শিশুর হাতে অস্ত্র দিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজি সাব-মেশিনগান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল নয় বছরের মেয়েটি। হঠাৎ মেশিনগানের নল ঘুরে গেল প্রশিক্ষক চার্লস বাক্কার (৩৯) দিকে। পরিণতি, গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু। গত সোমবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার হোয়াইট হিলস এলাকার ‘লাস্ট স্টপ’ শ্যুটিং রেঞ্জে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
উজি সাব-মেশিনগান ইসরায়েলে তৈরি খুব কার্যকর এক আগ্নেয়াস্ত্র। প্রথম গুলির পর অস্ত্রটি পেছন দিকে যে ধাক্কা দেয়, তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছোট শিশুটি। নল ঘুরে গিয়ে প্রশিক্ষক বাক্কা মাথায় বুলেটবিদ্ধ হন। লাস ভেগাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
অপ্রাপ্তবয়স্ক বলে মেয়েটির নামপরিচয় প্রকাশ করা হয়নি। শ্যুটিং রেঞ্জে তার সঙ্গে মা-বাবাও ছিলেন। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার জন্য সুপরিচিত যুক্তরাষ্ট্রে শিশুদেরও বন্দুক চালানো শেখানোর রেওয়াজ রয়েছে। প্রশিক্ষণকেন্দ্রে শিশুদের শ্যুটিং শেখানোর সময় সাধারণত কঠোর আইন মেনে চলা হয়। তবে যে শ্যুটিং রেঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে শিশুদের প্রশিক্ষণের ন্যূনতম বয়সের নিয়ম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।