শিশুদের অনৈতিক কাজ করানোর অভিযোগে আটক
শিশুদের পাচার করে তাদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সপ্তাহে আটক পল আলেক্সান্ডার (৫৭) নামের এ ব্যক্তিকে পুলিশ নিউইয়র্কে সদ্য চালু হওয়া ‘মাইল হাই’ নামের এক তদন্তের ধারাবাহিকতায় আইনের আওতায় নিয়ে আসে।
গত মার্চে নিউইয়র্ক পুলিশের কাছে অপ্রাপ্তবয়স্ক এক তরুণী আলেক্সান্ডারের বিরুদ্ধে অভিযোগ করে। আলেক্সান্ডার তাকে ও অন্য আরও কিছু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নানাভাবে প্রলুব্ধ করে অনৈতিক কাজে যুক্ত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পারে আলেক্সান্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এমন তৎপরতা চালাচ্ছে। গোপনে পুলিশ তাঁকে ধরার জন্য ফাঁদ পাতে।
৫ ডিসেম্বর আলেক্সান্ডারকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের পীড়ন, পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিসিয়া জেমস বলেন, অপ্রাপ্তবয়স্কদের এমন অনৈতিক কাজে জড়ানোর মাধ্যমে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার মারাত্মক লঙ্ঘন করেছেন পল আলেক্সান্ডার। এ ধরনের যেকোনো অপরাধে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
ল্যাটিসিয়া জেমস এমন গুরুতর অপরাধের তদন্ত করতে গিয়ে যেসব এনওয়াইপিডি সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের ধন্যবাদ জানান। বিচারে আলেকজান্ডারের ৫০ বছরের কারাদণ্ড হতে পারে।