সিলেট, তুমি কত দূর? এত কাছে, তবু তোমায় না পাই।
নিয়তির বিধান কে খণ্ডায়?
চূড়ান্ত গন্তব্যে যাওয়া আর হলো না। টপকানো গেল না ঢাকার দেয়াল। নিউইয়র্কে বসে কখনো ভাবিনি, এমনটি হবে।
গুলশানে পড়ন্ত বিকেলে ভাইয়ের বাসার ছাদে বসে হাড় ভাঙার যন্ত্রণা যখন হজম করছি, প্রিন্স (ভ্রাতুষ্পুত্র) এসে খবর দিল, চাচ্চু, ব্রেকিং নিউজ দেখাচ্ছে, ঢাকায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওদের দুজন ইতালি থেকে এসেছেন।
এ যেন একই সুতোয় গাঁথা। কিছুক্ষণ আগে খবর পড়ছিলাম, নিউইয়র্কের গভর্নর অঙ্গরাজ্যে জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন। স্টোরগুলো খালি। ওয়ালমার্ট সাইন ঝুলিয়েছে, মাস্ক, স্যানিটাইজিং আইটেম সব ‘সোল্ড আউট’।
প্রিন্স আরও যোগ করল, তার এক কাজিন জানিয়েছে, কুইন্সে তার ঘনিষ্ঠ পরিচিত এক উবার চালকের করোনা শনাক্ত হয়েছে। করোনা নিয়ে চারদিক তোলপাড়। ঢাকার এক কাগজের শিরোনাম ‘সেই তো বিমান বন্দর দিয়েই এল।’ আরও কত কি!
আমার স্ত্রী হাসি কাছে এসে বললেন, এ সময়ে সফরে আসা কি ঠিক হলো?
মনে মনে বলি, এখন তো সব সমান। যে লাউ সেই কদু। ঢাকা আর নিউইয়র্কে পার্থক্য কোথায়?
প্রিন্স ঘরের সবার জন্য মাস্ক কিনে নিয়ে এল। পাঁচ টাকার মাস্ক এখন পঞ্চাশ টাকা। ভালো মানেরটা তিন শ টাকা। নিউইয়র্ক থেকে আমার বউমা রুবা ফোনে বলল, ১. ৭৯ দামের স্যানিটাইজিং লিকুইড এখন হাঁকছে দশ ডলার।
হাড় ভাঙার যন্ত্রণা যে কত কষ্টের, বিশেষ করে এই বয়সে, বোঝানোর ক্ষমতা আমার নেই। যন্ত্রণায় এতটাই কাহিল থাকি, প্রয়োজনের বাইরে কথা বলা হয় না। সোমবার এসেছিল আমার বাল্যবন্ধু, লেখক ও পরিবেশবিদ মুকুল আশরাফ। ষাটের দশকে আমরা এক সঙ্গে ছাত্র ইউনিয়নে নাম লিখিয়েছিলাম। দৈনিক জনপদে সাংবাদিকতা করেছে। মেধাবী ছাত্র ছিল। ক্লাসে সব সময় ফার্স্ট হতো। চেহারা-সুরতে এখনো তরুণ-সজীব। সে তুলনায় আমি বুড়ো হয়ে গেছি। তিন দশক পর দেখা। প্রাণ খুলে কথা বললাম। ভুলে গেলাম প্রাণঘাতী ব্যথা।
২৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় নামার তিন ঘণ্টার মাথায় এক সিঁড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় ফোনের সিম বদলানো হয়নি। মেসেঞ্জারে দুচার কথা হয়েছে দু/চারজনের সঙ্গে। তবারক ভাই বারবার খোঁজ নিচ্ছেন। সিলেট থেকে আজিজ আহমেদ ও অপূর্ব শর্মা কয়েক দফা জানতে চেয়েছেন, সিলেট যাচ্ছি কখন। পারলে এখনই উড়াল দিতাম। কিন্তু পারি কি করে? ঠিকমতো দাঁড়াতেই পারি না। মেসেঞ্জারে কথা বলতে পারল না লেখক হুসনে আরা হেনা। পরামর্শ দিল হোয়াটসঅ্যাপে গিয়ে ফোন দিতে। ডিজিটাল জগতে আমি এত আনকোরা, তাও পারলাম না। পারলাম না লেখক আফতাব চৌধুরীর সঙ্গেও কথা বলতে। অবশ্য নাতনি রাশার সঙ্গে মেসেঞ্জারে কথা চালাচালি করেছি অনেকক্ষণ। মানুষের অন্তর্নিহিত শক্তির প্রসঙ্গেই এই দীর্ঘ আলাপ। বলেছিলাম, যে নিজেকে চিনতে পারে, সে চিনতে পারে জগৎটাকেও।
২৬ ফেব্রুয়ারি রাতে জেএফকেতে তিন দফা পাসপোর্ট প্রদর্শনের পর যখন টার্কিশ বোয়িংয়ে নিজ আসনে বসতে যাব, এক গ্রাউন্ড কর্মী এসে আমার পাসপোর্টটি এই বলে নিয়ে গেল—একটু কাজ রয়ে গেছে, এক্ষুনি ফেরত দিয়ে যাব। অজানা উদ্বেগের মুহূর্ত কাটতে না কাটতেই অবশ্য ফেরত দিয়ে গেল। ঘড়ির কাঁটায় কাঁটায় বিমান আকাশে উড়ল। ক্যাপ্টেন জানালেন, আমরা ৮ ঘন্টা ২০ মিনিটে ইস্তাম্বুল গিয়ে পৌঁছাব।
বাহ, চমৎকার। ২০১৫ সালে টার্কিশ এয়ারলাইনসে ভ্রমণ করেছি। সময় লেগেছে ১০ ঘণ্টার কাছাকাছি। প্লেনের গতি তাহলে বেড়েছে। অথবা বাতাসের আনুকূল্য পেয়েছে। তবে খাবার কমেছে। আগে ব্রেকফাস্টসহ তিনবার খাবার পরিবেশন করা হতো। এবার করা হলো দুবার। গতির খেসারত বুঝি!
