শুধু ভ্রমণেই কোটি ডলার উড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ
নিউইয়র্ক নগরীর স্কুল কর্তৃপক্ষ শুধু ভ্রমণ বাবদ বিপুল অঙ্কের অর্থ উড়িয়েছেন। গত অর্থবছরে শুধু ভ্রমণ বাবদ নগরীর শিক্ষা বিভাগ ২ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। নগরের প্রধান হিসাব নিরীক্ষক স্কট স্ট্রিঙ্গার এ তথ্য জানিয়েছেন।
স্কট স্ট্রিঙ্গার জানিয়েছেন, ভ্রমণ, বিলাসবহুল হোটেলে সভা আয়োজন বাবদ স্কুল কর্তৃপক্ষ ২ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে। অথচ নিজেদের স্কুল প্রাঙ্গণেই সভা আয়োজন করে বিরাট অঙ্কের অর্থ বাঁচানোর যথেষ্ট সুযোগ ছিল।
শিক্ষা বিভাগের কর্মীদের দেওয়া হিসাব বিশ্লেষণ করে স্ট্রিঙ্গার দেখিয়েছেন, করদাতাদের অর্থ অত্যন্ত বাজেভাবে খরচ করা হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে ৯৩ শতাংশ ক্ষেত্রেই বাজে খরচ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। এর মধ্যে ১০ লাখ ডলার ব্যয় হয়েছে একেবারে মেয়র বিল ডি ব্লাজিওর চোখের সামনে দিয়ে।
স্ট্রিঙ্গার জানান, ব্রুকলিন ব্রিজের নিউইয়র্ক ম্যারিয়ট হোটেলে ১১ হাজার ৯১৩ ডলার বাড়তি বিল দেওয়া হয়েছে। এর কম বাড়তি বিলের মোট পরিমাণ ১৪ হাজার ২৩ ডলার। সভা আয়োজনের জন্য হোটেলসহ বিভিন্ন স্থান ভাড়া বাবদ ব্যয় করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ১৬৭ ডলার। এর মধ্যে শিক্ষা বিভাগের এক কর্মীর সম্মানে করা আয়োজন বাবদ ব্যয় হয়েছে ১২ হাজার ৮৮৩ ডলার। অথচ নীতিমালায় বলা হয়েছে, সভা অনুষ্ঠানের ক্ষেত্রে নিজেদের ভবন, স্কুল ভবন কিংবা কম ব্যয়ে স্থান ভাড়া করাটা অগ্রাধিকার পাবে। যথাযথ দরপত্র আহ্বান ছাড়াই ২ লাখ ৬৯ হাজার ৬৮৪ ডলারের কেনাকাটা করা হয়েছে। এর মধ্যে শুধু ১৭ হাজার ৮৪৭ ডলার ব্যয় হয়েছে খাওয়া খরচ বাবদ। কোনো নথি ছাড়াই ক্রেডিট কার্ডে ১৪ কাজার ৯৫৬ ডলারের কেনাকাটা করা হয়েছে।
প্রধান হিসাব নিরীক্ষক বলেন, ‘নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোর পেছনে ৩২০ কোটি ডলার ব্যয় হয়। এই ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা বিভাগের আরও কঠোর নীতি অনুসরণ প্রয়োজন। আমাদের স্কুলগুলোর ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জরুরি। আমাদের কোনো ভাবেই অপচয় করা উচিত নয়। কারণ এই অর্থ আমাদের শিশু ও তাদের শ্রেণিকক্ষের জন্য বরাদ্দ। শিক্ষা বিভাগ তার কর্মীদের বাজে ব্যয় রুখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যা করদাতাদের হতাশ করছে। আর এই অপব্যয় আমাদের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থে ভাগ বসাচ্ছে।’
স্ট্রিঙ্গারের তদন্তে নিউইয়র্ক নগরের সাবেক শিক্ষা আচার্য কারম্যান ফ্যারিনার সিদ্ধান্তের কারণে ৬১ হাজার ডলার অপচয়ের তথ্যও উঠে আসে। ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের ছয়জন কর্মকর্তার কিউবা সফর বাতিল করার কারণে এই অর্থ অপচয় হয়। এখানেই শেষ নয়, এই সফর বাতিল করে নতুন করে ব্রাজিল সফরের সিদ্ধান্ত হয়। এ বাবদ নতুন করে ব্যয় হয় ৯৭ হাজার ডলার।
