শিশুদের কথা মাথায় রেখে বাড়ির নকশা করছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিট জুনিওর নকশা করা ম্যানহাটনের একটি বাড়ির অন্দর
ব্রিট জুনিওর নকশা করা ম্যানহাটনের একটি বাড়ির অন্দর

শিশুরাই এখন নিউইয়র্কের আবাসন ব্যবসার ভাগ্য নিয়ন্ত্রণ করছে। এ কথা বললে খুব একটা অত্যুক্তি হবে না। কারণ, নিউইয়র্ক সিটির আবাসন খাতে চলমান প্রবণতায়   শিশুর চাহিদাকেই সবচেয়ে বেশি গুরুত্ব  দেওয়া হচ্ছে। অধিকাংশ আবাসন প্রতিষ্ঠান বিভিন্ন ভবনের নকশার ক্ষেত্রে শিশুদের পছন্দকেই মুখ্য হিসেবে দেখছে। আর এ জন্য তারা যুক্তি হিসেবে বলছে, ‘শিশুরাই সবচেয়ে উচ্চকণ্ঠ।’

স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস-২-এর প্রতিবেদনমতে, নিউইয়র্ক সিটির ব্রুকলিন ও ম্যানহাটনে এমন বহু ভবন দেখা যাচ্ছে, যার অন্দর সাজানো হয়েছে শিশুদের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে। ব্রুকলিনের একটি বাড়ির ভেতরে ছোট একটি মোচাকৃতির তাঁবু রয়েছে, যা মূলত আমেরিকার পূর্বাঞ্চলে আদিবাসী-অধ্যুষিত এলাকায় দেখা যায়। একটি শিশুর খেলার কেন্দ্র হয়ে উঠতে পারে এই তাঁবু। ভবনটির নকশা করেছেন ব্রিট জুনিও।

সিবিএস-২-কে তিনি বলেন, এ তাঁবু অত্যন্ত ছোট। এটি এক রকম আলংকারিক জায়গা থেকে করা হয়েছে। পুরো ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে যেন শিশুরা নিজেদের মতো খেলাধুলায় মেতে থাকতে পারে। আর এতে করে বড়দের কাজেও যেন কোনো ব্যাঘাত না ঘটে।

আবাসন ব্যবসায়ী থেকে ভবন নকশাকার সবাই এখন চাইছেন শিশুদের আকৃষ্ট করতে। পরিবারের সবচেয়ে ছোট সদস্যের চাহিদাকেই সবার আগে পূরণ করতে চাইছেন তাঁরা।

ব্রিট জুনিও বলেন, এই খুদে নিউইয়র্কারের সংখ্যা কিন্তু কম নয়। আর তারা তাদের পছন্দ ও অপছন্দ দুই নিয়েই বেশ উচ্চকণ্ঠ। যা বলে জোর দিয়েই বলে। মনের মতো একটি রুম পেলে, তারা সহজে তা ছাড়তে রাজি হয় না। আর এটাই মূল।

ঘরের মধ্যে কল্পরাজ্যে প্রবেশের জন্য একটি তাঁবু কিংবা একটি আস্ত আইসবার্গ এসবই হাজির হচ্ছে শিশুদের মোহিত করতে। সঙ্গে থাকছে ছাদ থেকে ঝোলানো দোলনা, যা চাইলে সরিয়েও নেওয়া যাবে। আর এসবই একেকটি ছোট ছোট ফাঁদ, যেখানে পা দিয়ে পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি তার মা-বাবাকে বাধ্য করতে পারে ঘরটি কেনার জন্য। শিশুদের অপ্রতিরোধ্য বায়নাই এখন নিউইয়র্কের আবাসন খাতের সবচেয়ে বড় হাতিয়ার।

জুনিও বলেন, এটি খুবই কার্যকর একটি পন্থা। পরিবারের অনেক গুরুতর সিদ্ধান্তেই শিশুরা বড় প্রভাবকের ভূমিকা পালন করে। এখনকার মা-বাবারাও শিশুদের মতামতকে বেশ গুরুত্ব দেন।