টার্কিশ ম্যাডিটারিয়ান খাবারের প্রতি আমার দুর্বলতা আছে। এ কথা ঘনিষ্ঠজনদের বলে থাকি।
কথা মতো ইস্তাম্বুলে যথাসময়ে এল বিমান। এখানেই ঘটল প্রথম দুর্গতি। বৃষ্টির মধ্যে টারমাকে দাঁড় করিয়ে যাত্রীদের নামতে বলা হলো। আমরা হুইল চেয়ারের ট্রানজিট যাত্রী, ঢাকা যাব। প্লেনের ভেতরে একপাশে আমাদের বসিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে মালামাল নামানোর ক্রেন দিয়ে আমাদের নামিয়ে এক বাসে তোলা হলো। হুইল চেয়ার, সে কোথায়? বাস গিয়ে থামল এক ভবনের পাশে। সেখানে এক ঘরে আমাদের বসিয়ে বোর্ডিং কার্ড চেক করে করে একজন একজন করে হুইল চেয়ারে নেওয়া শুরু হলো। ক্লান্ত স্ত্রীকে চেয়ারে বসিয়ে বলতে গেলে পেছনে পেছনে দৌড়াতে থাকলাম। থামলাম আরেক চেকিং স্টেশনে। পাসপোর্ট, বোর্ডিং পাস চেকের পর আবার আরেক স্টেশন। সেখানে আবারও একই পরীক্ষা। এরপর বিমানে, একটি এয়ার বাসে।
সাড়ে ছয় ঘণ্টায় ইরান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ওপর দিয়ে উড়ে যথাসময়ে নামলাম ঢাকায়। এরপর যা হলো তৎক্ষণাৎ একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। তা ছিল নিম্নরূপ
শিফট পরিবর্তন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ভোর সোয়া পাঁচটা। ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারবাসটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামল। ইমিগ্রেশন শেষে অপেক্ষায় আছি লাগেজের। কিছু স্যুটকেস আসার পর বন্ধ হয়ে গেল আসা। ঘূর্ণমান বেল্টে ডজনখানেক স্যুটকেস অনবরত ঘুরছে। নতুন কোন স্যুটকেস নেই। অনেকক্ষণ অপেক্ষার পর সিভিল অ্যাভিয়েশনের এক কর্মীর কাছে জানতে চাইলাম, লাগেজ আসছে না কেন?
কর্মীর উত্তর, সার্ভিস এখন বন্ধ আছে। লাগেজ হ্যান্ডেলিং যারা করেন, তাদের একদলের ডিউটি শেষ, অন্য দল ডিউটি শুরু করতে যাচ্ছে। এ কারণে এখন সার্ভিস বন্ধ আছে।
বাহ চমৎকার!
ভাগ্যিস, মাঝ আকাশে পাইলটের বলার সুযোগ নেই, আমার ডিউটির সময় উত্তীর্ণ, আমি ককপিট ত্যাগ করলাম!
গ্রাউন্ডে সব সম্ভব! এ জন্য একটি আন্তর্জাতিক বিমানবন্দরে শিফট চেঞ্জের নামে সার্ভিস বন্ধ কি মেনে নেওয়া যায়?
২০/২৫ ঘণ্টা ভ্রমণ শেষে লাগেজের জন্য দুই/আড়াই ঘণ্টা ধৈর্য পরীক্ষা দেওয়ার মতো বয়স সবার কি আছে? এই এয়ারপোর্টে গুটিকয়েক ফ্লাইট সামাল দিতেই এই অবস্থা? দিনে শত ফ্লাইট থাকলে, কল্পনা করা যায়, কি হতো? বিমানবন্দরের এই সামান্য সার্ভিসের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় থাকতে হবে?’
