শুরু হলো কেনাকাটার মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামটা ব্ল্যাক হলেও আসলে সে ব্ল্যাক নয়, বরং আমেরিকার ব্যবসা সবচেয়ে চাঙা থাকে এই দিনটাতে। থ্যাংকসগিভিং ডের পরের দিনটাই ব্ল্যাক ফ্রাইডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার উদ্‌যাপিত হয় থ্যাংকসগিভিং ডে। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। প্রকৃতপক্ষে ব্ল্যাক ফ্রাইডে দিয়েই শুরু হয় ক্রিসমাসের কেনাকাটার মৌসুম। ১৯৫২ সাল থেকে এই ধারা চালু হয়ে এখন পর্যন্ত চলছে এবং দিন দিন এর ব্যাপ্তি বাড়ছে। যদিও ১৯৮০ সালের আগে ব্ল্যাক ফ্রাইডে নামটা এত পরিচিত ছিল না অনেকের কাছে। আবার আমেরিকার সব স্টেটে এটি সমানভাবে পালিতও হতো না।

এটি আমেরিকার নিজস্ব উৎসব হলেও এখন এটি ছড়িয়ে গেছে কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, সুইডেন, মেক্সিকোসহ অনেকগুলো দেশে। ব্ল্যাক ফ্রাইডেতে খুব সকালে দোকানপাট খুলে যায়। অনেকে সারা রাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কারণ এদিন সর্বত্র বছরের সবচেয়ে কম দামে সবকিছু বিক্রি হয়। বেশির ভাগ অঙ্গরাজ্যে থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডেতে সরকারি ছুটি থাকে। স্কুল বন্ধ থাকে সর্বত্র। পরের দুদিন অর্থাৎ শনি ও রোববার নিয়মিত ছুটির দিন হওয়াতে, পরিবারের সবাই মিলে চার দিনের একটা ছুটির উৎসব পালন করে।
এই চার দিন ছুটির পরে আবার আসে ‘সাইবার মানডে’। অর্থাৎ থ্যাংকসগিভিং ছুটির পরের কর্মদিবসে; এই দিনটিতে সমস্ত মার্কেটিং কোম্পানি সবাইকে উৎসাহিত করে অনলাইন শপিংয়ের ব্যাপারে। অ্যালেন ডেভিস ও স্কট সিলভারম্যান এই দিবসের উদ্যোক্তা। তারা ২০০৫ সালের ২৮ নভেম্বর ‘সাইবার মানডে’ শীর্ষক দিনটি চালু করেন। তারপর থেকেই এ দিন হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে সেরা অনলাইন শপিং ডে। ২০১৭ সালে সাইবার মানডেতে রেকর্ড ৬৫৯ কোটি ডলারের পণ্য বিক্রি হয় আমেরিকাজুড়ে, যা ২০১৫ সালের ২৯৮ কোটি ও ২০১৪ সালের ২৬৫ কোটি ডলারের তুলনায় অনেক বেশি। সাইবার মানডে এখন অনেকটা ব্ল্যাক ফ্রাইডের অনলাইন সংস্করণ হয়ে দাঁড়িয়েছে। এ দিন ছোট ছোট রিটেইলারদের সুযোগ থাকে বড় বড় চেইন শপগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার। কখনো ব্ল্যাক ফ্রাইডের চেয়ে সাইবার মানডেকে অনেকে এগিয়ে রাখেন। কারণ সারা পৃথিবীজুড়ে সবাই অনলাইনের মাধ্যমে সাইবার মানডেতে কেনাকাটার সুযোগ পান।
