
আমেরিকার ব্যস্ততম সাবওয়েতে প্রতি সকালে জট লেগে যায়। আর অগণিত মানুষকে অপেক্ষা করতে হয় স্টেশনে। কাঙ্ক্ষিত ট্রেনের বিলম্বের কারণে বাড়তে থাকে ভিড়। কোনো কোনো ট্রেন এমনকি আসেই না। ফলে প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে যাত্রীদের অনেকেই ট্রেনে চড়তে ব্যর্থ হন। অবস্থা এতটাই বাজে যে শহরটির সাবওয়েকে ‘নরকের’ সঙ্গে তুলনা করেছেন স্বয়ং নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুওমো।
নিউইয়র্ক টাইমস–এর এক বিশ্লেষণে বলা হয়েছে, নিউইয়র্ক শহরের লেক্সিংটন অ্যাভিনিউ লাইনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এ লাইনের ট্রেনগুলো নিয়মিতভাবেই বিলম্ব করে। আর দিনের ব্যস্ততম সময়ে নিয়মিতভাবেই ঘটছে বেশ কয়েকটি ট্রেন বাতিলের ঘটনা। আর এতে পুরো সিস্টেমের যাত্রী পরিবহনের ক্ষমতা ক্রমেই কমছে।
চলতি বছরের ৯ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে লেক্সিংটন অ্যাভিনিউ লাইনে গ্র্যান্ড সেন্ট্রাল ও ৪২ স্ট্রিটে চলাচলকারী ৪, ৫ ও ৬ নম্বর ট্রেনের চলাচল পর্যবেক্ষণ করে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি জানায়, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন দিয়ে
৯০টি ট্রেন চলাচলের কথা থাকলেও করেছে ৭৭টি। অর্থাৎ দিনের সবচেয়ে ব্যস্ত সময়েই নির্ধারিত ট্রেনের ১৪ শতাংশের বেশি বাতিল হয়েছে। একই অবস্থা দেখা গেছে বিকেলেও। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে অধিকাংশ মানুষ কর্মস্থল থেকে বাসায় ফেরে। কিন্তু এ ব্যস্ত সময়েও উল্লেখযোগ্যসংখ্যক ট্রেন বাতিল হতে দেখা গেছে। ব্যস্ততম এ সময়ে নির্ধারিত ৮৮টি ট্রেনের মধ্যে ১২টি ট্রেন বাতিল হয়। আর প্রতিটি ট্রেন বাতিলের ফলে গড়ে হাজারখানেক যাত্রীর যাতায়াত বিঘ্নিত হয়।
সাবওয়েতে বিদ্যমান এ বিশৃঙ্খল পরিস্থিতি ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকেও। সংকট মোকাবিলায় সবচেয়ে কঠিন অংশটি হচ্ছে, সিস্টেমে প্রয়োজনীয়সংখ্যক ট্রেনের চলাচল নিশ্চিত করা। এ ছাড়া রয়েছে সিগন্যাল ব্যবস্থার সংকট, অতি ভিড়সহ আরও বেশ কিছু সংকট। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) কর্মকর্তারা বিদ্যমান সংকটের জন্য সাবওয়েতে অতিরিক্ত যাত্রী ভিড়ের কথা বলছেন। তাঁদের মতে, স্টেশনগুলোয় যাত্রীদের ওঠানামার কারণেই স্বাভাবিকের চেয়ে বেশি সময় ট্রেন আটকে থাকছে। এতে ট্রেন বিলম্বের ঘটনা ঘটছে। কিন্তু নিউইয়র্ক টাইমস বিশ্লেষণ করে দেখেছে, মূলত কর্তৃপক্ষ ঘোষিত নির্ধারিত ট্রেনের চেয়ে কমসংখ্যক ট্রেন চলাচল করাতেই মূল সমস্যাটি হচ্ছে। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা বাড়ছে। আবার যে ট্রেনগুলো আসছে, তা–ও যাত্রীবোঝাই হয়ে যাচ্ছে।
