
নিউইয়র্কে বাসায় ঝুলন্ত অবস্থায় নাদিয়া আফরোজ সুমি (৩২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নাদিয়া আফরোজ সবার পরিচিত অসুস্থ যুক্তরাষ্ট্র শাখার বিএনপি নেতা মাহফুজুর রহমানের স্ত্রী। তাঁদের পাঁচ বছরের একটি শিশুসন্তান রয়েছে।
সূত্রমতে, নিউইয়র্কের ৭৩-১১, ৩১ অ্যাভিনিউ ইস্ট এলমহার্স্টে ভাড়া বাসায় স্বামী মাহফুজ ও সন্তান শামীম রহমানকে নিয়ে থাকতেন নাদিয়া। প্রায় দেড় বছর আগে মাহফুজ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর পাঁচ বছরের একমাত্র শিশুসন্তান শামীমকে নিয়ে একাই সংসারের ঘানি টানছিলেন নাদিয়া। মাহফুজ অসুস্থ হওয়ার পর তাঁদের সাহায্যে এগিয়ে এসেছিলেন কমিউনিটি নেতা, এলমহার্স্ট হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান, খুলনা সমিতির সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ আরও কিছু সুহৃদ। প্রথম দিকে খুলনা সমিতির পক্ষ থেকে ২ মাসের বাসা ভাড়াও দেওয়া হয়। পরে নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা পাওয়ার পর ব্যক্তিগত পর্যায়ে অনেকে সহযোগিতা করেন। তবে একটি সংসার চালানোর জন্য এই সহায়তা পর্যাপ্ত ছিল না। ফলে বাসার একটি কক্ষ ভাড়া দিয়ে সংসার আর অসুস্থ স্বামীর সেবা করছিলেন তিনি।
অভিযোগ পাওয়া গেছে, অসুস্থ স্বামী মাহফুজের স্বজনদের কাছ থেকে নাদিয়া কোনো সাহায্য পাচ্ছিলেন না। উল্টো তাঁর বিরুদ্ধে নানা কুৎসা ও সন্দেহ রটানো হচ্ছিল। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। এ বিষয়ে ঘনিষ্ঠজনদের কাছে বিভিন্ন সময় আক্ষেপ করে অভিযোগও করেছিলেন নাদিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাদিয়া আত্মহত্যার সময় পাশে থাকা একমাত্র শিশুসন্তান শামীমকে ৯১১ নম্বরে কল করে পুলিশকে ডাকতে বলেছিলেন। মায়ের কথা অনুযায়ী শিশুটি কল দিলে পুলিশ বাসায় আসে। ততক্ষণে নাদিয়ার মৃত্যু হয়। পুলিশ এসে বাসা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। স্বামীর দীর্ঘ অসুস্থতা, স্বামীর পরিবার ও স্বজনদের কাছ থেকে অসহযোগিতায় হতাশ হয়ে নাদিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সমিতি ইউএসএর সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ ১ বছর ৯ মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি একটি পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসাধীন। স্ট্রোকের পর তিনি দীর্ঘদিন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার ফলে তাঁর অবস্থা ধীরে ধীরে উন্নতি হলেও শরীরের এক পাশ অবশ হয়ে যায়। পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসাধীন মাহফুজ পরিচিতজনদের দেখে চিনতে পারছিলেন। একটু একটু কথাও বলতে পারছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।
খুলনা সমিতির সভাপতি আসাদুল ইসলাম জানান, নাদিয়ার বাসা ঢাকার খিলগাঁওয়ে। তাঁর মৃত্যুর বিষয়টি বাংলাদেশে তাঁর মাকে জানানো হয়েছে। খবর পেয়ে তাঁর খালা বাংলাদেশ থেকে নিউইয়র্ক এসেছেন। ৭ আগস্ট জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে ৮ আগস্ট লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। শিশু সন্তানের ব্যাপারে তিনি বলেন, সে আপাতত নাদিয়ার খালার তত্ত্বাবধানে আছে। নাদিয়ার ও মাহফুজের পরিবার শিশুটিকে তাদের কাছে রাখতে চায়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হবে।