শুরু হচ্ছে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এক্সপো
যুক্তরাষ্ট্রের রাজধানীতে ১৭ নভেম্বর শুরু হচ্ছে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এক্সপো। জাতিসংঘ ও অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের যৌথ উদ্যোগে আয়োজিত এই বহুমুখী এক্সপোর অন্যতম উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণ।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেন বর্তমানে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন। এক্সপোতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারিভাবে একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাচ্ছে।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত আবদুল মোমেন জানান, মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এক্সপোতে বাংলাদেশ তার সেই সাফল্যের অভিজ্ঞতা অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাবে।
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, যা ইতিপূর্বে ‘উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা’ (টিসিডিসি) নামে পরিচিত ছিল, ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে প্রতিষ্ঠিত হয়। দুই বা ততোধিক উন্নয়নশীল দেশ ও তাদের উন্নয়ন অংশীদারদের অংশগ্রহণে সম্পাদিত এই সহযোগিতা কর্মসূচির আওতায় রয়েছে দারিদ্র্য দূরীকরণ, খাদ্যনিরাপত্তা ও পুষ্টি, স্বাস্থ্য ও জনসংখ্যা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও জ্বালানি।
আবদুল মোমেন বলেন, চিহ্নিত প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ তার সাফল্যের জন্য পরিচিত। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা মডেলের অন্যতম বৈশিষ্ট্য হলো দুই বা ততোধিক উন্নয়নশীল দেশের সঙ্গে শিল্পোন্নত দেশগুলোর সমন্বিত অংশগ্রহণ।
২০০৮ সালে শুরু হওয়া এ এক্সপোর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলো নিজেরাই তাদের সমস্যা সমাধানে যেসব সফল পদক্ষেপ গ্রহণ করেছে, তা তুলে ধরা। এ বছরের এক্সপোর কর্মসূচিতে রয়েছে মোট আটটি আলোচনা অধিবেশন। আলোচিত বিষয়ের মধ্যে থাকবে ইবোলা ব্যাধির প্রতিকার, খাদ্যনিরাপত্তা ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা, সরকারি-বেসরকারি খাতে সহযোগিতা সম্প্রসারণ, জ্ঞান নির্বাহ ও ‘ক্রাউড সোর্সিং’-এর ক্ষেত্রে সহযোগিতা এবং ‘সবুজ অর্থনীতি’। এ ছাড়া থাকবে উন্নয়ন সহযোগিতা প্রশ্নে একটি উচ্চপর্যায়ের ফোরাম ও তিনটি মিনি ফোরাম।