শিল্পের বন্ধুর পথে পথ চলা পথিক

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নোঙর ফাউন্ডেশনের গ্যালারিতে চলছে চিত্রশিল্পী কে সি মংয়ের দ্বিতীয় চিত্রপ্রদর্শনী। ২৬ অক্টোবর উদ্বোধন হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। আজ পঞ্চম দিন। এই পাঁচ দিনের মধ্যে আমি এসেছি চার দিন।
শিল্পের প্রণয়াসক্ত হয়ে নয়। আমি শিল্প কলার তেমন বোদ্ধা মানুষ নই। সাহিত্য কর্মী হওয়ার কারণে নানা শিল্পের রস আস্বাদনের চেষ্টা আছে। তাই বলে পর পর চার দিন ছোট্ট পরিসরের এই চিত্র প্রদর্শনীতে এসে দীর্ঘ সময় দেওয়াটা শিল্পকর্ম খুঁটিয়ে দেখে প্রতিটি চিত্র মননে-মণীষায় গেঁথে নেওয়ার চেষ্টায় নয়। প্রথম দিন এসেছি শিল্পকর্ম দেখার আগ্রহে। পরের দিনগুলোতে এসেছি শিল্পীর কারণে। শিল্পী কে সি মংকে আমি নিউইয়র্কে দেখছি আজ কয়েক বছর। মাঝে মাঝেই দেখা হয়। কখনো একদার লিটল ইন্ডিয়া খ্যাত, সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কে একখণ্ড বাংলাদেশ নামে পরিচিত জ্যাকসন হাইটসের জনাকীর্ণ রাস্তায়, কখনো তাঁর কর্মস্থলে। সর্বত্রই এক, সদা হাস্য মুখ। বিনয় বিগলিত মধুর ব্যবহার। শিশুর সারল্য যেন সারা চোখে-মুখে লেপ্টে আছে। এই মানুষটির সারল্য, বিনয়, নম্রতা আমি আমার ভেতরে ধারণ করতে চাই। তাঁকে দেখি, তাঁর সৃষ্টি দেখি। তাঁর সৃজনশীলতা পরখ করার চেষ্টা করি আমার সীমিত জানার আলোয়, আমার চেনা জানার পরিধির মধ্যে ফেলে। শিল্পী কে সি মংয়ের চিত্রগুলো তাঁর মতোই সরল।
চিত্র প্রদর্শনীতে আসছি বলে আলাদা করে মানসিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। এক গভীর বোধের আতশ কাচের আলো ফেলে জহুরির চোখ দিয়ে খুঁটিয়ে, মুখে গাম্ভীর্যের মুখোশ এঁটে তাঁর শিল্পকর্ম দেখতে হয় না। চমৎকার শৈল্পিক পরিবেশে পরিচ্ছন্ন গ্যালারিতে মোট ৪২টি চিত্র স্থান করে নিয়েছে, যার মধ্যে ২৫টি তৈলচিত্র, জলরং ৮টি, অ্যাক্রিলিক ৬টি, পেস্টাল দুটি ও পেনসিল স্কেচ ১টি। ক্যানভাসে আঁকা তৈলচিত্রই
বেশি জায়গা জুড়ে থাকায় চোখ জোড়া রঙে আটকে যায়।
রঙের আধিক্য, ঔজ্জ্বল্যই চোখে পড়ে বেশি। তবে চোখ ধাঁধিয়ে যায় না, বরং চোখের আরাম হয়।
চারদিকে বাংলাদেশের নিসর্গ, সবুজ আর সবুজ, জল, পাহাড়। এই ল্যান্ডস্কেপগুলো মুহূর্তে মন বাংলাদেশে নিয়ে যায়। চিত্রশালায় প্রবেশের মুখেই হাতের ডানে দেয়ালজোড়া বঙ্গোপসাগর কোলের সাগরকন্যা মহেশখালী, মহেশখালীর দরিদ্র জেলে জীবনের সংগ্রাম। শিল্পী মং মহেশখালীর সন্তান। মহেশখালীকে বুকের মধ্যে সযতনে পুষে রাখেন পশ্চিমের এই রুখো বাস্তবতার মাটিতে দাঁড়িয়েও, এ যেমন সত্য, তেমনি বর্তমানকেও তিনি যত্ন করেই ভালোবাসেন। সেই ছবি ধারণ করেন নানা চিত্রে। নিউইয়র্কের এক অনুপম সৌন্দর্য-বিস্ময় সেন্ট্রাল পার্ক। চারিদিক সুউচ্চ সব দালান বাড়ি, আকাশ ছোঁয়া সব হোটেল, রেস্টুরেন্ট, পর্যটক, পাথুরে মাটিতে ঘোড়ার পায়ের ক্ষুরে বাঁধা ধাতব আঘাত সকল আওয়াজ দূরে সরিয়ে দেওয়া মহানগরীর ভিড়াক্রান্তের মধ্যেই একখণ্ড গ্রাম, গ্রামীণ নিস্তব্ধতা, সুনসান নীরবতা, শান্ত সুনীল আকাশ এখানে, আলোছায়ার খেলা এখানে সর্বত্র।
