শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রংপুরে যাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শনে যেতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ১৮ নভেম্বর আন্তর্জাতিক একটি সেমিনারের পর দেওয়া এক বিবৃতিতে নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রতি এই আহ্বান জানান।
বিবৃবিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দুই নেত্রী রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গিয়েছিলেন, কিন্তু নাসিরনগর যাননি। তাই এবার তাদের রংপুর যাওয়া উচিত। কারণ রংপুরের ক্ষতিগ্রস্তরা বাংলাদেশের নাগরিক। বড় দুই দলের সাধারণ সম্পাদক যথাক্রমে ওবায়দুল কাদের এবং ফখরুল ইসলাম রংপুর যাওয়ায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, রংপুর বা নাসিরনগরের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে বড় দুই দলকে আন্তরিক হতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর সফরে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতারা। কিন্তু তাঁর আমলে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও স্মরণ করিয়ে দেন তাঁরা। নিরপরাধ টিটু রায়ের গ্রেপ্তারের সমালোচনা করে অভিযোগ করা হয়, মৌলবাদীদের খুশি রাখতেই তাকে অকারণে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে বিবৃতিতে অবিলম্বে টিটু রায়ের মুক্তি দাবি করা হয়।
বিবৃতিতে সংখ্যালঘু নেতৃবৃন্দ একই সঙ্গে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের (নিউইয়র্ক) সভাপতি নবেন্দু বিকাশ দত্ত; ইউরোপীয় ঐক্য পরিষদের (সুইডেন) সভাপতি তরুণ কান্তি চৌধুরী; বাংলাদেশ মাইনরিটি কোয়ালিশনের (জেনেভা) সভাপতি অরুন বড়ুয়া; ইউকে সেক্যুলার ফোরামের সভানেত্রী (লন্ডন) পুষ্পিতা গুপ্ত; ইউরোপ ঐক্য পরিষদের সভাপতি (ফ্রান্স) উদয়ন বড়ুয়া; ফ্রান্স ঐক্য পরিষদের (প্যারিস) সভাপতি স্বদেশ বড়ুয়া, বাংলাদেশ মাইনরিটি রাইটস মুভমেন্টের সভাপতি শুভ রায়; মাইনরিটি রাইটস অ্যালায়েন্সের (টরন্টো) সভাপতি অরুন দত্ত; ঐক্য পরিষদের (মন্ট্রিল) সভাপতি দিলীপ কর্মকার; সুইডেন হিন্দু ফোরামের সভানেত্রী চিত্রা পাল; ড. সান্তায়ন কবিরাজ (লন্ডন); অজন্তা দেব রায় (লন্ডন); ক্যাম্বের (কলকাতা) সভাপতি ড. মোহিত রায়; জ্যামাইকা হিন্দু কমিউনিটির প্রিয়তোষ দে; ক্যালিফোর্নিয়া ঐক্য পরিষদের সভাপতি ড. নিরঞ্জন রায়; তরুণ চক্রবর্তী (রাশিয়া); সুশীল সাহা, (নিউইয়র্ক); লুনা কবিরাজ, (বাংলাদেশ) এবং শিতাংশু গুহ (যুক্তরাষ্ট্র)।
এদিকে ১৮ নভেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলনে সংখ্যালঘু মানবাধিকার নেতৃবৃন্দ রংপুর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা রংপুরে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসন চাইলে এ ঘটনা ঠেকানো যেতো। সংখ্যালঘু নেতৃবৃন্দ রংপুরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অপরাধীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বলেন, রামু, অভয়নগর, নন্দীরহাট, লংগদু, নাসিরনগরসহ অনেক জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলেও এখনো কারও বিচার হয়নি এবং কেউ শাস্তি পায়নি।
বক্তারা বলেন, রংপুর থেকে বিচার শুরু হোক। সংখ্যালঘু নির্যাতনের বিচারে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই ট্রাইব্যুনালে এরশাদ আমলে দাঙ্গা থেকে সব ঘটনা বিচারের আওতায় আনা হোক।
নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন, ২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তদন্ত কমিটির সুনির্দিষ্ট সুপারিশ থাকলেও আজও বিচারের কাজ শুরু হয়নি। বিচারহীনতা একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিচারকাজ শুরু হওয়া দরকার।
সম্মেলনে নেতারা গ্রেপ্তার করা বিজেপির নেতা মিঠুন চৌধুরীর মুক্তি দাবি করেন। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ ও প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ নিয়ে যা ঘটেছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান নেতৃবৃন্দ এবং বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।