘ দিন ধরে ঐতিহ্যবাহী এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। এটি আমেরিকার প্রথম দশ ম্যারাথনের একটি। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য এবং পৃথিবীর ৪০ টির মতো দেশ থেকে প্রায় ৩০,০০০ রানার প্রতিবছর এই ম্যারাথনে অংশ নিয়ে থাকে।
নভেম্বরের ১৮ তারিখে অনুষ্ঠিত হয়েছে ১৩.১ মাইল হাফ ম্যারাথন, ৮ কিলোমিটার এবং কিডস ফান রান পর্ব। আর ১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছে ২৬.২ মাইল ফুল ম্যারাথন।
এ বছরের ফিলাডেলফিয়া ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণ বিআরসির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বেশ কয়েকটি কারণে। এবারই প্রথম ক্লাবটির হয়ে তিনজন বাংলাদেশি নারী সদস্য ইভেন্টের ৮ কিলোমিটার দৌড় পর্বে অংশগ্রহণ করে যেটা ক্লাবটির স্বল্প ইতিহাসে একটি মাইলফলক। এ ছাড়া একজন ১২ বছরের বালক ৮ কিলোমিটার দৌড় সম্পন্ন করে। বিআরসির ১২ জন সদস্যের মধ্যে ছয়জন ১৩.১ মাইল বা হাফ ম্যারাথন পর্বে এবং ৬ জন ৮ কিলোমিটার পর্বে অংশগ্রহণ করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ক্লাবটির কয়েকজন সদস্য পুরো হাফ ম্যারাথন পর্ব জুড়ে ১৩.১ মাইল পথ বাংলাদেশের পতাকা হাতে দৌড়েছেন। এটি নিঃসন্দেহে গর্বে জানান দেয় বাংলাদেশের উপস্থিতি আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যারাথন ইভেন্টে।
প্রতি বছর বিআরসি ফিলাডেলফিয়া ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। এবারের তহবিল সংগ্রহের স্লোগান ছিল ‘৪০০০ মাইল দৌড়ে ৪০০০ ডলার’। বিআরসির এই মহতী আহ্বানে সাড়া দিয়ে বিআরসির সদস্যদের পাশাপাশি সাউথ জার্সিসহ আমেরিকার বিভিন্ন এলাকার দেশি ও ভিনদেশিরা এগিয়ে আসে। নিয়মিত দৌড়ে অংশগ্রহণ করে ৪০০০ মাইলের লক্ষ্য পূর্ণ করে এবং তার অনুকূলে অর্থ দান করে। বিআরসি তাদের এবারের অর্জিত অর্থ সাউথ জার্সি ভিত্তিক আরেকটি বাংলাদেশি অলাভজনক সংগঠন এমবি ৩ ফাউন্ডেশন পরিচালিত ‘স্টুডেন্ট লাঞ্চ প্রজেক্টের’ জন্য দান করে। এই প্রজেক্টের আওতায় ফাউন্ডেশনটি বাংলাদেশের বিভিন্ন স্কুলের দরিদ্র অনাহারী ছাত্রদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে।
ইভেন্টের ফান্ড রেইজিং পর্ব শুরু হয় মূলত ম্যারাথন অনুষ্ঠান শেষে সাউথ জার্সির চেরি হিল লাইব্রেরিতে। এখানে ম্যারাথনে অংশগ্রহণকারী রানারদের এমবি ৩ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিআরসির পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মশিউল চৌধুরী। তিনি বিআরসি সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করেন এবং দাতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে এমবি ৩ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম বিআরসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এমবি ৩ ফাউন্ডেশন প্রতিষ্ঠা প্রসঙ্গে ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমরা যারা প্রবাসে বসবাস করি তাঁরা বিভিন্নভাবে দেশের দরিদ্র আত্মীয়স্বজন, এলাকাবাসীকে সাহায্য করে থাকি। ব্যক্তিগতভাবে অনেককে সহায়তা করতে গিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সরাসরি অর্থ সাহায্য করে মানুষের সাময়িক সমস্যা দূর করা যায়, কিন্তু সমস্যাগুলোর কোনো দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান হয় না। এটি একমাত্র সম্ভব যদি মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়। আর তা হতে পারে মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে, উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে। এই ভাবনা থেকে আমি এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করি যার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, এবং নারীর ক্ষমতায়ন।’
ডা. ইসলাম বলেন, ‘ব্যক্তিগতভাবে ২০১২ সালে প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিক ভাবে শুরু করলেও ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এখন প্রায় ৭০ জন কো-ফাউন্ডার নিয়ে দেশের ১০টি জেলাতে প্রায় ২০টি শিক্ষা প্রজেক্ট সফলতার সঙ্গে পরিচালনা করছি যা থেকে প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রী প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে উপকৃত হচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ এই ফাউন্ডেশনে অর্থ দান করে কো-ফাউন্ডার হয়ে বাংলাদেশে তাদের নিজ নিজ এলাকায় প্রজেক্ট শুরু করতে পারেন। ফাউন্ডেশনটি বাংলাদেশে অবস্থিত তার নিজস্ব কার্যালয় থেকে কর্মীদের দ্বারা প্রজেক্টগুলো পরিচালনা করে থাকে। এ ক্ষেত্রে কো-ফাউন্ডাররা প্রবাসে অবস্থান করেও দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে।’