শিল্পাঙ্গনের তিন দিনব্যাপী নবান্ন উৎসব আয়োজন
শিল্পাঙ্গনের উদ্যোগে ২০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছর নবান্ন উৎসবের সাফল্যের ধারাবাহিকতায় এবারও অত্যন্ত সার্থকভাবে ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। বৈশ্বিক মহামারির কারণে সব মিলনায়তন ও মানুষের জমায়েত বন্ধ। এর মধ্যেও শিল্পাঙ্গনের অনলাইন মাধ্যমে নবান্ন উৎসবের আয়োজন এক যুগান্তকারী ঘটনা, যেখানে সারা বিশ্ব থেকে শিল্পী ও দর্শক সাগ্রহে অংশ নিয়েছে।
২০ নভেম্বর সন্ধ্যায় প্রথম বসে শিল্পাঙ্গনের প্রাক-নবান্ন আসর ‘নবান্নের নিমন্ত্রণ’। অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে শিল্পাঙ্গনের শিল্পীবৃন্দ সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
২১ নভেম্বর আয়োজিত হয় নবান্ন উপলক্ষে ‘কহে নাট্যজন’–এর বিশেষ পর্ব। শিল্পাঙ্গন প্রতি সপ্তাহে ‘কহে নাট্যজন’ অনুষ্ঠানে বাংলা নাটকের প্রথিতযশা ব্যক্তিদের নিয়ে নাট্যালোচনা করে থাকে। নবান্নের বিশেষ পর্বে শিল্পাঙ্গনের নাটক বিভাগের তিন শিল্পী শফিউল আলম, রাফিয়া খান ও সোনিয়া পান্না আলাপচারিতায় প্রবাসে নাট্যচর্চার অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
২২ নভেম্বর বেলা ১টায় নবান্ন উৎসবের মূল অনুষ্ঠানে উদ্বোধন হয়, শেষ হয় রাত পৌনে দশটায়। সারা দিনের অনুষ্ঠানমালাকে মোট দশ পর্বে ভাগ করা হয়। প্রথম থেকে নবম পর্ব আগে ধারণকৃত এবং দশম পর্ব সরাসরি সম্প্রচারিত। প্রথম পর্বে সম্প্রতি প্রয়াত শিল্পাঙ্গনের শিল্পী সায়েম শাহরিয়ারকে স্মরণ এবং একটি স্মৃতিচিত্র পরিবেশিত হয়। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে শিল্পাঙ্গনের উপদেষ্টা পরিষদের সভাপতি রাহাত হোসেন ও নির্বাহী পরিষদের সভাপতি আমর আশরাফ। সূচনা কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ নজরুল ইসলাম এবং সূচনা সংগীত পরিবেশন করেন বিদিশা দেওয়ানজী।
শিল্পাঙ্গন নবান্ন উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা। এ বছর যেহেতু সরাসরি দর্শকদের কাছে যাওয়া যাচ্ছে না, তাই বিকল্প হিসেবে পিঠা তৈরির পদ্ধতি নিয়ে একটি অনুষ্ঠান করা হয় দ্বিতীয় পর্বে ‘শিল্পাঙ্গন হেঁসেল’ নামে। শাহরুখ তাসনীমের পরিকল্পনা ও সঞ্চালনায় পিঠা তৈরি শেখান রাফিয়া খান ও সোনিয়া কবীর। উপস্থাপনায় ছিলেন মাহনাজ হাসান।
শিল্পাঙ্গন নতুন প্রজন্মের মধ্যে বাংলা চর্চার প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে। নবান্ন উৎসবের তৃতীয় পর্বে ছিল ছোটদের পরিবেশনা ‘নবান্নের ধুম’। ইশরাত আহাম্মেদের উপস্থাপনায় কবিতা আবৃত্তি করে যারিফ ইসলাম ও নুসায়বাহ কবীর। সংগীত পরিবেশন করে সামায়রা মাহিবা ও রাই সরকার।
কবিতা ও গানের আলেখ্য, ‘কাশবনের স্বরলিপি’ পরিবেশিত হয় চতুর্থ পর্বে। যেখানে ঋতু, প্রকৃতি, প্রেম ও আনন্দ প্রাধান্য পায়। কবিতা আবৃত্তি করেন সাবিনা নীরু, তাহরিনা পারভীন ও সাবিনা হাই। গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা দাস, দীপ্তি বড়ুয়া, মৌসুমী বড়ুয়া, তাহমিনা তাহরীন, মাহমুদ চৌধুরী, ফাহমিদা ইয়াসমিন, মোহাম্মদ শানু এবং শাহ্পার ইসলাম। উপস্থাপনায় ছিলেন সামিনা আশরাফ।
