শুরুতেই রিকার্স আইল্যান্ড বন্ধে পদক্ষেপ ব্লাজিওর

নিউইয়র্কের বিতর্কিত কারাগার রিকার্স আইল্যান্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র বিল ডি ব্লাজিও। এখন নির্বাচনে জয়ের পর কারাগারটি স্থানান্তরের জন্য উপযুক্ত স্থান খুঁজতে পরামর্শক নিয়োগের উদ্যোগ নিয়েছেন তিনি।
এক দশকের মধ্যে রিকার্স আইল্যান্ড বন্ধ করার প্রতিশ্রুতি রয়েছে ডি ব্লাজিওর। আর এ প্রতিশ্রুতি রক্ষায় ১৬ নভেম্বর একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ঘোষণা দিয়েছে সিটি হল। এতে বলা হয়, ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্সের কারাগারে কী পরিমাণ কয়েদি রাখা যাবে এবং এসব কারাগার সম্প্রসারণের সুযোগইবা কতটা, সে বিষয়ে জানতে অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান খুঁজছে শহর কর্তৃপক্ষ। একই সঙ্গে এ পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে নতুন ছোট ছোট কারাগার স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণেও পরামর্শ নেওয়া হবে।
এ বিষয়ে এক বিবৃতিতে ডি ব্লাজিও বলেন, ‘রিকার্স আইল্যান্ডের কারাগার বন্ধ করে ছোট ও নিরাপদ কারাগারে কয়েদিদের স্থানান্তরের নৈতিক বাধ্যবাধকতা আমাদের রয়েছে। আর একে বাস্তবে রূপান্তরের জন্য আমরা নতুন স্থান খুঁজছি।’
রিকার্স আইল্যান্ড বন্ধ করলে নিউইয়র্ক শহরের কারাগারগুলোর কয়েদি ধারণক্ষমতা প্রায় অর্ধেকে নেমে আসবে। বর্তমানে শহরটির বিভিন্ন কারাগারে ৯ হাজার ২০০ জন বন্দী রয়েছেন। রিকার্স আইল্যান্ড হলে এ সংখ্যা কমে পাঁচ হাজারে দাঁড়াবে।
কয়েদি ধারণক্ষমতা সংকোচনের আশু এ সংকটের কথা মাথায় রেখে রিকার্স আইল্যান্ড বন্ধের সুপারিশ করা কমিশন প্রতিটি বোরোর আদালত প্রাঙ্গণের কাছেই ছোট ছোট কারাগার স্থাপনের পরামর্শ দিয়েছিল। কিন্তু এ পরিকল্পনাকে খারিজ করে দিয়েছেন ডি ব্লাজিও।