এসবই বারবার উঠে এসেছে শিল্পী কে সি মংয়ের ছবিতে। এসব সরল আর রঙের আধিক্য ভরা ছবিগুলোতে ইমপ্রেশনিষ্ট শিল্পীদের অনিয়ন্ত্রিত আবেগ ও অলক্ষ্য প্রভাবের কথা মনে আসতে চায়। মংয়ের ছবিতে চিত্রের ভেতরে চিত্র নেই। জীবনের জটিল ধাঁধা, এর অলিগলি, অন্ধি-সন্ধির উঁকিঝুঁকি নেই। বুঝতে না পারা বা বুঝতে না চাওয়ার অবধারিত ব্যাখ্যা হিসেবে অ্যাবস্ট্রাক্ট শব্দটিকে ধরিয়ে দেওয়ার চেষ্টা নেই। তাহলে তাঁর ছবিতে শৈল্পিক বা শিল্পিত উপাদান বিশেষ কি আছে?
অবশ্যই আছে। সংখ্যাল্প হলেও বেশ কয়েকটি চিত্রে তাঁর নিজস্ব সৃজন ভাবনা, সমাজ সমস্যা নিয়ে তাঁর দুর্ভাবনা, অস্থির চিন্তা ধরা পড়ে। উদাহরণ হিসেবে আমরা প্রথমেই আন্ টাইটলড্ বাংলার প্রকৃতির নানা রং ছবিটার কথা বলতে পারি। অ্যাক্রিলিকে করা এই ছবিতে রঙের বহুবিধ স্তরে ব্রাশ, স্পেচ্যুলার ব্যবহৃত হয়েছে। ছবিটি শিল্প রসিকদের মনোযোগ আকর্ষণ করে। অ্যারোগ্যান্ট শিরোনামে ১২ বাই ১৬ ইঞ্চি তিনটি ক্যানভাসে আঁকা তেল ও অ্যাক্রিলিকের ছবিতে মানুষের জীবনচক্র তথা শেষ পরিণতি বা গন্তব্য নির্দেশ করেছেন, সৌন্দর্যের প্রতীক এক তরুণীর সৌন্দর্যমণ্ডিত মুখাবয়ব, সৌন্দর্য কেড়ে নেওয়া বার্ধক্য পীড়িত ও শেষ ছবিতে বিলিয়নিয়ার অথবা নিস্কপর্দক মানুষের এক গন্তব্য, এক পরিণতি। তিনটি ছবির এই কোলাজ সকল দর্শককেই কিছুক্ষণ আবিষ্ট রাখে, ভাবায়।
ইনসিকিওরড্-১ ও ইনসিকিওরড্-২ নামের দুটি একই বিষয়ভুক্ত ও একই অর্থ প্রকাশ তৈলচিত্র আছে দুটি আলাদা দেয়ালে। দৃশ্যমান মূল বট গাছকে ক্রমশ আড়াল করে ফেলছে তার নিজের থেকে বেরিয়ে আসা বটের ঝুড়িগুলো। নিজেরই শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ লতাগুলো সময়ান্তরে শক্ত শিকল হয়ে তাকেই খেয়ে ফেলতে উদ্যত। ক্রমশ তার নিজের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। এই ছবি দুটি আমাদের ক্ষয়িষ্ণু দেশ, মুমূর্ষু মানব সমাজকেই আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়।
একই বিষয়ে একটি বড় আকৃতির ছবিও আছে আরেকটি দেয়ালে। শিল্পীর দুশ্চিন্তা, মানুষের মন থেকে স্নেহ-মমতা ভালোবাসা সব অপসৃত হচ্ছে। মানুষেরই তৈরি ছোট ছোট দুষ্টগ্রহ, ছোট ক্ষত কালান্তরে দানোরুপ ধরে মানুষকেই খেয়ে ফেলছে। ‘ভিকটিম অব্ অ্যাবিউজ’ নামে ৩৫ বাই ২৮ ইঞ্চি আকারের তৈলচিত্রে একটি অসাধারণ চিত্র আছে প্রদর্শনীর গ্যালারিতে। নির্যাতনের শিকার তরুণীর নির্যাতন উত্তর শারীরিক ও মানসিক ট্রম্যাটিক সিচুয়েশনকে তথা আমাদের সামাজিক মূল্যবোধের ভয়ংকর অবক্ষয় ও পচনকে তিনি তুলে এনেছেন তাঁর রং তুলিতে, যা সত্যিই প্রশংসার। ২৪ বাই ১৮ ইঞ্চির আরেকটি তৈলচিত্রে
আমরা নিঃসঙ্গতাকে অনুভব করি ‘লোনলিনেস’ নামের ছবিতে।
আমরা দেখি, শিল্পী আঁকছেন একজন মৌন নিঃসঙ্গ তরুণী নিঃসঙ্গ পাহাড়কে সামনে করে একাকী ঝুঁকে দাঁড়িয়ে থাকা আকাশকে সাক্ষী করে বসে আছে নিঃসঙ্গ, একা।
শিল্পী কি বলতে চাইছেন আমরা ক্রমশই একা হয়ে পড়ছি ? আত্মকেন্দ্রিক, স্বার্থপর বড়! বিচ্ছিন্ন?
