শিশুসন্তানকে অপহরণ করে গ্রেপ্তার হলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের রোচেস্টার থেকে নিজের মেয়েকে অপহরণ করেছেন এক নারী। অপহরণের পর ১৭ নভেম্বর রাতে ওই মেয়েকে সান দিয়েগো থেকে উদ্ধার করা হয়। এ সময় সান দিয়েগোর একটি মোটেল থেকে মা রিনি স্টংকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা বলছেন, নিজের কাছে রাখার অধিকার না থাকলেও শিশুটির মা কারও অনুমতি ছাড়াই তাকে নিয়ে যান। রিনি স্টংয়ের মেয়ে লেলানি অর্টিজের বয়স ৫ বছর। তাকে সান ডিয়েগোর ইতালীয় অধ্যুষিত এলাকার একটি মোটেল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে সে সুস্থ ও নিরাপদে ছিল।
রোচেস্টার পুলিশ বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, ১৫ নভেম্বর বিকেল ৪টায় স্কুল থেকে মেয়েকে নিয়ে যান স্টং। এখতিয়ার না থাকলেও স্কুলবাস থেকে তিনি নিজের মেয়েকে তুলে নেন। এদিকে স্কুল থেকে অর্টিজ বাড়ি ফিরে না আসায় বিষয়টি সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। প্রাথমিক তদন্তের পর রোচস্টার পুলিশ সন্দেহভাজন হিসেবে স্টংকে চিহ্নিত করে। স্টং মেয়েকে নিয়ে রোচেস্টারে নিজ বাড়িতে ফিরে আসবেন বলে প্রথমে ধারণা করে পুলিশ। কিন্তু সেটি হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম হোয়েক নিউজকে অর্টিজের পরিবার জানায়, স্কুল থেকে অর্টিজকে একটি উবার গাড়িতে করে নিয়ে যান স্টং। সেখান থেকে তাঁরা গ্রেটার রোচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে উড়োজাহাজে করে অর্টিজকে নিয়ে প্রথমে ডেট্রয়েটে যান স্টং। এর পর তারা পাড়ি দেন সান দিয়েগোয়।