শিশুদের জন্য কাজ করছেন ফারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারিন দৌলা

করোনা মহামারি থেকে একটু একটু করে জেগে উঠছে নিউইয়র্ক। তেমনি নিউইয়র্কাররাও জেগে উঠছে করোনার জড়তা কাটিয়ে। ইতিমধ্যেই নিউইয়র্কাররা সবাই যার যার মতো করে আয়োজন করতে শুরু করেছে ছোট ছোট ইনডোর বা আউটডোর আড্ডার। যদিও এখনো আয়োজক ও অংশগ্রহণকারী সবার মনেই উৎসাহের পাশাপাশি কাজ করছে দ্বিধা ও সংশয়ের টানাপোড়েন। ব্যাপক টিকাদানের পরও বিভিন্ন জনপদে এখনো অব্যাহত রয়েছে করোনার সংক্রমণ।

ঠিক এমন সময়েই ঢাকা থেকে নিউইয়র্কে এল ফারিন দৌলা প্রাচী। মুক্তমনা মানুষ মসিউদ্দীন খান সমীরের আত্মজা প্রাচী। প্রাচীর সঙ্গে আগে পরিচয় ছিল না। কয়েক দিন আগে সমীর ফোন করে জানালেন, ‘প্রাচী নিউইয়র্ক যাচ্ছে। দেশ থেকে কী কী লাগবে বলো?’

দেশে গেলে বসুন্ধরার ফ্ল্যাটে জমকালো ‘ছাদ-আড্ডা’য় অবধারিত যাওয়া হয়। একুশে বইমেলায় বইয়ের প্রকাশনা উৎসব তাঁকে ছাড়া ভাবা যায় না। পিউর সিল্কের ধুতি-পাঞ্জাবি আর পায়ে নাগরা পরে খাঁটি বাঙালি বাবু সেজে তিনি বইমেলায় আসেন। ঢাকা শহরের সংগীত, শিল্পকলা আর সাহিত্যানুরাগী মহলে মসিউদ্দীন খান সমীরের জাদুকরী ভরাট কণ্ঠের আবৃত্তি আর উপস্থাপনার কদর ঈর্ষণীয়।

প্রাচীর নিউইয়র্কে আসার কারণ এবং তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে অভিভূত ও আনন্দিত হতে হয়। বহু প্রতিভার অধিকারী ফারিন দৌলা প্রাচী এ যুগের তরুণ প্রজন্মের একজন উচ্চাভিলাষী কর্ম যোদ্ধা। ‘ওয়ান সার্কেল’ নামক প্রতিষ্ঠানটি এই স্বপ্নদ্রষ্টা মানুষটির একটি স্বপ্নের নাম। তাঁর আরেকটি স্বপ্ন হলো মাতৃভূমি বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন। বয়সে নবীন হলেও তার স্বপ্ন অনেক বড়। কেবল বড় বড় স্বপ্ন দেখেই ফারিন দৌলা চুপ করে বসে থাকেননি। ‘ওয়ান সার্কেল’ নামক মানবসেবা প্রতিষ্ঠানটি গঠন করে তিনি তাঁর স্বপ্নের বাস্তবায়ন শুরু করেছেন। দেশের সব শ্রেণির শিশুদের জন্য সামাজিক এবং স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে জীবনমুখী শিক্ষার প্রচলনের জন্য কাজ শুরু করেছেন। ফারিন দৌলার মনে এই ধারণার সূত্রপাত ঘটে যখন তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বসবাস করতে আসেন।

শিশুতোষ গ্রন্থ ‘তারা এবং জয়’ এর লেখক ফারিন দৌলা মনে করেন, শিশুর সামাজিকীকরণ এবং তার মানবিকতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ‘স্পর্শ’। কিন্তু কখনো কখনো এই স্পর্শজনিত অভিজ্ঞতাই শিশুর জীবনকে দুর্বিষহ করে তোলে। খারাপ স্পর্শ শিশুর জীবনে বয়ে আনে নানা দুঃস্বপ্ন আর বিভীষিকা। যা তার ভবিষ্যৎ জীবনকে নানাভাবে প্রভাবিত করে। মানুষের প্রতি বিশ্বাসহীনতা, সন্দেহপ্রবণতা, অশ্রদ্ধা, কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এমন আরও অনেক মানসিক ঘাটতির মধ্য দিয়ে বেড়ে উঠতে হয় সেই নিপীড়িত শিশুটিকে।

১০ দিনের সফরে নিউইয়র্ক আসা ফারিন দৌলার উদ্যম ও প্রয়াস সম্পর্কে অনেক কিছুই জানার অবকাশ আছে। এই তরুণ সমাজসংস্কারক, শিক্ষক ও লেখকের সঙ্গে নিউইয়র্কবাসীদের পরিচিত করতে একটি আড্ডার আয়োজন হয়েছে নিউইয়র্কে।