নবান্ন উপলক্ষে কবিতা পাঠ ও আবৃত্তির বিশেষ আয়োজন ছিল পঞ্চম পর্বে ‘হেমন্তের পদাবলি’। শাহরুখ তাসনীমের উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন আমন্ত্রিত বাচিক শিল্পী জি এইচ আরজু, গোপন সাহা, আয়েশা দেওয়ান, নাদিরা আহমেদ, বাশিরুল হক, রেজাউল করিম ও এশা রহমান।
শিল্পাঙ্গনের নৃত্যবিভাগে প্রশিক্ষণের দায়িত্বে আছেন প্রখ্যাত নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস। তাঁর পরিচালনা ও অংশগ্রহণে নৃত্যালেখ্য ‘ঢেঁকির ছন্দ’ পরিবেশিত হয় ষষ্ঠ পর্বে, যা দর্শকদের বিশেষ প্রশংসা অর্জন করে। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় এতে আরও অংশ নেয় লিয়ানা রশীদ, অর্নুশা ও মায়রা ইসলাম।
শিল্পাঙ্গনের শক্তিশালী একটি বিভাগ হচ্ছে নাটক বিভাগ। নাটক বিভাগের উপস্থাপনা ছিল সপ্তম পর্বে নাট্যালেখ্য ‘জয় হোক’। অভিনয়শিল্পী শিরীন বকুলের একক অভিনীত নাটক ‘শ্বাস’ ছিল নবান্ন উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। রাফিয়া খানের উপস্থাপনায় দ্বিতীয় নাটক ‘সাধু’-তে অভিনয় করেন লতিফ রহমান ও মোহাম্মদ নজরুল ইসলাম।
নবান্ন উৎসবে শিল্পাঙ্গনের আরেক আকর্ষণ ছিল সমবেত পরিবেশনা ‘অঘ্রানের আঘ্রাণ’। শিরীন বকুলের আবৃত্তি দর্শকদের বিমোহিত করে। সাবিনা হাইয়ের উপস্থাপনায় সমবেত আবৃত্তি ও সংগীতে অংশ নেন বিদিশা দেওয়ানজী, সামিনা আশরাফ, মাহনাজ হাসান, ইশরাত আহাম্মেদ, শাহ্পার ইসলাম, ফারজানা সুলতানা, আফরীন খান, সোনিয়া কবীর, শাহরুখ তাসনীম, রাফিয়া খান, সোনিয়া হক, সামায়রা মাহিবা, তাহমিনা তাহরীন, শফিউল আলম, মোহাম্মদ শানু ও মোহাম্মদ নজরুল ইসলাম।
নবান্ন উৎসবে শিল্পাঙ্গন কয়েকজন শিল্পীকে আমন্ত্রণ জানায়। তাঁদের পরিবেশনা দুটি পর্বে প্রচারিত হয়। নবম পর্ব ‘গানের পাখি’-তে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী রোকাইয়া হাসিনা, আধুনিক গানের কৃষ্ণা তিথি এবং লোকসংগীতের মেলাল করিম। ফারজানা সুলতানার উপস্থাপনায় আমন্ত্রিত পর্বটি দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
নবান্ন উৎসবের সর্বশেষ পর্ব ‘আনন্দধামে’ আমন্ত্রিত হন ধ্রুপদি গানের শিল্পী অনুপ বড়ুয়া, রবীন্দ্রসংগীতের শ্রেয়া গুহঠাকুরতা এবং বিদিশা দেওয়ানজী। মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সরাসরি সম্প্রচারিত অতিথি শিল্পীদের পরিবেশনা অনলাইন মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
শিল্পাঙ্গন এই আয়োজনে সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে সৌগত সরকার, রাহাত হোসেন, আমর আশরাফ, ফালাহ আহাম্মেদ ও আকতার কামালের প্রতি। অনলাইন মাধ্যমে তিন দিনব্যাপী জমজমাট নবান্ন উৎসব আয়োজনের মাধ্যমে শিল্পাঙ্গন নতুন মাইলফলক সৃষ্টি করেছে।