‘শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বই আফগানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার তালেবানদের হাতে কাবুল পতনের পর অনেক আফগান দেশ ছাড়তে মরিয়া
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগান অভিবাসীরা নিজেদের দেশের নাজুক পরিস্থিতি নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। তাঁরা বলছেন, সঠিক কোনো পরিকল্পনা ছাড়াই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করেছে। অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্যও মার্কিন প্রশাসনের কোনো পরিকল্পনা ছিল না। আফগান অভিবাসী জনপ্রতিনিধি আইশা ওহাবের মতে, শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বই আফগানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বহু জাতি-গোষ্ঠীর দেশ যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবমতে দেড় লাখের বেশি আফগান জনগোষ্ঠীর বসবাস। বেসরকারি হিসাবে এ সংখ্যা তিন লাখের বেশি।

নিউইয়র্কসহ বড় বড় নগরী ও প্রান্তিক আমেরিকায় আফগান খাবার বেশ জনপ্রিয়। সড়কপথে দেখা যায়, আফগান লোকজন খাবারের ভ্রাম্যমাণ দোকান নিয়ে পসরা সাজিয়েছেন। স্বল্পমূল্যে প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের খাদ্যসংস্কৃতির জন্য আফগান লোকজন আমেরিকায় ব্যাপকভাবে পরিচিত।

সান ফ্রান্সিসকো নগরীর বে এরিয়ায় সবচেয়ে বেশি আফগান অভিবাসীদের বসবাস। এ সংখ্যা ৬০ হাজার থেকে লাখের কাছাকাছি। এসব আফগানদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।

মার্কিন সংবাদমাধ্যমে এসব আফগান অভিবাসীর ক্ষোভ ও হতাশার কথা গুরুত্বের সঙ্গে আসছে। তাঁদের প্রতি আমেরিকার লোকজনকে সমবেদনা জানাতে দেখা গেছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক স্বেচ্ছাসেবী আফগান নাগরিক সংগঠন আফগান কোয়ালিশনের নির্বাহী পরিচালক রনা পোপেল বলেছেন, আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভবিষ্যৎ কর্মকৌশল নেই। নেই কোনো পরিকল্পনা। এ নিয়ে আমেরিকায় থাকা আফগান অভিবাসীরা চরম হতাশ ও ক্ষুব্ধ।

নব্বইয়ের দশক থেকে আফগান কোয়ালিশন অভিবাসনের নানা দিক দেখভাল করছে। গত রোববার তালেবানদের হাতে কাবুলের পতনের পর সংগঠনটির অফিসের বিরামহীন ফোন আসছে। আফগানিস্তান থেকে বহু লোক কোয়ালিশনের কাছে সাহায্য প্রত্যাশা করছে বলে জানান রনা পোপেল।

আমেরিকায় থাকা আফগান লোকজনের আত্মীয়স্বজন দেশে তালেবানদের ভয়ে শঙ্কিত। তাঁদের নিয়ে আসার জন্য আমেরিকায় বসবাসরত আফগান লোকজন মরিয়া হয়ে এখনে-সেখানে যোগাযোগ করছেন।

রনা পোপেল বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এ মুহূর্তে কোনো সাহায্য করতে পারবে না। কিছু লোককে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনার কথা বলা হচ্ছে। যদিও গত ২০ বছর মার্কিন বিভিন্ন সংস্থা ও কন্ট্রাক্টরদের সঙ্গে কাজ করা আফগান লোকজনের মধ্যে ঠিক কতজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে কিংবা কীভাবে আনা হবে, সে সম্পর্কে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যাচ্ছে না।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রও খান্না বলেছেন, তাঁর এলাকায় বসবাসরত আফগান লোকজন হতাশ। তাঁরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আফগান কোয়ালিশনের কাছে থেকে জানা গেছে, যেসব আফগান অভিবাসী তাঁদের পরিবার-আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে ইচ্ছুক, তাঁদের বিশেষ ভিসার জন্য একটি ফরম পূরণের ওয়েব লিংক দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আফগান লোকজনের একাধিকবার ব্যাপক অভিবাসন ঘটেছে। রাশিয়ার দখলদারির সময় প্রথমবার। নব্বই দশকের শুরুতে আফগানিস্তানের গৃহযুদ্ধের সময় দ্বিতীয়বার। ১৯৯৬ সালে তালেবানের ক্ষমতা দখলের সময় তৃতীয়বার। এখন আবার তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর আফগান লোকজনকে বিশেষ অভিবাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের মধ্য থেকে প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হেইওয়ার্ড সিটির কাউন্সিলর আইশা ওহাব। তিনি বলেন, তালেবানের আফগানিস্তান দখলের মধ্য দিয়ে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নিষ্পেষণের শিকার হবে। গত ২০ বছরে নারীশিক্ষা ও শিশু উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সব বাতিল করে তালেবান নিজেদের মতো কাজ করতে থাকবে।

আইশা ওহাব বলেন, আমেরিকা আফগানিস্তানের সংস্কৃতি বুঝতে পারেনি। তারা আফগানিস্তানে গিয়ে পশ্চিমা গণতন্ত্রের কথা বলেছে। ৯৯ শতাংশ মুসলমান ও রক্ষণশীল দেশে নারীদের বোরকা খুলে ফেলার কথা বলা হয়েছে।

হতাশা ও ক্ষোভের সঙ্গে আইশা ওহাব বলেন, ‘গত ২০ বছর আফগান লোকজনকে বলা হয়েছে তালেবান জঙ্গি। কিন্তু সেই জঙ্গিদের সঙ্গেই সমঝোতা করতে বলা হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বই আফগানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’