জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে একটি কাপড়ের দোকান চালান ফারুক ইসলাম। পোশাকসহ বিভিন্ন ধরনের প্রায় ৫০ হাজার ডলারের পণ্য রয়েছে দোকানটিতে। ফারুক ইসলাম নিজেই বসেন দোকানে। সম্প্রতি তাঁর দোকানে বেচা-কেনা কমে গেছে। কয়েক দিন আগের এক সন্ধ্যায় গিয়ে জানা গেল, সারা দিনে ১০০ ডলারেরও কম বিক্রি হয়েছে। অথচ একদিন আগেই দোকানের মাসিক ভাড়া বাবদ তাকে পরিশোধ করতে হয়েছে সাড়ে চার হাজার ডলার। ভাড়া বাবদ বাকিও রয়েছে তাঁর। শুধু ফারুক ইসলাম নন জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের
অনেকেরই অবস্থা এখন এমন। প্রধান কারণ হিসেবে প্রচণ্ড শীতের প্রসঙ্গ এলেও অভিবাসী অধ্যুষিত এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে চলমান মন্দার পেছনে বর্তমান প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানকেও কারণ হিসেবে দেখছেন অনেকে।
ফারুক ইসলামের দোকানের পাশের ভবনে ইলেকট্রনিকস সরঞ্জামের একটি দোকান চালান নেপালি এক ভদ্রলোক। সুরেন পাণ্ডব নামের ওই ব্যবসায়ী জানান, তাঁর চেয়ে বরং ফারুক ইসলামের ব্যবসার অবস্থা ভালো। তিনি বলেন, ‘ফারুক ইসলাম তবু ১০০ ডলারের পণ্য বিক্রি করেছেন, আমার তো সেটাও নেই।’
এই অবস্থা এখন নিউইয়র্কের প্রায় সবখানেই। কারণ শীত। শীতের এই মন্দাকে মেনে নিয়েই ব্যবসা-বাণিজ্য করতে হয় নিউইয়র্কের মানুষকে। জ্যাকসন হাইটসের মতো অভিবাসী অধ্যুষিত এলাকায় ব্যবসা-বাণিজ্যের এই মন্দাবস্থার সূচনা হয় ডিসেম্বর থেকেই। পরের তিন মাস কোনোমতে পার করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবু এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই টিকে থাকেন ব্যবসায়ীরা। তবে এবারের পরিস্থিতি আরও কঠিন। কারণ এবার শীতের সঙ্গে সঙ্গে এ অঞ্চলের মানুষকে মোকাবিলা করতে হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান। অভিবাসন পুলিশের ক্রমবর্ধমান তল্লাশির মুখে এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোয়। আর এর খেসারত দিতে হচ্ছে ব্যবসায়ীদেরও।
ফারুক ইসলাম বলেন, ‘জ্যাকসন হাইটসে যারা মূলত আসেন, আড্ডা দেন, তাদের সিংহভাগের কাগজপত্রে সমস্যা আছে। তারা নানান কাজ করে আয় করেন বেশি, খরচও করেন বেশি। গত মাসে এখানে অভিবাসন পুলিশের কয়েক দফা তল্লাশি হয়েছে। অনেককে ধরে নিয়ে গেছে তারা। এসব খবর অনেক দ্রুত গতিতে চাউর হয়েছে। ফলে অনেকেই প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। সে কারণে শীতের মন্দার সঙ্গে যুক্ত হয়েছে অভিবাসন বিরোধী অভিযান। এক কথায় একে মড়ার ওপর খাঁড়ার ঘা বলা যায়।’
জ্যাকসন হাইটসের মতো একই অবস্থা ম্যানহাটনেরও। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আর ট্রাভেল ব্যান নীতির কারণে আমেরিকায় পর্যটকের সংখ্যা কমছে। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই দুই নীতির কারণে আমেরিকায় পর্যটকের সংখ্যা ৫০ শতাংশ কমেছে। এই দাবির সত্যতা মেলে ম্যানহাটনের দিকে তাকালে। ম্যানহাটনের ৮ অ্যাভিনিউয়ের ৪৭ স্ট্রিটে ‘গিফট অ্যান্ড ব্যাগেজ’ নামের একটি বড় দোকান পরিচালনা করেন খোশবু নামের এক বাংলাদেশি উদ্যোক্তা। দোকান ভাড়া বাবদ মাসে দিতে হয় ৩৫ হাজার ডলারেরও বেশি। গত সপ্তাহে তাঁর দোকানে গিয়ে ঘণ্টায় দু-তিনজনের বেশি ক্রেতা দেখা যায়নি। খোশবু বলছিলেন, ‘এখন সময় পরিকল্পনা করার, খরচ করার, আগামী দিন নিয়ে ভাবার, পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলার। এখন সবকিছুর জন্যই ভালো সময়, শুধু ব্যবসার জন্য নয়।’
অবশ্য সব ক্ষেত্রের চিত্রই যে এমন তা নয়। শনি-রোববারের সাপ্তাহিক ছুটির দিনে বাঙালি পাড়ার রেস্তোরাঁগুলোয় বেশ ভিড় দেখা যায়। মূলত বাইরের প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে মানুষেরা রেস্তোরাঁয় এসে ভিড় করেন। ফলে চা-সিঙাড়ার বাণিজ্য ভালোই হয়। অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্তোরাঁর এক কর্মী বলেন, ‘আমাদের বেচা-বিক্রি শীত-গ্রীষ্মে খুব একটা তফাৎ হয় না।’
এই মন্দাভাব শুধু বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানের বাস্তবতা ভাবলে ভুল হবে। শীতে পুরো আমেরিকাতেই বিভিন্ন কর্মকাণ্ডের গতি কমে আসে। বিশেষত ভ্রমণ কেন্দ্রগুলোয় এই ঋতুভিত্তিক উত্থান-পতন বেশ দৃষ্টিগ্রাহ্য হয়। শীতের সময় এসব অঞ্চল প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। নভেম্বরের শুরু থেকেই এই অবস্থার সৃষ্টি হয়। উত্তরের লেক জর্জ এলাকার সর্বশেষ পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ২০ নভেম্বর থেকেই। নিউইয়র্কে এলেই যারা বাফেলো ও নায়াগ্রায় যেতে চান, তাদেরও এই সময়ে আশাহত হতে হয়। ফলে নিউইয়র্কসহ আমেরিকার একটি বড় অংশজুড়ে পর্যটনকেন্দ্রিক ব্যবসা শীতের সময়ে এক কথায় থমকে যায়।
তবে রেস্তোরাঁর মতোই এ ক্ষেত্রে এয়ারলাইনসের ব্যবসাও ব্যতিক্রম। বিশেষত আন্তর্জাতিক রুটের এয়ারলাইনস ব্যবসা এ সময় বেশ ভালোই হয়। উদাহরণ হিসেবে বলা যায় ঢাকা-নিউইয়র্ক-ঢাকার এয়ার টিকিটের বাড়তি কাটতির কথা। বছরের এই সময়ে অনেক বাংলাদেশিই নিউইয়র্ক ছেড়ে পরিবারের সান্নিধ্যের উষ্ণতা পেতে বাংলাদেশে যান। শুধু বাংলাদেশিরাই নন, এভাবে অনেক অভিবাসীই নিজ দেশে পাড়ি জমান শীতের এই সময়ে। অনেকে আবার উষ্ণ আবহাওয়ার দেশে ভ্রমণে যান। তবে এ ক্ষেত্রেও সংকট রয়েছে। আর সংকটটি করছে অভিবাসনবিরোধী অভিযান। কারণ অনেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থানের কারণে আমেরিকা ছেড়ে আবার এখানে পুনঃপ্রবেশ নিয়ে শঙ্কায় ভুগছেন।