শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ড্রামা সার্কেল নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রামা সার্কেল নাইটে আগত অতিথিরা
ড্রামা সার্কেল নাইটে আগত অতিথিরা

নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের সমান্তরাল গড়ে ওঠা সংগঠন ড্রামা সার্কেল। গত পঁচিশ বছরের পথচলায় কমিউনিটির বহু শুভাকাঙ্ক্ষী ড্রামা সার্কেলের সঙ্গে জড়িয়ে গেছেন। তাদের নিয়ে ও তাদের সম্মানে ৮ মার্চ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হলো জমজমাট ড্রামা সার্কেল নাইট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। এতে বিশেষ সম্মাননা জানানো হয় ৩৩তম ফোবানা সম্মেলনের দুই টাইটেল স্পনসর উৎসব গ্রুপের কর্ণধার রায়হান জামান ও টাউন এম ডি গ্রুপের কর্ণধার রাহাত আল মুক্তাদিরকে। অনুষ্ঠানে ড্রামা সার্কেলের সদস্যরা মঞ্চায়ন করেন সেলিম আল দীনের নাটক ‘বনপাংশুল’। সংগীত পরিবেশন করেন আলেয়া ফেরদৌসী, লেমন চৌধুরী, ফারহানা তুলি, কান্তা আলমগীর, শারমিন মোহসিন, চন্দন চৌধুরী ও ফোবানা ২০১৯ মিউজিক আইডল ঋতিকা ব্যানার্জি। কবিতা আবৃত্তি করেন ড. বিলকিস দোলা।

ড্রামা সার্কেল নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় একটি ঐতিহ্যবাহী বাংলাদেশি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে ড্রামা সার্কেল ২৩টি পূর্ণাঙ্গ নাটক মঞ্চায়ন করেছে। এর মধ্যে হেনরিক ইবসেনের ডলস হাউস অবলম্বনে নাটক ‘না’ পরিচালনা করেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সালেক খান। জে বি প্রিসলির ‘এন ইন্সপেক্টর কলস’ অবলম্বনে নাটক, ‘নিঃশব্দ ঘুণপোকা’ পরিচালনা করেন নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন। এ ছাড়া নগুগী ওয়াথিয়োংগোর নাটক ‘আই উইল মেরি হোয়েন আই ওয়ান্ট’ অবলম্বনে ‘শরিয়তি শাদি’, মুনির চৌধুরীর নাটক ‘জমা খরচ ইজা’, মমতাজ উদ্দিন আহমেদের নাটক ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, আব্দুল্লাহ আল মামুনের নাটক ‘এখন দুঃসময়’ এবং সিরাজ হায়দারের নাটক ‘কালের সাক্ষী’ অন্যতম।

‘নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ স্লোগান নিয়ে ২৫ বছর আগে ১৯৯৪ সালে নিউইয়র্কে যাত্রা করে ড্রামা সার্কেল নিউইয়র্ক। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন নার্গিস আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন রিপা আহমেদ। সংগঠনের বর্তমান সভাপতি আবীর আলমগীর ও সাধারণ সম্পাদক পলাশ পিপলু। গত বছর নিউইয়র্কের নাসাউ কলিসিয়ামে ড্রামা সার্কেলের পরিচালনায় অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সফল আয়োজন ৩৩তম ফোবানা সম্মেলন।

ড্রামা সার্কেলের সভাপতি আলমগীর বলেন, ‘বাংলাদেশে পয়লা বৈশাখের দিন ছায়ানট যেভাবে বিশাল আয়োজনে বর্ষবরণ করে, ঠিক সেভাবে ড্রামা সার্কেল নিউইয়র্কে গত ২৫ পঁচিশ বছর ধরে উদ্‌যাপন করছে বর্ষবরণ।’

ড্রামা সার্কেলের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ নারী দিবসের সন্ধ্যায় ড্রমা সার্কেলের আয়োজনে সমবেতদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিশ্বের সব নারী আজ সমানতালে এগিয়ে যেতে পারলে, বঞ্চিত না হলে আলাদা নারী দিবস পালন করতে হতো না। সততার সাথে আমাদের কাজ করতে হবে।’

ড. বিলকিস দোলা বলেন, ‘বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের একজনও যদি নার্গিস আহমেদের মতো এগিয়ে আসতে পারেন, তবে আমাদের এসব প্রয়াস অর্থবহ হতে পারে।’

করোনাভাইরাসের কারণে বিদ্যমান আতঙ্কের মধ্যেই ড্রামা সার্কেল নাইটে নিউইয়র্কের জনসমাজের উপস্থিতি ছিল লক্ষণীয়। কথায়, সংলাপে, সংগীত ও আবৃত্তিতে সন্ধ্যাটি উপভোগ্য হয়ে উঠেছিল সবার কাছে। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার জলাধারের কাছে নিয়ন আলোয় হৃদয়কাড়া সংলাপ ও সংগীতে আসরে জমে ওঠে। হলরুমের একপাশে সাজানো ছিল দেশীয় খাবার।