ফারিন দৌলার শিক্ষাজীবন কেটেছে যুক্তরাজ্যে। তিনি ইংরেজি সাহিত্যে ডিগ্রি নিয়েছেন সুরে বিশ্ববিদ্যালয় এবং ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাজ্য থেকে শিক্ষকতার ওপর প্রশিক্ষণ নিয়ে লন্ডনে বেশ কয়েকটি স্কুলে এবং অলাভজনক সংস্থায় কাজ করেছেন।

জীবনমুখী শিক্ষাক্ষেত্রে তাঁর প্রচুর বাস্তব অভিজ্ঞতার কারণে ফারিন দৌলা মনে করেন, একটি সার্বিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক সচেতনতা গড়ে তোলা সম্ভব। গুরুত্বপূর্ণ সামাজিক জ্ঞান আহরণ করেই যাতে শিশুরা নিজেদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে পারে।

পাশাপাশি ‘ওয়ান সার্কেল’ এর নতুন কারিকুলাম গড়ে তোলার লক্ষ্যে ফারিন দৌলা নিয়মিত ঢাকার বিভিন্ন স্কুলে শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে টিচিং কমিউনিকেশনে কাজ করছেন। তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক।

২০২১ সালের বইমেলায় ‘ওয়ান সার্কেল’ এর সহযোগিতায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা ধারাবাহিক শিশুতোষ বই ‘তারা ও জয়’। প্রকাশক ‘সেইবই’। এটি শিশু শারীরিক সুরক্ষা বিষয়ক বই। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাচ্ছে বইটি। হার্ড কপির পাশাপাশি ‘সেইবই’ এ বইটির ই-বুক ভার্সনও পাওয়া যাচ্ছে।

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো ও খারাপ উভয় দিকই রয়েছে। মহামারির এই সময়ে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো আরও অনেক সামাজিক মাধ্যমের ব্যবহার বেড়েছে বিস্ময়করভাবে। এই মাধ্যমগুলোর ওপর আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে উঠেছি। কীভাবে নিরাপদে, সুস্থ মানসিকতায় এসব সামাজিক মিডিয়া ব্যবহার করা উচিত এসব নিয়েও বিভিন্ন শিক্ষামূলক, গঠনমূলক কথা বলাসহ কাজ করছেন ফারিন দৌলা।

আমাদের চারপাশে অহরহ ঘটছে শিশু নির্যাতনের ঘটনা। ফারিন মনে করেন, শিশুদের নিয়ে অভিভাবক ও শিক্ষকদের এসব ব্যাপারে যৌথভাবে কাজ করা উচিত। শিশুর শারীরিক বিকাশের জন্য খেলাধুলা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম যেমন প্রয়োজন, তেমনি শিশুর ইতিবাচক মানসিক বিকাশের জন্যও প্রয়োজন সচেতনতা। মা-বাবা, পরিবার, চারপাশের মানুষের আচরণ ও পারিপার্শ্বিক পরিবেশ শিশুর মানসিক বিকাশে যথেষ্ট প্রভাব ফেলে।

ফারিন বলেন, নবীন কিংবা প্রবীণ সবারই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। বিষণ্নতা একটি ভয়ংকর ব্যাধি। কিন্তু পারিবারিক বা সামাজিক কারণে আমরা এই ব্যাপারগুলো তেমন গুরুত্ব দিই না। যতক্ষণ না তা খুব মারাত্মক আকার নেয়। আত্মহত্যার মতো গুরুতর ঘটনা ঘটলেই তখন আমাদের টনক নড়ে।

লকডাউন এবং মহামারির সময়টা বাসায় বসে থাকতে থাকতে বাচ্চারা যখন বিরক্ত হয়ে যাচ্ছে তখন এই সমস্যার একটি সহজ সমাধানে এগিয়ে এসেছে ‘ওয়ান সার্কেল টিম’। তারা বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করতে গঠন করেছে ‘কিডস বুক ক্লাব’। যেখানে বাচ্চারা পাঠযোগ্য বই সম্পর্কে জানতে পারবে এবং এই সময়টাকে আনন্দের সঙ্গে কাজে লাগাতে পারবে।

আমাদের সমাজে শিশু বা নারীর শারীরিক সুরক্ষাসহ আরও নানাবিধ মানবিক বিষয় নিয়ে মানুষ কথা বলতে বিব্রত বোধ করে। এগুলো যেন অলিখিত একটি নিষিদ্ধ বিষয়। সেখানে এই বিষয়গুলো নিয়ে সাবলীলভাবে সুন্দর কাজ শুরু হয়েছে ফারিন দৌলার হাত ধরে।