শিশুসাহিত্যিক ঢালীর জন্মদিনে বন্ধুদের সানন্দ সমাবেশ

শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালীর জন্মদিন ৩০ অক্টোবর। দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি। লেখালেখির শুরু কবিতা দিয়ে এবং প্রথম প্রকাশিত বই প্রেমের উপন্যাস হলেও এখন শিশুসাহিত্যেই তিনি নিবেদিত।
হুমায়ূনের লেখা বইয়ের সংখ্যা ৭৫টি। এর মধ্যে একাত্তরের মিলিটারি ভূত, নীল গ্রহের রহস্য, ক্লাসমেট, কাব্য ও এনজেলের বন্ধুরা, কালো মূর্তি রহস্য, পিতাপুত্র, এক যে ছিল হাঙর, মউতবাড়ির প্রেতাত্মা, পরিকন্যা, লজিংবাড়ি, দুষ্টু ছেলের গল্প, ডিয়াওয়ালা, বোকাকাহিনি, তোমার চোখের জল উল্লেখযোগ্য ।
এ ছাড়া হুমায়ূনের শিশুকিশোর আনন্দবার্ষিকী আলোকলতার সম্পাদক। গ্রিসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতিসারের একটি স্কুলে আ কাউবয় অ্যান্ড আ ম্যাজিক ট্রি বইটি পাঠ্য। ভারতের ওডিয়া ভাষায় প্রকাশিত হয়েছে তাঁর কাব্য ও এনজেলের বন্ধুরা ও পিচ্চি ভূতের কাণ্ড। এ ছাড়া তাঁর বই প্রকাশিত হয়েছে কলকাতা ও ত্রিপুরা থেকে। তাঁর গল্প অনুবাদ হয়েছে ফিলিপিনো ভাষায়।
হুমায়ূন কবীরপাঠাগার আন্দোলনে জড়িত। নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘আমাদের পাঠাগার’। একজন প্রকাশনা কর্মী ও সাহিত্য সংগঠক হিসেবেও রয়েছে তাঁর ব্যপক পরিচিতি।
সাহিত্যে অবদানের জন্য দেশে-বিদেশে একাধিক পুরস্কার পেয়েছেন হুমায়ূন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড, চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন পদক, কবি আবুজাফর ওবায়দুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পদক, পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার, কবি সংসদ বাংলাদেশ শিশু সাহিত্য পুরস্কার, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা, ভারতের চোখ সাহিত্য পুরস্কার ২০১৩ এবং বিশেষ সম্মাননা : লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, ওডিয়া, ভারত।
হুমায়ূন কবীর বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। জন্মদিন উপলক্ষে তাঁর বন্ধুরা ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় আয়োজন করেছে সানন্দ সমাবেশ।