শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পী ও অতিথিরা
শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পী ও অতিথিরা

নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত আর্ট গ্যালারি সুন্দরম টেগোর চেলসিতে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্ম প্রদর্শনী। ১৪ মে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিশেষ উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। আমেরিকায় বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরির প্রয়াসে কনস্যুলেট জেনারেল এ উদ্যোগ নেয়।
প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি বলেন, এ প্রদর্শনীর আয়োজনে যারা সহায়তা করেছেন, তাঁদের কাছে বাংলাদেশ কনস্যুলেট কৃতজ্ঞ। এ চিত্র প্রদর্শনী বাংলাদেশ সম্পর্কে আমেরিকার মূলধারার সমাজে একটি ইতিবাচক ধারণা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী তৈয়বা বেগম লিপির এক্সপেরিমেন্টাল কাজ। স্টেইনলেস স্টিলের ব্লেড দিয়ে বিশেষভাবে তৈরি লিপির প্রতিটি শিল্পীকর্মই দর্শনার্থীদের আকৃষ্ট করে। পরে তৈয়বা বেগম লিপি তাঁর বক্তব্যে নিজের শিল্পকর্ম সম্পর্কে কথা বলেন।
প্রদর্শনীর উদ্বোধনী দিনে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনসাল জেনারেলসহ কূটনীতিকবৃন্দ, জাতিসংঘের কর্মকর্তা, সাংবাদিক, বাংলাদেশ থেকে আগত নামকরা চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের সদস্য এবং বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান ছিলেন। প্রদর্শনীটি চলবে ১ জুন পর্যন্ত।