
নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৭০০ বাংলাদেশি শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে স্কুল সামগ্রী বিতরণ করেছে মজুমদার ফাউন্ডেশন।
১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে মজুমদার ফাউন্ডেশন তৃতীয় বার্ষিক স্কুল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননাও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন দিয়াজ, কাউন্সিলম্যান ফার্নান্দো ক্যাবরেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, সিপিএ ইয়াকুব এ খান, শেখ আল মামুন, আলমাস আলী, আবদুল গাফ্ফার চৌধুরী, পরিচালক রেক্সোনা মজুমদার, কাজী আবদুল হাকিম প্রমুখ।
এ সময় কমিউনিটি ও মূলধারার নেতৃবৃন্দ, সাংবাদিকসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই ফ্রি স্কুল সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবার ৭০০ ছাত্রী-ছাত্রীর মাঝে এই স্কুল সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ আয়োজনে স্পনসর হচ্ছেন অ্যাটর্নি ব্রুস ফিশার, মার্কস হোম কেয়ার ও পার্কচেস্টার মেডিকেল।
এ সময় কাউন্সিলম্যান রুবিন দিয়াজ ও কাউন্সিলম্যান ফার্নান্দো ক্যাবরেরা মজুমদার ফাউন্ডেশনের কল্যাণমুখী কার্যক্রমের জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার।
নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে স্কুল সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে ২০১৭ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে মজুমদার ফাউন্ডেশনের।
নিউইয়র্কে জুলাই-আগস্ট মাসে সামার ভ্যাকেশন শেষে ৫ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।