শীতল আবহাওয়া গরম রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা দেশের আলাপে সহজে রাজনীতি আসে না। আসে আবহাওয়া। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহজুড়েই ছিল আবহাওয়া নিয়ে আলোচনা। ইটজ সো কোল্ড...।
এর মধ্যে হাসি-তামাশা হলেও লোকজন ঠান্ডা এড়িয়ে চলার চেষ্টা করেছে। এমনই শীত পড়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরোনো কথাও বেশ শীতল হয়ে গেছে। ৯ জানুয়ারি ট্রাম্প বলেছেন, অভিবাসন নিয়ে তিনি তাঁর রাজনীতি বাজি রাখতে চান। কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতাও তিনি দিয়ে দেওয়ার চিন্তা করছেন বৃহৎ সমঝোতার জন্য।
দুই মার্কিন রাস্তায় হাঁটছিলেন। আবহাওয়া নিয়ে কথা বলছিলেন তাঁরা।
এই সকালে এমন ঠান্ডা পড়েছিল...।
অন্যজনের প্রশ্ন, ‘কতটা ঠান্ডা?’
প্রথমজন, ‘আমি ঠিক মেপে দেখিনি, তবে দেখেছি একজন উকিল নিজের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।’
দ্বিতীয়জন, ‘আমিও দেখছি অনেক ঠান্ডা, আমাদের রাজনীতিবিদেরা এ সপ্তাহে মুখ দিয়ে তেমন গরম বাতাস ছাড়তে পারছেন না।’
প্রথমজন, ‘এমন ঠান্ডা পড়েছে, আমার পাশের বাড়ির বুড়ি যেই মুখ ভেংচি দিয়েছে, মুখটি আর আগের অবস্থায় ফিরছে না।’
দ্বিতীয়জন, ‘ঠিকই। বরফ এমন পড়েছে, আমার গাড়ি বন্ধ, স্টার্ট নিচ্ছে না। যদিও আমার নাক দিয়ে পানি পড়া বন্ধ হচ্ছে না।’
উত্তর আমেরিকার ঠান্ডা অনেকটাই আপেক্ষিক। যারা বরফপ্রধান রাজ্যগুলোয় বাস করে, তাদের জন্য শীতের মৌসুম এক, অন্যদের জন্য আরেক। যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাপা হয় ফারেনহাইটে। মার্কিনরা কৌতুক করে বলে, অস্ট্রেলিয়ায় জিরো ফারেনহাইটের ৭৫ ডিগ্রি ওপরে উঠলে তারা সোয়েটার খোঁজে। যদি ওয়ার্ড-রোবে সোয়েটার খুঁজে পাওয়া যায় একটা। যদিও অস্ট্রেলিয়ায় সোয়েটারকে আবার জাম্পার বলে!
তাপমাত্রা শূন্যের ৬৫ ডিগ্রি ওপরে উঠলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লোকজন ঘরের হিট ছাড়ার উদ্যোগ নেয়। এমন তাপমাত্রায় মিনেসোটার লোকজন বাগান করার উদ্যোগ নেয়। হাওয়াইতে শীত মোকাবিলা করার জন্য দুই কম্বলের রাত ঘোষণা করা হয়। তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটে গেলে ক্যালিফোর্নিয়ার লোকজন সোয়েটার খোঁজার চেষ্টা করে। অবশ্য তা-ও সব সময় তাদের থাকে না। তাপমাত্রা চল্লিশে নামলে ইতালিয়ান গাড়িগুলো আর স্টার্ট নেয় না। ভারমন্টের লোকজন বাইরের কনসার্টের আয়োজন করে। মিনেসোটার লোকজন সাঁতার কাটতে যায়। তাপমাত্রা ১৫-তে নামলে নাকি নিউইয়র্কের বাড়িওয়ালা বাড়ির হিট ছাড়েন। দশে নামলে গাড়ি আর স্টার্ট নেয় না। জাম্পার লাগে।
তাপমাত্রা আরও নিচে নামলে ওয়াশিংটনে সব গরম বাতাস নির্গমন বন্ধ হয়ে যায়। এবারের টানা বরফ আর শৈত্যপ্রবাহে তেমনই হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্ত্রী স্বামীকে এসএমএস করেছেন, এমন ঠান্ডা পড়েছে যে উইন্ডোজ ফ্রিজ হয়ে গেছে। কর্তব্যপরায়ণ স্বামী দ্রুত বার্তা পাঠালেন উইন্ডোজে গরম পানি ঢালার জন্য। স্ত্রীর ফিরতি বার্তা, তোমার কথা শুনে পুরো কম্পিউটারটি এবারে অক্কা গেছে।
ঠান্ডা আর বরফ নিয়ে কষ্টের সপ্তাহ গেছে পুরো উত্তর আমেরিকাজুড়ে। উত্তর-পূর্বাঞ্চলে এমন শীত কবে পড়েছে, তা কেউ মনে করতে পারছে না। যুক্তরাষ্ট্রের এ শৈত্যপ্রবাহের মধ্যেও সত্য প্রবাহ থেমে নেই।
মাইকেল উলফ নামের লেখক এখন যুক্তরাষ্ট্রে সবচেয়ে আলোচিত। তাঁর বই ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এমনিতেই তোলপাড়ের তো শেষ নেই। তিনি হোয়াইট হাউস চালানোর যোগ্য নন উল্লেখ করে মার্কিন মিডিয়া আবার সরগরম হয়ে উঠেছে।
এর মধ্যে ট্রাম্প নিজেকে জিনিয়াস হিসেবে উল্লেখ করেছেন। তো এই জিনিয়াস প্রেসিডেন্টের শারীরিক যোগ্যতা নিয়ে আবার এখানে-ওখানে প্রশ্ন উঠেছে। তাদের জবাবটা আবার বেশ ঠান্ডা বাতাসেই দেওয়ার চেষ্টা চলছে।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর, ৭১ বছর বয়সের প্রেসিডেন্ট তাঁর শারীরিক পরীক্ষায় যাচ্ছেন। ১২ জানুয়ারি ট্রাম্প তাঁর প্রথম আপাদমস্তক পরীক্ষা করাবেন। ওয়াশিংটনের অদূরে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যাবেন পরীক্ষা-নিরীক্ষার জন্য। যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের ডাক্তারি পরীক্ষা করানোর কোনো বাধ্যবাধকতা নেই। যদিও আধুনিক মার্কিন প্রেসিডেন্টরা নিয়মিত এ ধরনের পরীক্ষার জন্য গেছেন। আগের প্রেসিডেন্টদের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার পর ‘ফিট টু সার্ভ’ বলে জানানো হয়। ডাক্তারি পরীক্ষার আগেই অবশ্য তিনি নিজেকে একজন স্টেবল জিনিয়াস হিসেবে উল্লেখ করেছেন। এবার দেখা যাক চিকিৎসকেরা তাঁর শরীরে কোনো অসুখ-বিসুখ পান কি না। ট্রাম্প মানসিক চিকিৎসকের কাছে যাবেন না বলে হোয়াইট হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে হাসি-তামাশার আর কোনো অবকাশ নেই।
গত এপ্রিল মাসেই মেরিল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যামি রাসকিন কংগ্রেসে একটি আইনের প্রস্তাব উপস্থাপন করেছেন। এ প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসে আলোচনার মাধ্যমে একটি কমিশন গঠন করা হোক।