যাত্রী স্বার্থসংশ্লিষ্ট সংগঠন পারমানেন্ট সিটিজেনস অ্যাডভাইজরি কমিটির সহযোগী পরিচালক এলিন শ্যানন বলেন, এ সমস্যা নিজেদেরই সৃষ্ট, যা একটি চক্রের মতো একটি আরেকটিকে বাড়িয়ে তুলছে। ভিড় বাড়ছে, ট্রেনের গতি কমছে, সঙ্গে কমছে যাত্রী পরিবহন সক্ষমতা। ট্রেনস্বল্পতা এ ভিড়কে আরও বাড়িয়ে তুলছে। এটা চলছেই।

এমটিএ কর্মকর্তারা বিদ্যমান সংকটের জন্য পুরোনো সিস্টেমের ওপরই দায় চাপাচ্ছেন। তাঁরা বলছেন, যত বেশিসংখ্যক ট্রেন চালনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ চেষ্টা যে ব্যর্থ হচ্ছে, তা নির্ধারিত ট্রেন বাতিলের সংখ্যাই বলে দেয়। এমনকি তুলনামূলক কম ব্যস্ত সময়েও প্রয়োজনীয়সংখ্যক ট্রেন চলাচল করছে না। এ ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বিলম্বের ক্ষেত্রেও ব্যবস্থাপনার সংকটটি দৃশ্যমান। এ ক্ষেত্রে একটি ট্রেন বিলম্ব হলে, পরেরগুলোও বিলম্ব হয়। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই ট্রেনের মধ্যবর্তী সময় ঠিক রাখতে পরের ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে এমটিএর যথাযথ কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সময় অনুসরণের বদলে দুই ট্রেনের মধ্যবর্তী সময় ঠিক রাখার যে কৌশল এমটিএ নিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিউইয়র্ক টাইমস–এর বিশ্লেষণেও দেখা গেছে, এ কৌশল ট্রেন বাতিলের সংখ্যা বাড়িয়ে তুলছে।
সংবাদমাধ্যমটি জানায়, গত ২০ জুন ৭টা ৫৫ মিনিটে ৬ নম্বর ট্রেন বিলম্বের কথা জানান সাবওয়ে কর্মকর্তারা। কিন্তু এ বিলম্বকে পরবর্তী ট্রেনের সঙ্গে সমন্বয় করায় ট্রেন বাতিলের ঘটনা দেখা যায়। ওই দিন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন দিয়ে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ২৩টি ট্রেন চলাচলের কথা থাকলেও করেছে ১৭টি। লেক্সিংটন অ্যাভিনিউ লাইন দিয়ে প্রতিদিন ১ দশমিক ৬ মিলিয়ন মানুষ যাতায়াত করে। এ সংখ্যা ওয়াশিংটন ও শিকাগোর সাবওয়ের মিলিত সংখ্যার চেয়েও বেশি। কিন্তু এ সাবওয়েতে নির্ধারিত সময়ে ট্রেন আসার হার মাত্র ৩৫ শতাংশ।
তবে এ বিষয়ে এখনই নজর দিতে চায় না এমটিএ। এমটিএর চেয়ারম্যান জোসেফ জে লোটা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা দুই ট্রেনের মধ্যবর্তী বিরতির সময়টি কমিয়ে আনার চেষ্টা করছি। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার বিষয়টি এখনই আমরা বিবেচনা করছি না। বর্তমানে যে সময়সূচিটি দেওয়া আছে, তা ২০১২ সালে তৈরি করা। সে সময় যাত্রীসংখ্যা এখনকার চেয়ে কম ছিল। এ সূচি অতিসত্বর হালনাগাদ করা উচিত।’ তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে লক্ষ্যের কাছাকাছি যেতে চাইছি। কিন্তু সংকট নিরসনে ট্রেনসংখ্যা বাড়ানো ছাড়া কোনো গত্যন্তর নেই।’