শুদ্ধাচার চর্চার শুরু হোক পরিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে বক্তব্য দিচ্ছেন আলোচক সেলিম সাজ্জাদ
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে বক্তব্য দিচ্ছেন আলোচক সেলিম সাজ্জাদ

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল ও লিড আইটি বিজনেস অ্যানালিস্ট মো. রকিবুর রহমান। বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে অংশ নেন ঢাকার একটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সেলিম সাজ্জাদ। এবারের আলোচনার বিষয় ছিল—‘শুদ্ধাচার চর্চার শুরু হোক পরিবার থেকে’।

শুরুতে সঞ্চালক রকিবুর রহমান বলেন, দ্রুত বাড়ছে এই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এমন পরিস্থিতিতে এই ভয় বা আশঙ্কা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করেন মনোরোগ চিকিৎসকেরা। বৈশ্বিক মহামারির এই সময়ে আতঙ্কিত হওয়া, অবসাদে ভোগা, রেগে যাওয়া, হতাশ হয়ে যাওয়া এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া। যিনি আতঙ্কিত হবেন, উদ্বিগ্ন হবেন, যার মধ্যে মানসিক চাপ বেশি থাকবে, তিনি কিন্তু সহজে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে থাকবেন। যেহেতু এই পরিস্থিতি আমরা এড়িয়ে যেতে পারব না। তাই এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে মানসিক শক্তি দিয়ে। সতর্ক থাকতে হবে। পাশাপশি শুদ্ধাচার, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। আর মানসিক শক্তি জোগাতে আমাদের সাহায্য করবে মেডিটেশন।

আলোচনা পর্বে আলোচক সেলিম সাজ্জাদ বলেন, পরিবারে শুদ্ধাচার গুরুত্বপূর্ণ। কারণ পরিবার আজ ভাঙনের মুখে। কমে গেছে একের প্রতি একের শ্রদ্ধাবোধ-মমতাবোধ। ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় আমরা এক ঘরে বসবাস করছি ঠিকই, কিন্তু বিচ্ছিন্ন দ্বীপের মতো। যে যার ঘরে, যার যার মতো করে। বাহ্যিকভাবে আমাদের আর্থিক সচ্ছলতা বেড়েছে অনেক। বেড়েছে অনেক ভোগ্য উপকরণ ঠিকই। কিন্তু বেড়েছে অনেক জটিলতাও। নৈতিক অবক্ষয় এখন সবখানে, মূল্যবোধের বড়ই অভাব, পারিবারিক শিষ্টাচার নেই বললেই চলে—পত্রিকার পাতা খুলেই আমরা দেখতে পাই। কমে যাচ্ছে ভালো মানুষের সংখ্যা। এই ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু কীভাবে? আমাদের শুদ্ধাচারী হতে হবে। শুদ্ধাচারের চর্চার শুরু করতে হতে হবে পরিবার থেকে। কারণ, পরিবার ভালো তো সমাজ ভালো, সমাজ ভালো হলে দেশ ভালো হবে। শুরু করতে হতে হবে পরিবার থেকে।

আলোচক বলেন, ভালো মানুষ মানে শুদ্ধাচারী মানুষ। শুদ্ধাচার মানে যা শুদ্ধ, পাপ পঙ্কিলতা মুক্ত, ন্যায়, সত্য, কল্যাণকর এবং মানবিক। শুদ্ধাচারী হতে বিস্তারিত জানতে শুদ্ধাচার বইটির সাহায্য নিতে পরামর্শ দেন তিনি। বইটি কোয়ান্টামের ওয়েবসাইটে বিনা মূল্যে পাওয়া যাবে।

সাদাকায়নে সম্প্রচার করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্ণধার শহীদ আল বোখারি মহাজাতকের বিশেষ অডিও স্পিচ ‘করোনা সংক্রমণ: প্রচার ও বাস্তবতা।। কোয়ারেন্টিন: নতুন উপলব্ধির পথ।’

সমাপনী বক্তব্য রাখেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ইউসুফ। তিনি করোনোভাইরাসের এই দুর্যোগের মুহূর্তে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান। এই ভাইরাস মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার আমার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ ছয়টি দেশের ৮৩ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa.org/sadakayon ওয়েবসাইটে।

৪ এপ্রিল সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘বর্তমান ও বাস্তবতা: আমাদের করণীয়’।

এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।