তবে শিল্পী আশাবাদী। শেষ পর্যন্ত তাঁর প্রদর্শনীর গ্যালারির ছবিতে আশাবাদকে মূর্ত হয়ে উঠতে দেখি একমাত্র পেনসিল স্কেচ ড্রয়িংয়ে। আদিবাসী পরিবারে মা-বাবা বাইরে কাজে। ছোট ছেলেটিকে তারা সঙ্গে নিতে পারে না। অসহায় ছেলেটির দেখাশোনা, পরিচর্যা কে করবে? সংকট মোচনে শিশুটির বড় ভাই পরিবারের কিশোর ছেলেটি। ছোট ভাইয়ের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। ছবিতে দেখা যায়, কিশোর ছেলেটি পরম মমতায় মায়ের মতোই ছোট ভাইটিকে কোলে করে ঘুমিয়ে বসে আছে ঠাই। তারও চোখ বোঁজা। শিল্পী বোঝাতে চাইছেন, এখনো আশা জাগে, আজও সব শেষ হয়ে যায়নি!
শিল্পী কে সি মংয়ের শিল্পসৃষ্টি নিয়ে এখনই চূড়ান্ত কথা বলার সময় আসেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলায় স্নাতকোত্তর মং বয়সে এখনো তরুণ। তাঁর যাপিত জীবনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে বাড়বে তাঁর জীবন, অভিজ্ঞতা। পূর্ব ও পশ্চিমের মেলবন্ধনে তাঁর ছবিতে আমরা আবিষ্কার করব পুবের ভেতরে পশ্চিম, পশ্চিমের মধ্যে
পূর্ব। ইউরোপ আমেরিকার সঙ্গে এশিয়ার অভিজ্ঞতার শেয়ার।
মংয়ের তুলির আঁচড়ে ফুটে উঠবে মানব মনের দ্বন্দ্ব সংঘাত। জীবনের আলো আঁধারির খেলা। সংকট ও সম্ভাবনা। তবে এটি জোর দিয়েই বলা যায়, চিত্রশিল্পী কে সি মং তাঁর দ্বিতীয় প্রদর্শনীতে সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন। প্রতিদিনের শিল্প সচেতন, বোদ্ধা দর্শকের উপস্থিতি এবং ছবির বিক্রয় অবস্থা বলে দিচ্ছে, কে সি মং তাঁর ছবিগুলো নিয়ে আগামীর আশাচিত্র আঁকতে পেরেছেন। নিউইয়র্কের মতো কঠিন বাস্তবতার শক্ত মাটিতে প্রতিদিনের দিন যাপনের ক্লান্তি সাথি করে শিল্পকলার চর্চা অব্যাহত রাখা দুরূহ বিষয়। মং চালিয়ে যাচ্ছেন। অনেকের প্রথম এক্সিবিশন হয়, তারপর উৎসাহ পরাভব মানে। শিল্পী কে সি মংয়ের দ্বিতীয় প্রদর্শনী এটি এবং সেটি সফল পরিণতি পেতে যাচ্ছে। এ ভারী আশা ও আনন্দের কথা। আমরা এই শিল্পীর তৃতীয় চিত্র প্রদর্শনীর অপেক্ষায় রইলাম।