শেবাচিম অ্যালামনাইয়ের রেসিডেন্সি প্রার্থীদের জন্য কর্মশালা
শেবাচিম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে যুক্তরাষ্ট্রে রেসিডেন্সি প্রার্থী বাংলাদেশি চিকিৎসকদের জন্য গত সপ্তাহ থেকে তিন মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
প্রতি রোববার নিউইয়র্ক সময় রাত সাড়ে আটটা পৌনে ১০টা পর্যন্ত জুম ভিডিওর মাধ্যমে মোট ১২ সেশনের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম সেশনের উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট আজমল ইউসুফ ও জেনারেল সেক্রেটারি শাহ নাজমুল আলম। সায়েন্টিফিক ও পাবলিক রিলেশন সেক্রেটারি হাফসা সিদ্দিকা ইমাম অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন। প্রথম সেশনে রেসিডেন্সির আবেদন সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ফিজিশিয়ান-সায়েন্টিস্ট হামীম ইবনে কাওছার।
দ্বিতীয় সেশনে পারসোনাল স্টেটমেন্ট লেখার ওপর আলোচনা করেন নিউইয়র্ক লাইফের করপোরেট ভাইস প্রেসিডেন্ট রাইয়ান আলম ও জেরিয়াট্রিশিয়ান এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট আবু নাসার।
অর্ধ শতাধিক বাংলাদেশি চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন অ্যালামনাইয়ের অর্গানাইজিং সেক্রেটারি আনন্দ কুমার মালো, ফাইন্যান্স সেক্রেটারি শাহেদ হাসনায়েন ও ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি আনোয়ার হোসেন।
কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রপ্রবাসী রেসিডেন্সি প্রার্থী বাংলাদেশি চিকিৎসকদের [email protected] এই ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।