শেখ হাসিনাকে স্বাগত জানাবে জাতীয় পার্টি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে তাঁর আগমন উপলক্ষে তাঁকে স্বাগত, শুভেচ্ছা ও সম্মান জানাতে যাবতীয় কার্যাদি সম্পাদনের লক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহাবুব আলী বুলু। সভা পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। এ ছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজি আবদুর রহমান, সহসভাপতি আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি খন্দকার আলী নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, দপ্তর সম্পাদক শফিউল আলম, শ্রম বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ, যুগ্ম মহিলা সম্পাদক ফারদিন আহমেদ স্বর্ণা, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, নিউইয়র্ক স্টেট সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টি নিউইয়র্ক সিটির সভাপতি শুভংকর গাঙ্গুলি অনিক প্রমুখ।
সভাপতি মাহাবুব আলী বুলু তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে তাঁকে স্বাগত জানানো হবে এবং সরকারের সব উন্নয়নমূলক কার্যক্রম বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু তাঁর বক্তব্যে জাতীয় পার্টির সব নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে সফল করার জন্য সহযোগিতার করা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।