শিশুর হাতে বই তুলে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাৎস্যায়নের ‘কামসূত্রে‘ আজকের দিনের রুচিশীল নাগরিকদের ভারি সুন্দর একটা পরিচয় আছে। তাদের গৃহসজ্জার বর্ণনা দিয়ে বাৎস্যায়ন লিখেছেন, শোয়ার ঘরে পরিচ্ছন্ন চাদরে ঢাকা পালঙ্কের ওপর একটা বিছানা থাকবে, আলনাতে থাকবে একখানা জায়নামাজ ও তসবি। টেবিলের ওপর পবিত্র কোরআন শরিফ। পাশে গন্ধদ্রব্য আর থাকবে বই। শোয়ার ঘরে বই থাকার অর্থ সে বই গৃহসজ্জার জন্য নয়, পড়ার জন্য। এই বই সম্পর্কে বলা হয়েছে, বিশিষ্ট কোনো ক্লাসিক গ্রন্থই শোয়ার ঘরে মাথার কাছে থাকবে।
বাৎস্যায়নের এই বর্ণনাটি রুচিশীল নাগরিকের। দীর্ঘদিন বিদেশি শাসনে বিপর্যস্ত হওয়ার ফলে আমাদের এই অঞ্চলে এমন রুচিশীলতা বিস্মৃত হয়েছে। আমাদের বাঙালি ঘরে সুন্দর করে ঘর সাজানো ফুলদানিতে ফুল রাখা এবং গৃহসজ্জা কবি–লেখকরাই আমাদের বিশেষভাবে শিখিয়েছেন। বই পড়া যে শিক্ষিত মানুষের একটা বৈশিষ্ট্য সে বিষয়ে দেশে-বিদেশে কারওরই দ্বিমত থাকার কথা নয়। একালে অনেক বড় লোকের বাড়িতে মেহগনি তাকে সুন্দর করে বই সাজিয়ে রাখাকে অনেকে কটাক্ষ করেন। কিন্তু বাড়িতে বই রাখা যদি ফ্যাশন হয়, তবে সেই ফ্যাশনকে আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আজকের পৃথিবীতে এ কথা সবাই জেনে গেছে, যে জাতি যত বেশি বই পড়ে, সে জাতি তত বেশি শিক্ষিত ও সংস্কৃতিমান হয়। এ কথা তো জানা, কাব্যচর্চা এক নির্মল আনন্দ। বৃহত্তরভাবে বলা যায়, সাহিত্যচর্চা মানুষ না করলে সে আনন্দ থেকে বঞ্চিত থাকে। তার ভিতরকার সুকুমার বৃত্তিগুলো বিকশিত হতে পারে না। মানবিকতার প্রতি টান রুদ্ধ হয়ে যায়।
বই পড়ার জন্য পৃথিবীর সব দেশেই লাইব্রেরি গড়ে ওঠে। পাড়ায় পাড়ায় যেমন লাইব্রেরি থাকে, তেমনি ব্রিটিশ মিউজিয়াম বা আমাদের জাতীয় গ্রন্থাগার, বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার কিংবা এশিয়াটিক সোসাইটির মতো বৃহৎ লাইব্রেরি এবং গবেষণাগার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা আধুনিক সভ্য সমাজে একটা বিশাল দপ্তর হয়ে উঠেছে। ব্যক্তিগতভাবে বই কিনে নিজের মতো লাইব্রেরি গড়ে তোলা অনেকেরই শখ। অধ্যাপক আবুল ফজল এই লাইব্রেরিকেই ‘মনের হাসপাতাল’ বলে অভিহিত করেছেন তিনি আরও বলেছেন, এর স্থান স্কুলের অনেক ওপরে। এ কথা সহজে জানা, পাশ হওয়া মানে শিক্ষিত হওয়া নয়। সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত। মনকে সতেজ রাখে সাহিত্য পাঠ, স্বাভাবিকভাবেই নতুন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করে তোলা দেশের সুস্থ নাগরিকদের সামাজিক কর্তব্য। আমরা একালে বড়রা এই কাজটা সঠিকভাবে করতে পারি না বলেই আমাদের বংশধরেরা ক্রমান্বয়ে গ্রন্থবিমুখ হয়ে পড়েছে। অনেকে বলবেন, এ জন্য টেলিভিশনের একটা নিরর্থক ভূমিকা আছে। কথাটা পুরো সত্য নয়, কোনো শিশুকে শৈশব থেকে গ্রন্থমুখী করে তুললে কোনো ইলেকট্রনিক মিডিয়ার সাধ্য নেই তাকে গ্রন্থবিমুখ করে তোলে।