ভ্রমণে আমার কখনো ঘুম হয় না। যাত্রার আগের রাতেও ঘুমাতে পারিনি। একটানা আড়াই দিন অনিদ্রা। বাসায় এসেই বললাম, আগে একটু ঘুমাব, তারপর কথা বলব। মনি (ভাই আতিকের স্ত্রী) বলল, ভাইসাহেব, চা টেবিলে রেডি। খেয়ে ঘুমিয়ে নিন। চা খেয়ে ডুপ্লেক্স বাসার সপ্তম তলার সিঁড়ি বেয়ে ওপরে পৌঁছে গেছি। এ সময় মুহূর্তের মধ্যে মাথা ঘুরে পড়ে গেলাম। ১/২ সেকেন্ডের মধ্যে কীভাবে ১৫টি সিঁড়ির শেষ প্রান্তে এসে পৌঁছলাম, মনে নেই। সংবিৎ ফিরে চেয়ে দেখি উদ্বিগ্ন উৎকণ্ঠিত হাসি, মনি, প্রিন্স, মিষ্টি আমার চারপাশে। প্রিন্স ও মিষ্টি আমাকে তোলার প্রাণান্ত চেষ্টা করছে। সাহায্যে এগিয়ে এল কালাম। প্রিন্স ইউনাইটেড হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিল। কিন্তু আমি বিছানার ছোঁয়া পেতেই ঘুমিয়ে পড়লাম। আতিক জরুরি ওষুধপত্র নিয়ে এসে বলল, হাসপাতালে যেতেই হবে।
তথাস্তু।
শরীরের এখানে-সেখানে ক্ষত। এক্স-রেতে ধরা পড়ল স্কন্ধের হাড় ভাঙা। প্রচণ্ড ব্যথা। দোয়া করি, কারও যেন এমনটি না হয়। প্রথমে তিন সপ্তাহের কথা বললেও এখন অর্থোপেডিক কনসালট্যান্ট বলছেন, হাড় আগের জায়গায় ফিরে আসতে লাগবে ছয় সপ্তাহ। বাড়তি সমস্যা হলো, স্বাভাবিকভাবে হাঁটা–চলাফেরা করতে পারি না। তাই বলা যায়, স্বেচ্ছাবন্দী।
ইব্রাহীম চৌধুরী তাঁর পোস্টে আশা করেছিলেন, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জম্পেশ আড্ডা হবে। তা এখন অনিশ্চিত। অনিশ্চিত হজরত শাহজালাল (র.)–এর দরগা শরিফে মা-বাবার কবর জিয়ারতের পর মোগলাবাজারে তাদের নামে প্রতিষ্ঠিত দুটি স্কুল দেখে আসাও।
করোনার কথায় ফিরে আসি।
নিউইয়র্কে এক ল’ ফার্মে চাকরি করতেন নিকটাত্মীয়। ইমিগ্রেশন দেখতেন। মঙ্গলবার এক টেক্সট বার্তায় জানালেন, চাকরিটা আজই হারালেন। নিয়োগকর্তা করোনা ভাইরাসের কথা উল্লেখ করে বলেছেন, ব্যবসা মন্দা, তাই চাকরিতে রাখা গেল না। বিশ্বজুড়ে এখন তোলপাড়। বাংলাদেশও এর বাইরে নয়। সব অঙ্গনে নেতিবাচক প্রভাব। তবে ভয়ংকর দিক হচ্ছে আতঙ্ক, অন্য কথায় আতঙ্ক ছড়ানো। সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের সর্বাত্মক ব্যবস্থা নেওয়া জরুরি, আতঙ্ক ছড়িয়ে জনজীবন স্তব্ধ করা কখনো কাম্য নয়।
বিভিন্ন মাধ্যমে এখন পরামর্শকের ছড়াছড়ি। মনে পড়ে, গোপাল ভাঁড়ের ওই গল্পের কথা। রাজা জিজ্ঞেস করেছিলেন, দেশে কোন পেশার লোক সবচেয়ে বেশি। গোপাল ভাঁড়ের উত্তর ‘ডাক্তার’। রাজা রেগে গিয়ে বললেন, তা কি করে হয়! গোপাল ভাঁড়কে এর প্রমাণ দিতে হবে, না হলে শূলে চড়াবেন।
তিন/চার দিন অনুপস্থিত থাকার পর রাজসভায় এসে হাজির গোপাল ভাঁড়। রাজা জিজ্ঞেস করলেন অনুপস্থিতির কারণ। গোপাল ভাঁড়ের উত্তর, হুজুর জ্বর-ফ্লুতে ভুগছিলাম।
এরপর উজির, নাজির, মন্ত্রীসহ পুরো পরিষদ এমনকি স্বয়ং রাজা গোপাল ভাঁড়ের অসুখ নিয়ে নানা পরামর্শ দিতে থাকলেন। গোপাল ভাঁড় বলল, হুজুর, এই নিন প্রমাণ। আজ আপনার পরিষদের সবাই ডাক্তার। সবাই আমাকে জ্বরের পরামর্শ দিচ্ছেন। এভাবে সারা দেশটা ডাক্তারে ভরপুর।
লেখক: নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক।