শিশুর রক্তে ভেজা রাজপথ এবং পিশাচের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার প্রিয় স্বদেশ! চোখ বুজলেই যে চেনা শহর, চেনা মুখ ভেসে ওঠে, সে আমার ঢাকা শহর, যানজটের শহর আর আমার সন্তানের মুখ। কিন্তু কয়েকদিন ধরে আমি চোখ বুজলেই দেখতে পাচ্ছি, হাজার হাজার শিশু স্কুলের পোশাক গায়ে স্কুলে না গিয়ে রাস্তা অবরোধ করছে এবং একটি চলন্ত গাড়ি আমার প্রিয় সন্তানের ওপর দিয়ে চলে যাচ্ছে। সেই সঙ্গে রাজপথ রক্তের নদী হয়ে ভেসে যাচ্ছে! সেই রক্তের ঘ্রাণে হেসে উঠছে একজন পিশাচ! আর আমি মা হয়ে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছি! কি অসহ্য এই দুঃস্বপ্ন! এই অক্ষমতা! এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি আজ শিশু হত্যায় মেতে উঠেছে।

গত ২৮ জুলাই ঢাকার সড়কে দুর্ঘটনায় যে তরতাজা শিশুদের প্রাণ কেড়ে নিল, সেটা আদৌ দুর্ঘটনা নয়, এটি হত্যা। এ নিয়েও কারও কোনো সংশয় নেই। হত্যাকারী আপাতদৃষ্টে গাড়িচালক বলে দৃশ্যমান হলেও অদৃশ্য প্রবল শক্তিধর যিনি তাঁকেও কম-বেশি সবাই চিনে গেছেন, যিনি সদা হাস্যোজ্জ্বল বিশাল নেতা শাজাহান খান। শ্রমিকগোষ্ঠীর প্রিয়ভাজন, প্রিয় নেতা—যার গায়ে থাকে মুজিব কোট আর মুখে স্মিত হাসি। আহা কি অসাধারণ! তাঁর সেই ভুবন ভোলানো হাসি দিয়ে বিশ্বজয় করতে চেয়েছিলেন, হয়তো পেরেছেনও। সে কারণেই তাঁর মন্ত্রিত্ব, নেতৃত্ব অমর অটল।

আমি জানি, শুধু আমি একা নয়, সন্তানের জীবন আশঙ্কায় আরও শত শত মা-বাবা আজ এমনি নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলাতে ভয় পাচ্ছি, কি না-কি দেখতে হয় আবার। দূর প্রবাসে আমি আমার ১৫ বছর বয়সী সাহসী সন্তানের নিরাপত্তায় শঙ্কিত হচ্ছি বারবার। আমি জানি, সে তার সমবয়সী বন্ধু, স্বজনের জন্য রাস্তায় প্রতিবাদে দাঁড়িয়েছে আর তার কচি শরীর পুলিশের আঘাতে জর্জরিত হওয়ার অপেক্ষায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিশুদের প্রতি পক্ষপাতিত্ব প্রশ্নাতীত। তিনি তাঁর প্রিয় ভাই রাসেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন আজও। যেকোনো শিশু তার কোলেই সবচেয়ে নিরাপদ এবং আনন্দের মনে করে সব সময়? সামাজিক গণমাধ্যমে বার বার ফিরে ফিরে দেখছি একটি প্রত্যাশা নিয়ে, হয়তো আমাদের শিশুবান্ধব প্রধানমন্ত্রী এই শিশুদের পাশে দাঁড়িয়েছেন। হয়তো কেন, অবশ্যই দাঁড়িয়েছেন। গত ২৪ ঘণ্টায় তন্ন তন্ন করে খুঁজেছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়ই কোনো একটি বাণী পাব। না আমার প্রত্যাশা পূরণ হয়নি, উলটো চরম হতাশা আর ক্ষোভে আমার অন্তর কেদে উঠছে বার বার। কি অদ্ভুত, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, আমার কাছে কেমন ঘোর মনে হচ্ছে—এখনো প্রধানমন্ত্রী এখনো শিশুদের পাশে দাঁড়ালেন না।

মাননীয় প্রধানমন্ত্রী, আমি এত দিন বিশ্বাস করতাম, আপনি কখনই ক্ষমতার কাঙাল নন। এ দেশ ও জনগণের মঙ্গলের কথা বিবেচনা করেই আপনি নেতৃত্ব ও ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। এখনো সেটাই বিশ্বাস করতে চাই, আপনি যা কিছু করেন বা করছেন তা ক্ষমতা ভোগের জন্য নয়, দেশের স্বার্থে, মানুষের কল্যাণে আপনি ক্ষমতায় আছেন। কিন্তু কি সেই কল্যাণ? যেখানে স্কুল থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরতে হয় লাশ হয়ে। যেখানে কিশোর-কিশোরীদের হাতে ফুটবল, ক্রিকেট না থেকে বন্ধুর হত্যার বিচারের প্রতিবাদলিপি নিয়ে দাঁড়াতে হয় রাস্তায়! আর রাস্তায় দাঁড়ানোর অপরাধে রাষ্ট্রযন্ত্রের পেটোয়া পুলিশ দৈত্য-দানবের ভূমিকায় আমার প্রিয় সন্তানের শরীরে আঘাত করে?

মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইন অনুযায়ী শিশুর প্রতি শারীরিক নির্যাতন শুধু নয়, মানসিক নির্যাতনও আইনত দণ্ডনীয় অপরাধ। আজকে আমার হাজার হাজার সন্তানের প্রতি যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে তার দায়ভার কার? আমি একজন সন্তানের মা হিসেবে আপনার মন্ত্রী শাহজাহান খান, আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের এই অপরাধের অভিযোগ আপনার কাছে রাখছি। আপনি এই দেশের সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন, সবার জানমালের নিরাপত্তার শপথ নিয়েছিলেন।

পুনশ্চ
১৯৩৮ সাল। বঙ্গবন্ধু গোপালগঞ্জ স্কুলের ছাত্র। হিন্দু মহাসভা সুরেন ব্যানার্জি বঙ্গবন্ধুর সহপাঠী আবদুল মালেককে তাঁর বাড়িতে নিয়ে মারধর করছেন—এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দলবল নিয়ে সুরেন ব্যানার্জির বাড়িতে হাজির হন বঙ্গবন্ধু। রমাপদ নামে আরেকজন বঙ্গবন্ধুকে দেখেই গালাগাল দিয়ে চলে যেতে বলেন। কিন্তু বঙ্গবন্ধু গো ধরে বলেন, ওকে ছেড়ে দিতে হবে না হলে কেড়ে নেব। তখন রমাপদ দত্ত পুলিশে খবর দেন। পুলিশ এসে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সেদিন বঙ্গবন্ধু তাঁর বন্ধুর প্রতি অন্যায় নির্যাতন মানতে পারেননিভ আজ যে হাজার হাজার শিশু রাজপথে আছে তারা কীভাবে তাদের বন্ধুর অপঘাতে মৃত্যু মেনে নেবে?

লেখক: নিউইয়র্ক কর্মরত গণমাধ্যমকর্মী