ইউরোপে দেখেছি, দু/তিন বছর বয়সের শিশু নার্সারি স্কুলে যায়। সেখানে খেলার ছলে বর্ণ পরিচয় ও শব্দ ভান্ডার বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় রং আর তুলি। ইচ্ছা মতো তারা রং আর তুলি নিয়ে চুবিয়ে চুবিয়ে তার কল্পনার বর্ণময় রূপগুলো কাগজে তুলে ধরতে থাকে। সপ্তাহে দুদিন তাদের একটা করে বই বাড়িতে আনতে দেওয়া হয়। এভাবে বুক শেলফ থেকে বই নিতে নিতে এমন একটা অভ্যাস তৈরি হয় যে, আগে নেওয়া কোনো বই শিশু কখনো বাড়ি নিয়ে যায় না। যে শিশুর বর্ণ পরিচয় হয়নি সে বই বাড়িতে নিয়ে গিয়ে কী করবে। এ কথা মনে হওয়া স্বাভাবিক কিন্তু ভাবলেই বোঝা যাবে, সপ্তাহে দুবার করে বাড়িতে বই নিয়ে যাওয়া একটা অভ্যাস তৈরি করে দেয়। শিশু বাড়িতে ছবি দেওয়া গল্পের বইগুলো বাবা-মাকে দিয়ে পড়িয়ে গল্পরস আস্বাদ করে থাকে। পড়তে শিখলে আগ্রহে নিজেই বই পড়তে থাকে । এই পঠন অভ্যাস দ্বারাই ধীরে ধীরে একটা জাতি তৈরি হয়।
আমাদের শৈশব-কৈশোর বয়সে বই পড়া নিয়ে আমরা যে সব কাণ্ড করতাম, সে কথা জানলে একালের অভিভাবকেরা আর্তনাদ করবেন। আমরা জ্যামিতির বইয়ের নিচে ‘বিদুষীভার্ষা’ লুকিয়ে চিৎকার করে জ্যামিতি মুখস্থ করার চলে উপন্যাসটি শেষ করার চেষ্টা করতাম। কারণ পরদিন সকালে সে বই ফেরত দিতে হবে। আমাদের কলেজজীবনে প্রথম ক্লাসেই আমাদের জিজ্ঞেস করা হতো, আমরা সে সময় কী বই পড়েছি। কেউ বলত রাজসিংহ, কেউ গোরা, কোনো কোনো ছেলে যখন বলে উঠত সে ‘উদ্ধারণপুরের ঘাট’ বা নজরুলের ‘বিষের বাঁশি’ পড়েছে তখন খুশিতে উদ্বেল হয়ে উঠতেন অধ্যাপক। আমরা এখন যখন ছেলে-মেয়েদের অনার্স ক্লাসে কী বই পড়ছে জিজ্ঞেস করি, তখন প্রায় সবাই ফ্যালফ্যাল করে নির্বাক তাকিয়ে থাকে। জানা যায়, সময় নষ্ট হবে ভেবে জীবনে একটা গল্পের বইও পড়েনি। এই দোষটা ছাত্র-ছাত্রীদের শুধু নয়, শিক্ষকদের এবং কিছুটা বাবা-মায়ের। আমরা তাদের শৈশব থেকে বই পড়ার অভ্যাস তৈরি করে দিইনি।
আমাদের দেশের শিক্ষাব্যবস্থা উল্টোভাবে চলে। ইংরেজরা এই অঞ্চল ছেড়ে চলে গেছে পঁচাত্তর বছর হলো। কিন্তু ক্রমান্বয়ে ইংরেজিয়ানা আমাদের চেপে ধরেছে। এখন তো ইংরেজি না-শিখলে উচ্চ সমাজে মেলামেশা করা যায় না। ঔপনিবেশিক শিক্ষার একবারের খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের জাতি চলছে এখনো। এর মধ্যেই কী বিপুল উদ্দীপনায় গ্রামেগঞ্জে, শহরে প্রচুর বইমেলা হচ্ছে। শহরে আন্তর্জাতিক বইমেলায় ছোটখাটো স্টলে যে পাঠকেরা আসেন, তাঁরা সাহিত্যে নিবেদিত পাঠক, আসেন দূর গ্রামগঞ্জ থেকে। তাঁরা কিন্তু পাশের ছোট বড় ইংরেজি বইয়ের স্টলগুলোতে ভিড় করে। আমাদের বাঙালি ঘরের ছেলেমেয়ে অথচ ভাষা হিসেবে বরণ করে নিয়েছে ইংরেজিকে। দেশের উজ্জ্বল ছেলেমেয়েরা যদি এভাবে বাংলা সাহিত্যের বাইরে চলে যায়, তাহলে একটা জাতির সাহিত্য বেড়ে ওঠা ভবিষ্যতে খুবই কষ্টকর হবে—তাতে সন্দেহের অবকাশ নেই। শিশুদের বই কেনার একটা ধুম চলে এসব মেলায়। কিন্তু বাবা–মায়েরা কেনেন নানা কমিকস আর ছবিতে গল্প জাতীয় কাহিনির চিত্রিত বই। শিশুর কল্পনা শক্তি বাড়ে রূপকথা অ্যাডভেঞ্চারের ভ্রমণ জাতীয় বইতে। আমাদের কর্তব্য হচ্ছে, এ জাতীয় বইয়ে তাদের মনোযোগ আকর্ষণ করে তাদের আগ্রহ তৈরি করা। ফলে ধীরে ধীরে তারা সাহিত্য পাঠ করে এমন এক আনন্দের সংকেত পেয়ে যাবে যে, কখনই আর বই না পড়ে থাকতে পারবে না।
