শিশুকে বাঁচাতে গরিলা হত্যা

গরিলার খাঁচায় পড়ে যাওয়া চার বছরের একটি শিশুকে রক্ষা করতে গুলি করে মেরে ফেলা হলো বন্য প্রাণীটিকে। যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরের চিড়িয়াখানায় গত শনিবার এ ঘটনা ঘটে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, গরিলাটির খাঁচার ১০ ফুট উঁচু বেড়া ডিঙিয়ে শিশুটি এর ভেতরে পড়ে যায়। ১৭ বছর বয়সী বিশাল দেহী গরিলাটি কিছুক্ষণ শিশুটির দিকে তাকিয়ে থাকে। এরপর তাকে নিজের কাছে টানতে থাকে। ‘পরিস্থিতি নাজুক’ হয়ে ওঠায় কর্তৃপক্ষ গুলি চালাতে বাধ্য হয়।
গরিলাটির ওজন ছিল ১৪০ কেজি। খাঁচায় ঢোকা শিশুটিকে একটি হাসপাতালে নেওয়া হয় সঙ্গে সঙ্গে। সে দ্রুত সেরে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনার পর সিনসিনাটি চিড়িয়াখানার গরিলা প্রদর্শনের জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
চিড়িয়াখানার পরিচালক থানি মেনার্ড বলেন, ‘চিড়িয়াখানার কর্মীরা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁরা একটি শিশুর জীবন রক্ষা করেছেন। ঘটনার পরিণতি ভয়ানক হতে পারত।’
থানি মেনার্ড বলেন, দ্রুততার সঙ্গে অচেতন করার ওষুধ প্রয়োগের ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না। গরিলাটি শিশুটির ওপর আক্রমণ না করলেও বড় ধরনের ঝুঁকি ছিল।
হারাম্বি নামে গরিলাটির জন্ম টেক্সাসের একটি চিড়িয়াখানায়। ২০১৪ সালে তাকে সিনসিনাটি চিড়িয়াখানায় নেওয়া হয়।