শেখ হাসিনার জন্মদিন আয়োজনে বিভক্ত আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানের যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা–কর্মীদের দেখা যায়নি
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কোনো নেতা–কর্মীকে অংশ নিতে দেখা যায়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চলছে আলোচনা–সমালোচনা। অনুষ্ঠান করা না–করা নিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা–কর্মীদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন উদ্যোগে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড ওজনের কেক কাটা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া কেক কাটেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেতা আবু তালেব, মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বা দলের অঙ্গ সংগঠনের কোন নেতা–কর্মীকে দেখা যায়নি।

বিকেলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। সেখানেও ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি প্রথম আলো উত্তর আমেরিকার কাছে দাবি করেন, ‘২০১৮ সালে প্রয়াত নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীকে কৌশলে ওপরের মহলে তদবির করে সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী অনাকাঙ্ক্ষিতভাবে অব্যাহতি দেন। বিষয়টি প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার নজরে আসলে তাঁর নির্দেশে জাকারিয়া চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে তাদের অনুষ্ঠানে আমরা জানায়নি।’ তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানেও তাঁরা দাওয়াত পাননি।

তবে আবদুল কাদের বলেন, ‘আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। কিন্তু একইদিনে একাধিক অনুষ্ঠানের ব্যস্ততা থাকায় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কোন নেতা–কর্মী অনুষ্ঠানে আসতে পারেননি বলে শুনেছি।’

তবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আওয়ামী লীগের মহানগর শাখা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীদের মধ্যে দলীয় কোন্দল রয়েছে। মহানগর আওয়ামী লীগ ও ফাউন্ডেশনের কার্যকরী কমিটিতে উভয় সংগঠনের লোকজন ভাগাভাগি করে আছেন। যুক্তরাষ্ট্র শাখার কেন্দ্রীয় কমিটির সঙ্গে এই দুই সংগঠনের কোন্দল রয়েছে। তাই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হয় নি।