ব্ল্যাক ফ্রাইডেতে অনেক মৌসুমি বিক্রেতারও আবির্ভাবও হয়। যারা হয়তো সারা বছর অন্য কোনো পেশায় যুক্ত থাকে, কিন্তু ব্ল্যাক ফ্রাইডেতে বনে যায় এক দিনের ব্যবসায়ী। যে কারণে ২০০৫ সাল থেকে ব্ল্যাক ফ্রাইডে অবধারিতভাবে আমেরিকার ব্যস্ততম কেনাকাটার দিন। আর সে সঙ্গে এটাও সত্যি যে, এদিন থেকে প্রকৃতপক্ষে আমেরিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী কেনাকাটার মৌসুম শুরু হয়, যা শেষ হয় বছরের শেষ দিনে। ব্ল্যাক ফ্রাইডেতে সবার কেনাকাটার ভিড় সামলাতে বড় বড় ব্র্যান্ডের মালিকেরা নতুন একটা উদ্যোগ নিয়েছে। তারা একটা দিনে কেনাকাটাকে কেন্দ্রীভূত না রেখে নভেম্বরের চতুর্থ শুক্রবার থেকে শুরু করে পুরো ডিসেম্বরজুড়ে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা নিয়েছে। এ জন্য অনেক রিটেইলারও নভেম্বর-ডিসেম্বরের পুরো সময়জুড়ে মূল্যছাড়ের ব্যবস্থা রাখে, যাতে করে কোনো একটা নির্দিষ্ট দিনে মানুষ কেনাবেচার জন্য হুমড়ি খেয়ে না পড়ে।
ব্ল্যাক ফ্রাইডে শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল ফিলাডেলফিয়ায়। কারণ হিসেবে বলা হয় থ্যাংকসগিভিংয়ের পরের শুক্রবারে রাস্তাঘাটে মানুষের ঢল নামে, আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে শহরজুড়ে। ১৯৬১ সালের দিকে প্রথম দিনটাকে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে অভিহিত করে ফিলাডেলফিয়ানরা। তার প্রায় কুড়ি বছর পর সর্বত্র নামটি ছড়িয়ে পড়ে। এভাবেই আমেরিকান রিটেইলারদের সবচেয়ে বেশি মুনাফা করার দিনটি হয়ে যায় ব্ল্যাক ফ্রাইডে।
অনেক বছর ধরে এই দিনটাতে রিটেইলদের স্বাভাবিক নিয়ম ছিল তারা দোকান খুলবে সকাল ৬টায়। কিন্তু ২০০০ সাল থেকে ক্রেতার ভিড় সামলাতে কেউ ৫টায়, কেউবা ৪টায় দোকান খুলে বসে থাকে। এই আগেভাগে দোকান খোলাটা প্রতিযোগিতায় রূপ নেয় ২০০৫ সাল থেকে। টার্গেট, কোহল, মেসি, বেস্ট বাই কিংবা বিয়ালসের মতো বড় বড় চেইনশপ মধ্যরাত থেকে দোকান খুলে রাখা আরম্ভ করে। রয়েছে ওয়ালমার্টের মতো কিছু রিটেইলার, যারা থ্যাংকসগিভিং ডের রাত ৮টা থেকে দোকানপাট খুলে আর বন্ধই করে না। এতে করে দোকানের কর্মীরা সারা দিন বিশ্রাম নিয়ে সারা রাত কাজ করার সুযোগ পায়। ওয়ালমার্টের মতো জেসি পেনি, সিয়ার্স, টার্গেটও এখন সারা রাত দোকান খোলা রাখে।
এই কেনাবেচার হুড়োহুড়ি, আর কার আগে কে কিনবে এই প্রতিযোগিতার মধ্যে অনেক সময় সন্ত্রাসী ঘটনাও ঘটে। ২০০৬ সাল থেকে এই পর্যন্ত আমেরিকাজুড়ে এমনই কিছু ঘটনায় ১০ জনের মৃত্যু ও ১১১ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। যারা সারা রাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে জায়গা রাখা নিয়ে এসব মারামারির ঘটনা ঘটে। অনেক সময় তারা ‘ইমার্জেন্সি এক্সিট’ ও ‘ফায়ার লাইন’-এর জন্য নির্ধারিত স্থানও বন্ধ করে দেয়। একবিংশ শতাব্দীতে এসে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে, আমেরিকার নিজস্ব এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়। প্রবাসী বাঙালিরাও অন্যান্য অভিবাসীদের মতো দিনটা উপভোগ করে। মেসি, জেসি পেনি, টার্গেট, মার্শাল, গ্যাপ, চিলড্রেন প্যালেসসহ বড় বড় স্টোরগুলোতে গেলে বাঙালিদের ঢল বলে দেয় তারা কতখানি একাত্ম এই দিনটির সঙ্গে।