এ বিষয়ে বক্তব্য জানতে ২৭ নভেম্বর কারম্যান ফ্যারিনার সঙ্গে যোগাযোগ করে নিউইয়র্ক ডেইলি নিউজ। কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয় শিক্ষা বিভাগের মুখপাত্র বলেন, কিউবায় রাজনৈতিক অস্থিরতা চলার কারণে সফরটি বাতিল করা হয়েছিল।
নিউইয়র্ক ডেইলির প্রতিবেদনে বলা হয়, শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উচিত অন্য নগরীগুলোর শিক্ষা বিভাগের মতো করে ভ্রমণ ব্যয়-সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা তৈরি করা, যাতে জালিয়াতি বা অপচয়ের কোনো সুযোগ না থাকে। এ ক্ষেত্রে ভ্রমণ ব্যয়ের অনুমোদন আগেই নেওয়ার ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে এ সংক্রান্ত যেকোনো ব্যয়ের ক্ষেত্রে রসিদ বা এ ধরনের সুস্পষ্ট প্রমাণ হাজির করার বাধ্যবাধকতা আরোপ করা হোক। পাশাপাশি সভার জন্য নিজেদের ভেন্যুগুলোকেই যেন প্রাধান্য দেওয়া হয় সে জন্যও সুনির্দিষ্ট নীতিমালা থাকা এবং তা মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি করা প্রয়োজন। নগরীতে ১ হাজার ৮০০ স্কুল রয়েছে। এতগুলোর সম্ভাব্য সভাস্থল এড়িয়ে অন্য কোনো স্থানে সভা আয়োজনের যৌক্তিকতা নিয়ে স্বাভাবিক প্রশ্ন উঠেছে। কারণ ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে এ সম্পর্কিত নীতিমালা অগ্রাহ্য করার প্রমাণ পাওয়া গেছে স্ট্রিঙ্গারের তদন্তে।
শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক স্কুল ব্যবস্থায় যে অপচয়ের তথ্য উঠে এসেছে, তা লজ্জাজনক। কারণ একদিকে এই অপচয় চলছে, অন্যদিকে বই, শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল থেকে শুরু করে একেবারে মৌলিক শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদান সংগ্রহের জন্য অনলাইনে আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে শিক্ষা বিভাগের অনলাইন তহবিল সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ৪ হাজার ৮৭১ জন সক্রিয় তহবিল সংগ্রাহক।
ফ্রান্সিস লুইস হাইস্কুলের শিক্ষক ও শিক্ষক ইউনিয়নের প্রতিনিধি আর্থার গোল্ডস্টেইন বলেন, ‘শিক্ষকদের সামনে অর্থের জন্য হাত পাতার বাস্তবতা, আর এই কর্মকর্তারা ম্যারিয়টে থাকছেন। নিন্দার ভাষা নেই। একটি ছোট শ্রেণিকক্ষে আমাকে ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদান করতে হয়। শিক্ষার্থী-শিক্ষক অনুপাত কমানোর জন্য তাদের কাছে অর্থ নেই, অথচ হোটেলে বাড়তি বিল দেওয়ার অর্থ আছে। তাদের অগ্রাধিকার তালিকায় তাহলে কী আছে?’
নগরীর শিক্ষা বিভাগের কর্মকর্তারা স্কট স্ট্রিঙ্গারের অধিকাংশ নিরীক্ষা তথ্য ও পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেছেন। এ বিষয়ে তাঁরা ভ্রমণ-সংক্রান্ত আরও কঠোর নীতি অনুসরণ ও তদারকির ব্যবস্থা করা হবে বলে জানান।
শিক্ষা বিভাগের মুখপাত্র ডাও কোহেন বলেন, ‘বিভিন্ন ভ্রমণ ও সম্মেলন থেকে শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মীরা উপকৃত হচ্ছে। এ ক্ষেত্রে ব্যয় হ্রাসের চেষ্টা করে যাচ্ছে নগর কর্তৃপক্ষ। যেকোনো ধরনের ব্যয়ের সঙ্গে যেন আমাদের শিক্ষার্থীদের উপকৃত হওয়ার বিষয়টি জড়িত থাকে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’