শিশুটি কেন সারভাইভাল সুবিধা পাবে না
দু বছরের অ্যাঞ্জেলিনা লিউকে দেখার পর কোনো সন্দেহ রইল না, সে নিহত এনওয়াইপিডি গোয়েন্দা ওয়েঞ্জিয়ান লিউর কন্যা। অ্যাঞ্জেলিনার মা পেই জিয়া লিউ বলেন, ‘কেউ বলতে পারবে না যে, আমার মেয়ে অ্যাঞ্জেলিনা তার সন্তান নয়।’ তিনি বলেন, ‘সে হুবহু তার বাবার মতো দেখতে। আপনাকে কোনো পরীক্ষাও করাতে হবে না। তার দিকে তাকিয়ে আপনি দেখতে পাচ্ছেন, অ্যাঞ্জেলিনা ওয়েঞ্জিয়ানের শিশু।’
তবে বর্তমান আইনের আওতায় অ্যাঞ্জেলিনা ওয়েঞ্জিয়ান লিউর মেয়ে হিসেবে স্বীকৃত নয়। একজন সিনেটর এ অবস্থার পরিবর্তন করতে চাইছেন। এই বিষয়ে ব্রুকলিন স্টেট সিনেটর অ্যান্ড্রু গৌনার্দিস বলেন, ‘রাজ্যের আইনটি ভয়াবহভাবে নিষ্ঠুর হয়ে গেছে।’
ব্রুকলিনের একটি আবাসন প্রকল্পে কর্মরত অবস্থায় অ্যাঞ্জেলিনার বাবা মারা যান। তাঁর মৃত্যুর প্রায় তিন বছর পর অ্যাঞ্জেলিনা জন্ম নেন ২০১৭ সালের ২৫ জুলাই। এদিকে বিষয়টি নিয়ে পেই জিয়া লিউ বলেন, ‘বিজ্ঞানের কারণে এটি একটি অলৌকিক ঘটনা।’ ওয়েঞ্জিয়ান লিউ বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার পর সেদিন হাসপাতালের জরুরি কক্ষের চিকিৎসকেরা পেই জিয়া লিউকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তাঁর স্বামীর শুক্রাণু সংরক্ষণ করতে চান কিনা। এই দম্পতির বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে।
পেই জিয়া লিউ বলেন, ‘আমরা সব সময়ই একটি পরিবার বাড়াতে এবং পরিবার বজায় রাখতে চেয়েছিলাম। অ্যাঞ্জেলিনাই আমাদের সেই একমাত্র সন্তান!’ লিউ ছিলেন নিউইয়র্ক পুলিশের প্রথম এশিয়ান আমেরিকান কর্মকর্তা, যিনি কর্তব্যরত অবস্থায় মারা যান। সোশ্যাল সিকিউরিটি বিভাগ থেকে বলা হয়েছে, ‘অ্যাঞ্জেলিনা লিউ সন্তানের সুবিধাগুলোর অধিকারী নয়। কারণ আমাদের কাছে যে তথ্য উপস্থিত রয়েছে, তা প্রমাণ করে না যে, সে ফেডারেল আইনের অধীনে সন্তানের সংজ্ঞা পূরণ করে।’
পেই জিয়া লিউ বলেন, তাঁর সন্তান অ্যাঞ্জেলিনা বাবার সোশ্যাল সিকিউরিটির ‘সারভাইভর’ সুযোগ-সুবিধার জন্য যোগ্য। এ ক্ষেত্রে সমস্যা তৈরি করছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিদ্যমান আইন। স্টেট সিনেটর গৌনার্দিস বলেছেন, ‘যদি তিনি (ওয়েঞ্জিয়ান লিউ) মারা যাওয়ার সাত মাস আগে সম্মতি ফরমটিতে স্বাক্ষর করে যেতেন, তবে এটি ঠিক ছিল। তিনি বলেন, এই পরিস্থিতি পূর্বানুমান করার কোনো উপায় নেই। আইন পরিবর্তন হলে তবেই শিশুটি সোশ্যাল সিকিউরিটির অধীনে সুবিধাগুলোর পুরোপুরি অধিকার পাবে।’
পেই জিয়া লিউ বলেন, তার ছোট মেয়েটি ঠিক বাবার মতো যত্নশীল ও বাবার মতোই পড়তে পছন্দ করে। ছোট অ্যাঞ্জেলিনাকে সম্মান জানানো ও স্বীকৃতি দেওয়া দরকার।