শিল্প যখন প্রতিবাদের মাধ্যম

পৃথিবীর অনেক দেশেই প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় শিল্প। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও এমনই এক প্রতিবাদ দেখা গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্কের বিভিন্ন তথ্যমাধ্যম দপ্তরের সামনে ছোট ছোট খাঁচা বানিয়ে ফেলে রাখা হয়। খাঁচার ভেতর কাগজের তৈরি একটি শিশুকে দেখা যায়। শিশুটি চিৎকার করে বাবাকে খুঁজছে।
‘খাঁচার ভেতর কোনো শিশু নয়’—এই শিরোনামের আর্ট ইনস্টলেশন দেখা যায় শহরের বিভিন্ন জায়গায়। এর মাধ্যমে মানুষকে মনে করিয়ে দেওয়া হয়, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন বন্ধের নামে শিশুদের মা-বাবার কাছ থেকে আলাদা করে এ রকম খাঁচার মধ্যে আটকে রেখেছে।
গত এক বছরে ট্রাম্প প্রশাসন এমন প্রায় দুই হাজার শিশুকে আটক করেছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এমন অনেক শিশুকে এখনো তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি।
নিউইয়র্কবাসী এই খাঁচার সামনে দল বেঁধে ভিড় জমিয়েছে। শিশুর চিৎকারের রেকর্ডিং শুনে অনেকেই চোখের জল সামলাতে পারেননি। অভিবাসন অধিকার নিয়ে কাজ করে রেইসেস নামে এমন একটি সংগঠন ২৪টি খাঁচার ইনস্টলেশন আর্ট শহরজুড়ে ছড়িয়ে রাখে। তবে তাদের বেশিক্ষণ রাখা যায়নি। পুলিশ খবর পাওয়া মাত্র তাদের সরিয়ে ফেলে।