শিল্পী নাবিলের একক প্রদর্শনী ‘জলাশয়’
নিউইয়র্কের ব্রঙ্কসে লেখক ও বহুমাত্রিক শিল্পী নাবিল রহমানের ‘জলাশয়’ শিরোনামে দ্বিতীয় একক প্রদর্শনী চলছে। প্রদর্শনী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকছে। করোনার কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে দর্শনার্থীদের আসার আগে একটি সেশন বুকিং করিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বৈচিত্র্যের নগর নিউইয়র্কের ব্রঙ্কসে বেড়ে উঠেছেন নাবিল। বড় নগরের বৈচিত্র্যকে নিজের মতো ধারণ করেন তিনি। শ্বেতাঙ্গ পুলিশ, লোভের দোলাচল, ভেঙে যাওয়া স্বপ্ন, জীবনের হাহাকার, সংখ্যাতত্ত্বের জীবন এই শিল্পীকে তাড়িত করে।
ঘর থেকে জনপদে নামলেই যে নগরে দেখা যায় দেয়ালচিত্র। নানা কোড, নানা অকথিত কথা লেখা আছে এসব দেয়ালে। সব মিলে এক মিশ্র জনারণ্যের নগরে শিল্পী নাবিল রহমান নিজের তুলির আঁচড় কাটেন।
ব্রঙ্কসের জনপদ এক সময় কৃষ্ণাঙ্গদের দখলে ছিল। আজও এ দেয়ালের নানা চিত্রে তাদের নানা ভাবালুতা, নানা অকথিত কথার বিমূর্ততা স্পষ্ট দেখা যায়। হিপ–হপ সংগীতের উৎসের এলাকা এই ব্রঙ্কস। নাবিল ধার করেন ধারণা। তাঁর তুলিতে উঠে আসে লাল, কালো আর হলুদ রং। ব্রুকলিনে জন্ম নেওয়া জিন মাইকেল বাস্কুয়াট তাঁকে অনুপ্রাণিত করেন বলে জানান নাবিল।
নাবিলের জন্ম বাংলাদেশের সিলেটে। মাত্র ১১ বছর বয়সে পরিবারের হাত ধরে অভিবাসী হয়ে আমেরিকা আসেন। নাবিলের নানা একুশে পদক পাওয়া কবি দিলওয়ার, তাঁর মামা আশির দশকের শক্তিশালী কবি কিশোয়ার। নাবিলের চিত্রকর্মে দেখা যায় স্বদেশের নানা উপাদান। ওরস, মাহফিল, সার্কাস শিরোনামে বেশ কিছু বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক লোককাহিনি ভিত্তিক চিত্রকর্মের কাজ করেছেন নাবিল রহমান।
ভারতবর্ষের সুফি ঐতিহ্যের একটি প্রাচীন অনুশীলন আছে নাবিলের কাজে। অলৌকিকতা আর আধ্যাত্মিকতার বিমূর্ত প্রকাশ দেখা যায় তাঁর চিত্রকর্মে। ইসলাম ধর্মের একজন গভীর অনুসারী নাবিল, তিনি তাঁর শিল্পকর্মে ইসলামি চিন্তার বিমূর্ততা তুলে ধরেন।
প্রদর্শনীতে নাবিলের অঙ্কন, ফটোগ্রাফ, মাল্টি-মিডিয়া কাজ এবং ইনস্টলেশন বৈশিষ্ট্যযুক্ত। এটি শিল্পের অভিজ্ঞতার বিবিধ পরিসরে অভিবাসী জীবন, শিল্প, গ্রহের ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ও আধ্যাত্মিক আবিষ্কার ইত্যাদির মতো প্রতিচ্ছবিগুলো প্রতিফলিত করে।
শিল্পী নাবিল ২০১২ সালে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের গ্র্যাজুয়েট স্কুল অফ জার্নালিজমে এমএ করেছেন। ২০১০ সালে হারবার্ট এইচ লেহম্যান কলেজে (নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি) ক্রিয়েটিভ রাইটিংয়ে বিএ করেছিলেন। তিনি ঢাকা আর্ট সামিটে অংশ নিয়েছিলেন (২০২০ ও ২০১৮), বেলাস আর্টস প্রজেক্টস, ম্যানিলা (২০১৮), ওয়েভস, ক্রিনজিংগার গ্যালারি (২০১৬), রাস্টার, এক্সপেরিমেন্টার গ্যালারি (২০১৬)। তিনি ২০১৯ সালে উরন্টো আর্ট রেসিডেন্সিয়াল প্রোগ্রাম এবং ২০১৭ ও ২০১৮ সালে ফিলিপাইনের বটানে বেলাস আর্টস প্রজেক্টে অংশ নিয়েছিলেন। নিউইয়র্কের আইজ অন বাংলাদেশ (২০১৪)–এ ফটোগ্রাফি প্রদর্শনী তিনি সাজিয়েছিলেন।
নাবিল আল–জাজিরা আমেরিকা, টাইম ও ভোগ ইন্ডিয়ার মতো সংবাদমাধ্যমে একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করেন। তিনি সিবিএস নিউজে কাজ করেছেন এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মাল্টিমিডিয়া প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।