শিগগিরই শিহরিত হওয়ার মতো ঘোষণা দেবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবাই শিহরিত হবেন—এমন একটি ঘোষণা শিগগিরই তিনি দেবেন। তাঁর এ ঘোষণায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে দেশবাসীর আনন্দিত হওয়ার মতো বার্তা থাকবে। ২৫ জুন রক্ষণশীল সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আনন্দবার্তার ঘোষণা দেওয়ার জন্য তিনি বেশি সময় নেবেন না। এ মুহূর্তে তিনি বেশ কিছু লোককে নির্বাচিত করে আনার জন্য কাজ করছেন। তিনিসহ অন্যরা তলানিতে চলে যাওয়া অঙ্গরাজ্যগুলোয় জয়ের জন্য লড়াই করছেন।

ট্রাম্পের ভাষ্য, তিনি, তাঁর আইনজীবী রুডি জুলিয়ানিসহ অনেকের বিরুদ্ধেই উঠেপড়ে লেগেছেন বাম নৈরাজ্যবাদীরা। এসব নৈরাজ্যবাদী প্রতিহিংসাপরায়ণ। তাঁরা কোনো ভালো কাজ করতে পারেন না। তাঁরা দেশের জন্য খুবই মন্দের কারণ। এসব বাম ভাবাদর্শের লোকের বিরুদ্ধে তিনি সাড়ে পাঁচ বছর ধরে লড়াই করে আসছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আস্থার সঙ্গে বিশ্বাস করেন যে বামধারার লোকজন আমেরিকাকে ভালোবাসেন না। তাঁরা যা বলেন, যা করেন, তা দেখলেই টের পাওয়া যায়, তাঁরা আমেরিকাকে ভালোবাসেন না।

ট্রাম্প বলেন, তিনি আমেরিকাজুড়ে তাঁর পক্ষের লোকজনকে সমর্থন দিয়ে জনপ্রিয়তা বৃদ্ধির কাজটা এখন করছেন। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে শিহরিত হওয়ার মতো ঘটনা ঘটবে।

কিছুটা সময় নিচ্ছেন জানিয়ে ট্রাম্প বলেন, হয়তো ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে দেখা যেতে পারে যে পরিস্থিতি কোনো দিকে যাচ্ছে।

২০২৪ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কি হেরে যাবেন—এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, দেশে যেভাবে মন্দা শুরু হচ্ছে, তা বাইডেন সামাল দিতে পারবেন না। মন্দা শুরু হওয়াটা দেখা যাচ্ছে। কিন্তু মন্দার ফলে কী হবে, তা টের পাওয়া ভিন্ন বিষয়।

ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ের মন্দার উদাহরণ দিয়ে বলেন, তখন ব্যাংকের সুদের হার ২১ শতাংশে পৌঁছেছিল। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, তিনি ক্ষমতায় থাকাকালে জ্বালানি পেট্রলের খুচরা মূল্য গ্যালনপ্রতি দুই ডলারের নিচে ছিল। এখন তা বেড়ে গিয়ে সাড়ে তিন ডলারে পৌঁছেছে।

ট্রাম্প বলেন, ‘২০২৪ সালে আমরা দেখিয়ে দেব ২০২০ সালের নির্বাচনে কী পরিমাণ জালিয়াতির ঘটনা ঘটেছিল।’

নানা নাটকীয়তার পর গত ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেন ট্রাম্প। বিদায়ের পর নড়েচড়ে বসতে তিনি বেশি দিন সময় নেননি। আমেরিকার রক্ষণশীলদের উসকানি প্রদান অব্যাহত রেখেছেন তিনি। রিপাবলিকান পার্টি এখন কার্যত তাঁর করায়ত্তে। রিপাবলিকান পার্টির মধ্য ও উদারপন্থী লোকজনের বিরুদ্ধে তিনি মাঠে নেমে পড়েছেন। তিনি ইতিমধ্যে নিজের রক্ষণশীল প্রার্থীদের সমর্থন জানাতে বিভিন্ন অঙ্গরাজ্য সফরে বেরিয়ে পড়েছেন।