প্রয়োজনের তাগিদে ইংরেজি ভাষা শেখা দোষের কিছু নয়। কিন্তু ইংরেজি শেখার অর্থ নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করা বা বর্জন করা নয়। নিজের ভাষার প্রতি যার ভালোবাসা নেই, তাকে কখনই ভালো নাগরিক বলা যায় না। ভাষার প্রতি ভালোবাসা থেকে জন্ম নেয় নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা। আজ আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা বিদেশে পড়তে গিয়ে, চাকরি করতে গিয়ে আর দেশে ফিরতে চায় না। শুধু অর্থের লোভ নয়, দেশের প্রতি ভালোবাসার কোনো টান থাকে না বলেই এমনটা হতে পারে। আশ্চর্য বিষয় হল, দেশে বাবা-মা পড়ে আছে। কিন্তু মাতৃভূমির প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব করে না এই মেধাবী ছেলেমেয়েরা । সাহিত্য যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে তা থেকে বঞ্চিত হওয়ার ফলেই এমনতর ঘটনা আজ ঘরে ঘরে ঘটছে। বই পড়াকে যদি শখ হিসাবেও দেখা হয়, তবে বলতে হবে সেটা মনুষ্য জীবনের শ্রেষ্ঠ শখ। বই পড়ে ইহলৌকিক নানা জাতীয় লাভের আশা করা দুরাশা এমনকি বই পড়লেই মানুষ নীতিবাদী হয়ে একটা সমাজকে রক্ষা করবে—এমনও নয়। কিন্তু বইপড়া থেকে যে সংস্কৃতি তৈরি হয় সেটা মানুষকে রুচিমান করে তোলে। এই রুচিশীলতা মানবজীবনের অন্যতম কৃত্য। এই রুচির অভাবেই আমরা এত অসহিষ্ণু হয়ে পথে-ঘাটে, পার্লামেন্টে যে কাণ্ড করি তা শুধু হাস্যকরই নয়, রুচিহীন—যা একটা জাতির জীবনে গভীর সংকট সৃষ্টি করে। বইপড়ায় অভ্যস্ত হলে একজন মানুষ যে আনন্দের আস্বাদ পাবে, তা তার মনকে শুধু সজীব করে রাখবে তা নয়, মানুষকে প্রকৃতিকে ভালোবাসতে শেখাবে, তার নিজের কল্পনা শক্তি ক্রমাগত বাড়তে থাকবে। ফলে জগৎকে নিয়ে, জীবনকে নিয়ে নতুন সৃষ্টিময় জগৎ তৈরি করতে উৎসাহিত হবে সেই পাঠক। এভাবে একটা জাতির জীবনে বইপড়া সংস্কৃতির অঙ্গ হয়ে উঠলে সেই জাতি শুধু সহনশীল রুচিশীল হয়ে উঠবে না, পাশাপাশি পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে যথাসাধ্য চেষ্টা করবে।
বইপড়া জ্ঞানচর্চার সহায়ক, বিশ্বজগতের নানা আবিষ্কার, মানুষের উদ্ভব ও ক্রমবিবর্তনের রোমাঞ্চকর কাহিনি যেকোনো পাঠককে মানবজাতি সম্পর্কে আগ্রহী করে তুলবে। মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপনে তাঁকে রুচিশীল এক বিশিষ্ট নাগরিকরূপে গড়ে তুলবে। এভাবে বইপড়া শুধু একজন পাঠককে জ্ঞানী বা প্রাজ্ঞ করে তুলবে না, তার সাহিত্য পাঠের আনন্দ এমন এক জগতের সঙ্গে পরিচিত করবে, যে জগৎটি সারা বিশ্বের রুচিশীল মানুষের ভালোবাসায় পরিপূর্ণ।
একজন রুচিশীল নাগরিক হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরির সর্বোচ্চ চেষ্টা করা। এটা শুধু মুখের ভাষায় হবে না, নিজেদের তা করে দেখাতে হবে। আর তখনই আমরা আমাদের একটা সুস্থ–সবল জাতি হিসাবে গড়ে তুলতে পারব।