শিরশ্ছেদে ভয় পাবে না যুক্তরাষ্ট্র: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নিরীহ মার্কিন সাংবাদিক স্টিভেন সটলোফের শিরশ্ছেদ করে কোনভাবেই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে পারবে না। বরং এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার হবে।
আজ বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ওবামা এই প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন সাংবাদিক সটলোফের শিরশ্ছেদের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ইসলামিক স্টেট (আইএস)।
ভাষণে ওবামা বলেন, খুনিরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে যদি ভেবে থাকে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটা ভুল। তারা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। কারণ মার্কিনদের মতো সারা পৃথিবীর মানুষ তাদের এই বর্বর হত্যাকাণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে।
এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদ করে আইএস।
এই দুই মার্কিন সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এই হত্যাকাণ্ড অপ্রীতিকর ও অগ্রহণযোগ্য, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।
হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করার জন্য আরও এক হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন।