শীতের শুরুতে ফিরতে পারে করোনা
আমেরিকায় করোনাভাইরাসের আরেকটি তরঙ্গ মৌসুমের শেষ দিকে হানা দেওয়ার আশঙ্কার করা হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে।
সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল বা সিডিসি বলছে, হেমন্তের শেষ এবং আসছে শীতের শুরুতে আবারও করোনা আঘাত হানবে। এটি বন্ধ করার জন্য কী করা যেতে পারে, তা নিয়ে এখনই সাবধানতা অবলম্বন করতে সিডিসি থেকে বার্তা দেওয়া হয়েছে।
সিএনএন সিডিসির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলেছে, সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে অনেক জায়গায় সংক্রমণের গতি ধীর হয়ে আসছে। তার মানে এই নয় ভ্যাকেশন, পার্টি, পিকনিক বা ভ্রমণের মতো পরিকল্পনা এখনই করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই ভাইরাস চলে যাবে না। ধীর গতিতে হলেও এটি আরও দুই বছর ধরে আমাদের বয়ে বেড়াতে হবে। এত তাড়াতাড়ি করোনা দূর অতীতের কোনো জিনিস হয়ে উঠবে না।
ডা. অ্যান্থনি ফাউসি এই সপ্তাহের শুরুর দিকে বলেছেন, ‘আমি নিশ্চিত, এটি আবার ফিরে আসবে। কারণ ভাইরাসটি খুবই সংক্রমণপ্রবণ এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, মানুষ দ্রুতই স্বাভাবিক ও নিয়মিত জীবনে ফেরার করার চেষ্টা করছে। কিন্তু কোভিড-১৯-এর দ্বিতীয় দফার ফিরে আসার মতো ‘অনিবার্য’ কারণ এখনো পৃথিবীতে বিরাজ করছে।
করোনা ভাইরাসের অনেক দিক রয়েছে, যা বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। মেয়ো ক্লিনিকের ভ্যাকসিন রিসার্চ গ্রুপের পরিচালক পোল্যান্ড বলেছেন, ফ্লু মৌসুমের সঙ্গে কোভিড-১৯-এর দ্বিতীয় তরঙ্গের ওভারল্যাপের কারণে আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর একটি ভারী চাপ সৃষ্টি করতে পারে।