শেখর ভট্টাচার্যের দুটি কবিতা
মেঘমালার মহাকাব্য
চেরাপুঞ্জির পাহাড় থেকে, কিশোরী মেয়ের বিনুনীর মতো, দোল খেতে খেতে,
মেঘমালারা ভেসে আসে, খাসিয়া, জৈন্তিয়ার কোলে, কোলে।
সবুজ গালিচার ঢেউয়ের মতো, পাহাড় থেকে শোনা যায়,
প্রপাতের নিঃশব্দ সংগীতের ধ্বনি, কী মধুর সুর মূর্ছনা...।
বিষাদের নয়তো জীবনের মধুরতম সংগীতের?
ত্রিকালজ্ঞ...রোমান্টিক যুগের কবিরা বলতেন,
গভীর বিষাদের সুর মূর্ছনা, অন্তর প্লাবিত করে মধুরতম সংগীতে,
অমৃত সুরের ধারা অন্তরে অনুরণন তুলে,
কুর্নিশ করে সেই স্বপ্ন নিয়ে খেলা করা কবিদের।
মায়াময়, উদাস করা সুর লহরি,
পাহাড় থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ে,
হাওরের উদাস করা জলরাশির সীমাহীন, স্নেহশীল বুকের গভীরে।
অমরাবতীর সংগীতের সুধা,
হাওরের উচ্ছল ঢেউয়ের তালে
মাতাল করে তুলে দার্শনিক, কবিদের উন্মন হৃদয়কে।
হাসন পাগল হয় ‘সোনাবন্দের’ রূপের ঝলকে...
ভূমির মায়ার টান ম্লান করে,
পিয়ারীর আকুল প্রেমের আহ্বান।
রাধারমণ, আকরুম, সহিতা বানু থেকে শাহকরিম
কতো কতো নাম...
তাঁরা রঙের দুনিয়ায় খুঁজে ‘বন্দের পিরিতি’...
সবুজ পাহাড় আর অনন্ত হাওর জনপদ হয় ক্যানভাস,
আকুল বাউল দল, তুলি নিয়ে বসে যায় অমর ছবির প্রার্থনায়...
কত শত ছবি আঁকা হয়ে যায় উদাসী সুরের মূর্ছনায়।
ঢেউ খেলে যায়, ক্রমাগত ঢেউ খেলে যায়, যুগান্তরের হাওয়ায় হাওয়ায়।
ধ্যানমগ্ন ঋষি ও ধাবমান ঘোড়ার সওয়ার
অন্ধকারের কৃষ্ণ গহ্বরে, আলোক শিখা দিয়ে ছবি এঁকে, এঁকে,
কৃষ্ণ পক্ষে জ্যোৎস্নার প্লাবনে উন্মাতাল ঢেউ তুলে এগিয়ে যান যিনি,
যুগ দ্রষ্টা, কাল দ্রষ্টা, সৃষ্টি ও ধ্বংসের বীণা বাদক, কল্পতরু শব্দের স্থপতি,
জল, স্থল, অন্তরিক্ষ, ইন্দ্রিয় এবং অতীন্দ্রিয় জয়ী, মন, মনান্তরে পাল তোলা নৌকার মতো
দাঁড় বেয়ে যান যিনি, তিনিই তো মহাজগতের চিত্রকর কিংবা কবি।
কবির হৃদয় অহর্নিশি পরিপূর্ণ থাকে অমরাবতী থেকে ভেসে আসা মধুর সুর মূর্ছনায়।
কবি-তো দ্রোহের হন, আবার ভালোবাসার পবিত্র সুধার মতো ছড়িয়ে পড়েন।
কবি ধ্যানমগ্ন ঋষি, ধাবমান ঘোড়ার সওয়ার,
স্ফুলিঙ্গের মতো সংশপ্তক কোনো সৈনিক,
বিষাদে নিমগ্ন চিত্রকর, অনাদিকালের এক রহস্যময় ফসিল,
মধুরতম সংগীতের ধ্বনি, প্রতিধ্বনি, অনুরণন তুলে তুলে,
স্বর্গীয় জোছনার রং দিয়ে, সবুজ গালিচায় ছবি এঁকে যান কবি।
সকল সুন্দরের মধ্যে যেমন সত্য লুকায়িত,
সকল সত্যের মধ্যেও কবি থাকেন প্রখর সূর্যের মতো
তাঁর প্রখরতা উদ্দীপ্ত করে, উজ্জীবিত করে হৃদয়ের বিরান উঠোন।
তাঁর আলোকের মধুর তীক্ষ্ণতা, বেনোজলের দুর্গন্ধময় আবর্জনাকে,
কেমন এক মায়াময় সবুজ উদ্যানে পরিণত করে।
‘অর্ফিয়াসের বাঁশরী’র সুরে জয়ধ্বনি উঠে, মহামানবের মহাউদ্যানে।
কবি অতৃপ্ত, চীর তৃষ্ণার্ত, মহাকালের এক বাউল পথিক।
সমুদ্রের উন্মাতাল ঢেউ আর প্রপাতের নিঃশব্দ সংগীতের ধ্বনি হৃদয়ে ধারণ করে
কবি সম্পূর্ণ হন,
আধুনিক কোনো প্রাচীর, কিংবা উপকথার লক্ষণ রেখা কবিকে আবদ্ধ করে না,
মেঘাবৃত কালো আকাশ ভেদ করে কবি এগিয়ে যান দৃপ্ত পদক্ষেপে,
এগিয়ে যান মহামিলনের জয় গান গেয়ে বাজিয়ে প্রেমের তূর্য।
দ্রোহ, প্রেম, ভালোবাসা নিয়ে, জেগে ওঠে কবি, মহাপৃথিবীর অখণ্ড এক সূর্য।